ভূমিকা :

ইসলাম একটি পরিপূর্ণ জীবনবিধান। এ জীবনবিধান অহিনির্ভর। অহি দুই প্রকার। ১. পঠিত অহি তথা আল-কুরআন এবং ২. অপঠিত অহি তথা হাদীছ। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, أَلاَ إِنِّى أُوتِيتُ الْكِتَابَ وَمِثْلَهُ مَعَهُ ‘জেনে রাখো! আমি কুরআন প্রাপ্ত হয়েছি ও তার ন্যায় আরেকটি বস্তু’।[1] এখানে কুরআন হল পঠিত অহি এবং তার ন্যায় আরেকটি বস্তু হল হাদীছ, যা অপঠিত অহি।[2] রাসূল (ছাঃ) বিদায় হজ্জের ভাষণে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا: كِتَابَ اللَّهِ وَسُنَّةَ رَسُولِهِ ‘আমি তোমাদের মধ্যে দু’টি বস্তু রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা এ দু’টিকে আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। বস্তু দু’টি হল আল্লাহর কিতাব (কুরআন) ও তাঁর নবীর সুন্নাত’।[3]

কুরআন ও সুন্নাহ একটি আরেকটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ দু’টির সম্পর্ক অবিচ্ছেদ্য। ইসলামরূপ মহীরুহের মূল ও কাণ্ড হ’ল কুরআন মাজীদ, আর হাদীছ তার বিস্তৃত শাখা-প্রশাখা। শাখা-প্রশাখা ও পত্র-পল্লব ছাড়া যেমন বৃক্ষ সজীব ও সতেজ থাকতে পারে না, তেমনি সুন্নাহ ছাড়াও কুরআনী বিধান যথার্থরূপে বাস্তবায়িত হ’তে পারে না। এজন্য কুরআন মাজীদের সঠিক মর্ম অনুধাবন করতে হ’লে অবশ্যই সুন্নাহর শরণাপন্ন হ’তে হবে। ইমাম আবু হানীফা (রহঃ) যথার্থই বলেছেন, لَوْلَا السُّنَّةُ مَا فَهِمَ أَحَدٌ مِنَّا الْقُرْآنَ ‘হাদীছ না থাকলে আমাদের কেউই কুরআন বুঝতে সক্ষম হত না’।[4] আলোচ্য প্রবন্ধে বাহ্যিক দৃষ্টিতে কুরআনের সাথে সুন্নাহ সাংঘর্ষিক মনে হলেও আসলেই যে এতদুভয়ের মধ্যে কোন বিরোধ নেই সেই বিষয়টি কুরআন, সুন্নাহ ও ওলামায়ে কেরামের অভিমতের আলোকে বিশ্লেষণ করা হয়েছে।

কুরআন ও সুন্নাহ কি পরস্পর বিরোধী?

কুরআন ও হাদীছ উভয়ই আল্লাহর অহি। সুতরাং এতদুভয়ের মাঝে কোন বৈপরীত্য বা পরস্পর বিরোধ নেই। মহান আল্লাহ বলেন, أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللَّهِ لَوَجَدُوا فِيهِ اخْتِلَافًا كَثِيرًا ‘তবে কি তারা কুরআন অনুধাবন করে না? যদি এটা আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট থেকে আসত, তাহ’লে তারা এর মধ্যে বহু অসঙ্গতি দেখতে পেত’ (নিসা ৪/৮২)।

ইমাম শাতিবী (রহঃ) বলেন, فَدَلَّ مَعْنَى الْآيَةِ عَلَى أَنَّهُ بَرِيءٌ مِنَ الِاخْتِلَافِ، فَهُوَ يُصَدِّقُ بَعْضُهُ بَعْضًا، وَيَعْضُدُ بَعْضُهُ بَعْضًا، مِنْ جِهَةِ اللَّفْظِ، وَمِنْ جِهَةِ الْمَعْنَى. ‘আয়াতের অর্থ নির্দেশ করে যে, কুরআন মাজীদ মতভেদ থেকে মুক্ত। এর এক অংশ অপর অংশকে শব্দ ও অর্থগতভাবে সত্যায়ন ও শক্তিশালী করে’।[5]

কুরআন মাজীদের একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের, একটি হাদীছের সাথে আরেকটি হাদীছের এবং একটি আয়াতের সাথে আরেকটি হাদীছের কোন বিরোধ নেই। এ মর্মে ইমাম শাতিবী (রহঃ) বলেন, ‘একথা দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে, কুরআনের আয়াতসমূহের মধ্যে কোন পারস্পরিক বিরোধ নেই, নবী (ছাঃ) হাদীছ সমূহের মধ্যেও কোন বিরোধ নেই এবং কুরআন ও হাদীছের একটির সঙ্গে অপরটিরও কোন বিরোধ নেই। বরং সবকিছুই একই সুস্পষ্ট ও অভিন্ন পথের ওপর পরিচালিত এবং একই অর্থ ও উদ্দেশ্যের দিকে বিন্যস্ত। অতএব প্রাথমিক দৃষ্টিতে যদি কোন আয়াত বা হাদীছের মধ্যে আপাত বিরোধ পরিলক্ষিত হয়, তাহ’লে কর্তব্য হ’ল-প্রকৃতপক্ষে সেখানে কোন বিরোধ নেই, এ বিশ্বাস অটুট রাখা। কেননা আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন যে, তাঁর কিতাবের মধ্যে কোন বৈপরীত্য নেই। সুতরাং এ অবস্থায় তার উচিত, একজন নিরুপায় ও অনুসন্ধিৎসু প্রশ্নকারীর মতো থেমে যাওয়া এবং উভয়ের মধ্যে সমন্বয়ের দিকটি অনুসন্ধান করা; অথবা কোন আপত্তি উত্থাপন না করে তা মেনে নেওয়া’।[6]

ইমাম ইবনু হাযম (রহঃ) বলেন, لَيْسَ فِي الْحَدِيثِ الَّذِي صَحَّ شَيْءٌ يُخَالِفُ الْقُرْآنَ. ‘বিশুদ্ধ সূত্রে প্রমাণিত এমন কোন হাদীছ নেই যা কুরআনের বিরোধী’।[7]

ইবনু খুযায়মা (রহঃ) বলেন, لَا أَعْلَمُ أَنَّهُ رُوِيَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثَانِ بِإِسْنَادَيْنِ صَحِيحَيْنِ مُتَضَادَّانِ، فَمَنْ كَانَتْ عِنْدَهُ فَلْيَأْتِ بِهِ حَتَّى أُؤَلِّفَ بَيْنَهُمَا. ‘আমি রাসূল (ছাঃ) হ’তে বিশুদ্ধ সনদে বর্ণিত দুটি হাদীছ পরস্পর বিরোধী বলে জানি না। কারো কাছে এমন কোন হাদীছ থাকলে সে যেন তা আমার কাছে নিয়ে আসে। আমি পরস্পর বিরোধী দু’টি হাদীছের মাঝে সমন্বয় করে দেব’।[8]

ইমাম শাফেঈ (রহঃ) বলেন,لَيْسَ يُخَالِفُ الْحَدِيثُ الْقُرْآنَ، وَلَكِنَّ حَدِيثَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُبَيِّنُ مَعْنَى مَا أَرَادَ، خَاصًّا وَعَامًّا، وَنَاسِخًا وَمَنْسُوخًا. ‘হাদীছ কুরআনের বিরোধী হয় না। বরং রাসূল (ছাঃ)-এর হাদীছ কুরআনের খাছ, আম ও নাসেখ-মানসূখের বিষয়ে বর্ণনা করে’।[9]

উপরোক্ত আলোচনা থেকে বুঝা যাচ্ছে যে, কুরআন ও হাদীছ মূলত পরস্পর বিরোধী নয়। বাহ্যিক দৃষ্টিতে কখনো কখনো কুরআন ও হাদীছ পরস্পর বিপরীত ও বিরোধী মনে হয়। কিন্তু গভীরভাবে চিন্তা-ভাবনা এবং ব্যাখ্যা-বিশ্লেষণ করলে দেখা যায় যে, আসলে এ দু’টির মাঝে কোন বিরোধ নেই। নিম্নে এ সম্পর্কে ৩টি উদাহরণ পেশ করা হ’ল-

১. সৎকর্ম ও আত্মীয়তার সম্পর্ক রক্ষার মাধ্যমে আয়ু বৃদ্ধি : মহান আল্লাহ বলেন, وَمَا كَانَ لِنَفْسٍ أَنْ تَمُوتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَابًا مُؤَجَّلًا ‘আল্লাহর হুকুম ছাড়া কেউ মৃত্যুবরণ করে না। সেজন্য একটা নির্ধারিত সময় রয়েছে’ (আলে ইমরান ৩/১৪৫)। তিনি আরো বলেন, وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ ‘প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটি নির্দিষ্ট মেয়াদকাল রয়েছে। যখন তাদের সেই মেয়াদকাল এসে যাবে, তখন সেখান থেকে এক মুহূর্ত পিছাবেও না, আগাবেও না’ (আ‘রাফ ৭/৩৪)।

আনাস বিন মালেক (রাঃ) হ’তে বর্ণিত, রাসূল (ছাঃ) বলেছেন, مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ رِزْقُهُ أَوْ يُنْسَأَ لَهُ فِى أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ ‘যে ব্যক্তি চায় যে, তার রিযিক প্রশস্ত হোক এবং আয়ু বর্ধিত হোক, সে যেন তার আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখে’।[10]

সালমান ফারেসী (রাঃ) হ’তে বর্ণিত তিনি বলেন, রাসূল (ছাঃ) বলেছেন,لاَ يَرُدُّ الْقَضَاءَ إِلاَّ الدُّعَاءُ وَلاَ يَزِيدُ في الْعُمُرِ إِلاَّ الْبِرُّ ‘দো‘আ ব্যতীত অন্য কোন কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং সৎকর্ম ব্যতীত অন্য কোন কিছু আয়ু বৃদ্ধি করতে পারে না’।[11]

উল্লেখিত আয়াতগুলো থেকে বুঝা যাচ্ছে যে, প্রত্যেক মানুষের একটি নির্দিষ্ট বয়স রয়েছে। যাতে কোন কম-বেশী করা হয় না। আর হাদীছ দু’টিতে বলা হচ্ছে যে, সৎকর্ম ও আত্মীয়তার সম্পর্ক রক্ষার মাধ্যমে আয়ু বৃদ্ধি করা হয়। বাহ্যত হাদীছ দুটি আয়াতদ্বয়ের বিরোধী বলে মনে হচ্ছে। ওলামায়ে কেরাম দুইভাবে উক্ত আয়াত ও হাদীছের মাঝে সমন্বয় সাধন করেছেন।

প্রথম অভিমত :

বাস্তবিকই সৎকর্ম ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মাধ্যমে বয়স বৃদ্ধি হয়। এটি জমহুর বিদ্বানের অভিমত।[12] এ মতের অনুসারীরা উল্লেখিত আয়াত ও হাদীছের মাঝে নিম্নোক্তভাবে সমন্বয় করেছেন-

১. হাদীছে বয়স বৃদ্ধির যে কথা বলা হয়েছে তা বয়সের দায়িত্বে নিযুক্ত ফেরেশতার ইলম অনুযায়ী। আর আয়াতের ভাষ্য আল্লাহর ইলম-এর সাথে সম্পৃক্ত। সুতরাং হাদীছগুলোর অর্থ দাঁড়াবে: ফেরেশতাদের ছহীফা সমূহে লিপিবদ্ধ বয়স বৃদ্ধি হয়। পক্ষান্তরে আল্লাহর ইলমে মানুষের যে বয়সসীমা লিপিবদ্ধ রয়েছে তাতে কম-বেশী করা হয় না। ইমাম বায়হাকী, শায়খুল ইসলাম ইবনু তায়মিয়াহ, হাফেয ইবনু হাজার আসক্বালানী, শায়খ আব্দুর রহমান বিন নাছের আস-সা‘দী প্রমুখের অভিমত এটি।[13]

২. হাদীছগুলোর অর্থ হ’ল : আল্লাহ আত্মীয়তার সম্পর্ক রক্ষাকে আয়ু বৃদ্ধির কারণ হিসাবে নির্ধারণ করেছেন। সুতরাং যার সম্পর্কে আল্লাহ জানেন যে, সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে তার একটা বয়সসীমা নির্ধারণ করে দেন। আর যার সম্পর্কে তিনি জানেন যে, সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তারও একটা বয়সসীমা নির্ধারণ করে দেন। উভয়টিই অনাদিকাল থেকেই তার তাক্বদীরে লিপিবদ্ধ রয়েছে। ইমাম ত্বহাবী, কাযী ইয়ায, ইবনু হাযম, যামাখশারী, ইবনু আতিইয়া, ইবনু আবিল ইয্য আল-হানাফী, মুনাবী, শামসুল হক আযীমাবাদী, শাওকানী, আলূসী ও শায়খ উছায়মীন প্রমুখের অভিমত এটি।[14]

৩. ইবনু কুতায়বা (রহঃ) বলেন, ‘নিশ্চয় আল্লাহ তা‘আলা তার নিকট কোন বান্দার আয়ু একশ বছর লিপিবদ্ধ করেন এবং তার দৈহিক কাঠামো ও গঠনকে আশি বছর বেঁচে থাকার উপযোগী করেন। যখন সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তখন আল্লাহ তার ঐ দৈহিক কাঠামো ও গঠনে প্রবৃদ্ধি দান করেন এবং সে তার নির্ধারিত বয়সের যেটুকু ঘাটতি ছিল সেই বয়সসীমায় উপনীত হয়ে আরো বিশ বছর বেঁচে থাকে। এভাবে সে একশ বছরে পদাপর্ণ করে। আর এটাই সেই বয়সসীমা যাতে কোন কম-বেশী করা হয় না’।[15]

প্রথম মতের অনুসারীদের দলীল সমূহ হল-

প্রথম দলীল : মহান আল্লাহ বলেন,يَمْحُو اللَّهُ مَا يَشَاءُ وَيُثْبِتُ وَعِنْدَهُ أُمُّ الْكِتَابِ ‘আল্লাহ যা ইচ্ছা মিটিয়ে দেন এবং বহাল রাখেন। আর তাঁর নিকটেই রয়েছে মূল কিতাব’ (রা‘দ ১৩/৩৯)। আয়াতে উল্লেখিত মিটিয়ে দেওয়া ও বহাল রাখার বিষয়টি (المحو والإثبات) ফেরেশতার ইলমের সাথে সম্পর্কিত। আর লাওহে মাহফূযে সংরক্ষিত উম্মুল কিতাব তথা মূল গ্রন্থ, যা আল্লাহর ইলমে রয়েছে- তা থেকে কোন কিছু মিটিয়ে দেওয়া হয় না। এটাকে বলা হয় القضاء المبرم বা অকাট্য ভাগ্য। আর প্রথমটিকে বলা হয় القضاء المعلق বা ঝুলন্ত ভাগ্য। যে সকল হাদীছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ফলে আয়ু বৃদ্ধির কথা বলা হয়েছে সেগুলো ১ম অর্থের উপর বর্তাবে। কারণ আল্লাহ ফেরেশতাদের নিকট লিখিত ছহীফা সমূহ থেকে যা ইচ্ছা তা মিটিয়ে দেন। আর আয়াতগুলোর ক্ষেত্রে ২য় অর্থ প্রযোজ্য হবে। অতএব মূল কিতাবে কোন কিছু রদ-বদল করা হয় না।[16]

২য় দলীল : আল্লাহ বলেন,وَمَا يُعَمَّرُ مِنْ مُعَمَّرٍ وَلَا يُنْقَصُ مِنْ عُمُرِهِ إِلَّا فِي كِتَابٍ إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ ‘কোন বয়স্ক ব্যক্তি বয়স পায় না বা তার থেকে হ্রাস করা হয় না, কিন্তু তা সবই লিখিত আছে কিতাবে (লওহে মাহফূযে)। নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষে সহজ’ (ফাতির ৩৫/১১)। এই আয়াতের অর্থ হ’ল : মানুষের আয়ু কম করা হোক বা বেশী তা কিতাবে তথা ফেরেশতাদের ছহীফা সমূহে লিপিবদ্ধ রয়েছে।[17]

৩য় দলীল: মহান আল্লাহ বলেন,هُوَ الَّذِي خَلَقَكُمْ مِنْ طِينٍ ثُمَّ قَضَى أَجَلًا وَأَجَلٌ مُسَمًّى عِنْدَهُ ‘তিনিই সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। অতঃপর তোমাদের আয়ুষ্কাল নির্ধারণ করেছেন। আরও একটি চূড়ান্ত মেয়াদ (ক্বিয়ামত) তাঁর ইলমে রয়েছে’ (আন‘আম ৬/২)।

আয়াতে উল্লেখিত প্রথম أَجَل দ্বারা উদ্দেশ্য হ’ল ফেরেশতাদের ছহীফা সমূহে এবং মালাকুল মওত ও তাঁর সঙ্গীদের কাছে যে কিতাব রয়েছে তা। আর দ্বিতীয় أَجَل দ্বারা উদ্দেশ্য হ’ল লাওহে মাহফূযে সংরক্ষিত মূল কিতাবে (রা‘দ ৩৯) যা লিপিবদ্ধ রয়েছে তাতে কম-বেশী করা হয় না’ (আ‘রাফ ৩৪)।[18]

দ্বিতীয় অভিমত :

মানুষের আয়ু বৃদ্ধি হয় না। এটি কতিপয় আলেমের অভিমত। এই মতের প্রবক্তরা আয়ু বৃদ্ধি সম্পর্কিত হাদীছগুলোকে রূপকার্থে গণ্য করেছেন। তবে হাদীছে বয়স বৃদ্ধির বিষয়টিকে তারা নিম্নোক্তভাবে ব্যাখ্যা করেছেন।

ক. বয়সে বরকত দানকে হাদীছে রূপকার্থে বৃদ্ধি বলা হয়েছে। 

খ. মানুষ মৃত্যুর পর তার সুনাম-সুখ্যাতি, প্রশংসা এবং পুনঃপুনঃ প্রতিদান লাভের বিষয়টিকে রূপকার্থে বৃদ্ধি বলা হয়েছে। যেন সে মৃত্যুবরণ করেনি।

গ. বয়স বৃদ্ধির অর্থ হ’ল : যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে তাকে আল্লাহ বালা-মুছীবত থেকে রক্ষা করবেন এবং তার বুঝশক্তি, জ্ঞান ও দূরদৃষ্টি বৃদ্ধি করে দিবেন।[19]

ঘ. ইবনু কুতায়বা বলেন,السَّعَةُ وَالزِّيَادَةُ فِي الرِّزْقِ وَعَافِيَةُ الْبَدَنِ. ‘বয়স বৃদ্ধি দ্বারা রিযিক বৃদ্ধি ও শারীরিক সুস্থতা উদ্দেশ্য’।[20]

ঙ. বয়স বৃদ্ধি দ্বারা উদ্দেশ্য হ’ল আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ব্যক্তিকে আল্লাহ সৎ সন্তান দান করবেন, যারা তার মৃত্যুর পর তার জন্য দো‘আ করবে।

চ. হাদীছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার প্রতি জোরালোভাবে উদ্বুদ্ধ করা হয়েছে । হাদীছের অর্থ দাঁড়াবে: যদি কোন কিছু রিযিক ও আয়ু বৃদ্ধি করত তাহ’লে সেটি হত আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা।[21]

এ মতের অনুসারীদের দলীল হ’ল :

মহান আল্লাহ বলেন,وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ ‘আর আল্লাহ কখনোই কাউকে অবকাশ দিবেন না যখন তার নির্ধারিত সময়কাল এসে যাবে। বস্তুতঃ আল্লাহ তোমাদের কৃতকর্ম বিষয়ে খবর রাখেন’ (মুনাফিকুন ৬৩/১১)। إِنَّ أَجَلَ اللَّهِ إِذَا جَاءَ لَا يُؤَخَّرُ لَوْ كُنْتُمْ تَعْلَمُونَ ‘নিশ্চয়ই আল্লাহর নির্ধারিত সময় যখন এসে যাবে, তখন আর অবকাশ দেওয়া হবে না, যদি তোমরা এটা জানতে’ (নূহ ৪)। এ আয়াতগুলোতে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে, আয়ু নির্ধারিত। তা কম বা বেশী হয় না। তবে ১ম মতের অনুসারীরা এর জবাবে বলেছেন, মৃত্যুর সময় উপস্থিত হ’লে তাতে কম-বেশী করা হয় না। কারণ এ মর্মে বর্ণিত অধিকাংশ আয়াতে আসা শর্তের কথা উল্লেখ করা হয়েছে। তবে মৃত্যুর সময় উপস্থিত হওয়ার পূর্বে দো‘আ ও আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার মাধ্যমে আল্লাহ বয়স বৃদ্ধি করে দিতে পারেন।[22] প্রথম অভিমতটি গ্রহণযোগ্য বলে মুহাক্কিক ওলামায়ে কিরাম অভিমত ব্যক্ত করেছেন।

২. মৃত্যু কামনা করা :

মহান আল্লাহ ইউসুফ (আঃ) সম্পর্কে বলেন,رَبِّ قَدْ آتَيْتَنِي مِنَ الْمُلْكِ وَعَلَّمْتَنِي مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنْتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ ‘হে আমার পালনকর্তা! তুমি আমাকে রাষ্ট্রক্ষমতা দান করেছ এবং আমাকে স্বপ্নসমূহ ব্যাখ্যাদানের শিক্ষা দান করেছ। নভোমণ্ডল ও ভূমণ্ডলের হে সৃষ্টিকর্তা! দুনিয়া ও আখেরাতে তুমিই আমার অভিভাবক। তুমি আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দান কর এবং আমাকে সৎকর্মশীলদের সাথে মিলিত কর’ (ইউসুফ ১২/১০১)।

মারইয়াম (আঃ) সম্পর্কে আল্লাহ বলেন,فَأَجَاءَهَا الْمَخَاضُ إِلَى جِذْعِ النَّخْلَةِ قَالَتْ يَا لَيْتَنِي مِتُّ قَبْلَ هَذَا وَكُنْتُ نَسْيًا مَنْسِيًّا ‘অতঃপর প্রসব বেদনা তাকে একটি খেজুর গাছের গোড়ায় আশ্রয় নিতে বাধ্য করল। সে বলল, হায়! যদি আমি এর আগেই মৃত্যুবরণ করতাম কিংবা যদি আমি বিস্মৃত বিষয় হয়ে যেতাম’ (মারইয়াম ১৯/২৩)।

আবু হুরায়রা (রাঃ) হ’তে বর্ণিত, রাসূল (ছাঃ) বলেছেন, ‘তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। কারণ সে যদি সৎ হয় তবে (বেঁচে থাকলে) হয়ত সে সৎকর্ম বৃদ্ধি করবে। আর যদি পাপী হয়, তাহ’লে হয়ত সে তওবা করবে’।[23]

রাসূল (ছাঃ) আরও বলেছেন,لاَ يَتَمَنَّى أَحَدُكُمُ الْمَوْتَ وَلاَ يَدْعُ بِهِ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَهُ إِنَّهُ إِذَا مَاتَ أَحَدُكُمُ انْقَطَعَ عَمَلُهُ وَإِنَّهُ لاَ يَزِيدُ الْمُؤْمِنَ عُمْرُهُ إِلاَّ خَيْرًا ‘তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে এবং তার নিকট মৃত্যু আসার পূর্বেই সে যেন এজন্য দো‘আ না করে। তোমাদের কেউ যখন মৃত্যুবরণ করে তখন তার আমল বন্ধ হয়ে যায়। মুমিনের বয়স বৃদ্ধি কল্যাণ বৈ আনয়ন করে না’।[24]

আনাস বিন মালেক (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, নবী (ছাঃ) বলেছেন,لاَ يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ الْمَوْتَ مِنْ ضُرٍّ أَصَابَهُ، فَإِنْ كَانَ لاَ بُدَّ فَاعِلاً فَلْيَقُلِ اللَّهُمَّ أَحْيِنِى مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِى، وَتَوَفَّنِى إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِى ‘তোমাদের কেউ দুঃখ-কষ্টে পতিত হওয়ার কারণে যেন মৃত্যু কামনা না করে। যদি কিছু করতেই চায় তাহ’লে সে যেন বলে, হে আল্লাহ! যতদিন আমার জন্য বেঁচে থাকা কল্যাণকর হয় ততদিন আমাকে জীবিত রাখ। আর মৃত্যু যখন আমার জন্য কল্যাণকর হবে তখন আমার মৃত্যু দিও’।[25]

উল্লেখিত আয়াত দু’টি থেকে বাহ্যত মৃত্যু কামনা ও এর জন্য দো‘আ করা জায়েয হওয়া বুঝায়। আর হাদীছগুলোতে মৃত্যু কামনা করা থেকে নিষেধ করা হয়েছে। ফলে আয়াত ও হাদীছগুলোর মাঝে বাহ্যিক দৃষ্টিতে পরস্পর বিরোধ রয়েছে বলে মনে হয়। আলেমগণ এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন যে, দুনিয়াবী কোন ক্ষতি যেমন অসুস্থতা, দরিদ্রতা, বিপদ-আপদ প্রভৃতি কারণে মৃত্যু কামনা করা এবং এজন্য দো‘আ করা মাকরূহ। কেননা এতে উদ্বেগ-উৎকণ্ঠা ও তাক্বদীরের প্রতি অসন্তুষ্টি প্রকাশ পায়। তবে দ্বীনের ব্যাপারে কোন ক্ষতি বা ফিতনার আশংকা থাকলে মৃত্যু কামনা করা যাবে।[26] যেমন হাফেয ইবনু হাজার আসক্বালানী (রহঃ) ছহীহুল বুখারীর ৫৬৭১ নং হাদীছের ব্যাখ্যায় বলেন, ‘একদল পূর্বসূরী বিদ্বান এই হাদীছটিকে দুনিয়াবী ক্ষতির ক্ষেত্রে প্রযোজ্য বলেছেন। তবে পরকালীন ক্ষতি দেখা দিলে তথা তার দ্বীনের ব্যাপারে ফিতনার আশংকা করলে সে মৃত্যু কামনার নিষেধাজ্ঞার আওতাও পড়বে না’।[27]

জমহুর বিদ্বানের দলীল :

১. আবু হুরায়রা (রাঃ) বর্ণিত হাদীছে নবী (ছাঃ) সাধারণভাবে মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন এবং আনাস (রাঃ) বর্ণিত হাদীছে একে শর্তযুক্ত (مقيد) করেছেন এ মর্মে যে, সে কোন আপতিত বিপদের কারণে মৃত্যু কামনা করে। ফলে মুতলাক (সাধারণভাবে বর্ণিত) হাদীছকে মুকাইয়াদ (শর্তযুক্ত) হাদীছের আলোকে ব্যাখ্যা করতে হবে।

২. আনাস (রাঃ) বর্ণিত মুতলাক হাদীছটি দুনিয়াবী ও পরকালীন উভয় প্রকার ক্ষতিকে শামিল করে। তবে উদ্দেশ্য হ’ল শুধু দুনিয়াবী ক্ষতি। যেমন ইবনু হিব্বানের একটি বর্ণনায় এসেছে, لَا يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ الْمَوْتَ لِضُرٍّ نَزَلَ بِهِ فِي الدُّنْيَا. ‘তোমাদের কেউ যেন দুনিয়াতে আপতিত কোন ক্ষতির কারণে অবশ্যই মৃত্যু কামনা না করে’।[28] এ হাদীছে ক্ষতিকে দুনিয়াবী ক্ষতির সাথে শর্তযুক্ত করা হয়েছে।[29]

৩. ফিতনার আশংকার সময় মৃত্যুর জন্য দো‘আ করা রাসূল (ছাঃ) থেকে বর্ণিত হয়েছে। যেমন : হাদীছে কুদসীতে এসেছে, আল্লাহ তার নবীকে বলেছেন, ‘হে মুহাম্মাদ! তুমি যখন ছালাত আদায় করবে তখন এই দো‘আ পড়বে- হে আল্লাহ! আমি তোমার নিকট ভাল কাজ করার, খারাপ কাজ পরিত্যাগ করার এবং গরীব-নিংস্বদের ভালবাসার মনোস্কামনা চাই। তুমি যখন তোমার বান্দাদের কঠিন পরীক্ষায় ফেলার ইচ্ছা কর, তখন আমাকে এ ফিতনায় জড়িয়ে পড়ার আগেই তোমার নিকট উঠিয়ে নিও’।[30]

আবু হুরায়রা (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ছাঃ) বলেছেন,وَالَّذِى نَفْسِى بِيَدِهِ لاَ تَذْهَبُ الدُّنْيَا حَتَّى يَمُرَّ الرَّجُلُ عَلَى الْقَبْرِ فَيَتَمَرَّغُ عَلَيْهِ وَيَقُولُ يَا لَيْتَنِى كُنْتُ مَكَانَ صَاحِبِ هَذَا الْقَبْرِ وَلَيْسَ بِهِ الدِّينُ إِلاَّ الْبَلاَءُ. ‘যে সত্তার হাতে আমার জীবন! আমি তার কসম করে বলছি, দুনিয়া ধ্বংস হবে না যতক্ষণ না এক লোক কবরের নিকট গিয়ে সেটার উপর গড়াগড়ি করে বলবে, হায়! এ কবরবাসীর স্থলে যদি আমি হতাম। তার নিকট দ্বীন থাকবে না; থাকবে শুধু বিপদাপদ’।[31]

রাসূল (ছাঃ)-এর বাণী- وَلَيْسَ بِهِ الدِّينُ দ্বারা বুঝা যায় যে, মৃত্যু কামনা করা জায়েয। এমনকি দ্বীনের ব্যাপারে ফিতনার আশংকা করলে তবুও তা জায়েয।[32]

এক্ষণে আয়াত ও হাদীছের মাঝে সৃষ্ট বাহ্যিক দ্বন্দ্ব নিরসনকল্পে আলমগণ দু’ধরনের পন্থা নির্দেশ করেছেন।

১. অধিকাংশ মুফাস্সির ও মুহাদ্দিছ আয়াত ও হাদীছের মাঝে সমন্বয় সাধন করেছেন। তারা আয়াতের ব্যাখ্যায় বলেছেন, ইউসুফ (আঃ) আল্লাহর কাছে দো‘আ করেছিলেন যেন তিনি তার মৃত্যুক্ষণ উপস্থিত হওয়ার সময় মুসলিম হিসেবে তাকে মৃত্যু দান করেন। তিনি মৃত্যু বাস্তবায়নের জন্য দো‘আ করেননি। ইউসুফ (আঃ)-এর এমন দো‘আ করা দোষের কিছু নয়। আর তা ঐ সকল হাদীছের বিরোধী নয় যেখানে মৃত্যু কামনা করতে নিষেধ করা হয়েছে। কেননা প্রত্যেকেই ইসলামের উপর মৃত্যু কামনা করে তার রবের কাছে দো‘আ করে।[33] তারা বলেছেন, যদি আমরা ধরে নেই যে, ইউসুফ (আঃ) মৃত্যু বাস্তবায়ন করার জন্য দো‘আ করেছিলেন, তবুও তা হাদীছ বিরোধী নয়। কারণ ইউসুফ (আঃ)-এর এই কাজ আমাদের শরী‘আতের অন্তর্ভুক্ত নয়। পূর্ববর্তী শরী‘আতের কোন বিষয় তখনই আমাদের জন্য পালনীয় হবে যখন তা আমাদের শরী‘আতের কোন দলীলের বিরোধী হবে না।[34]

আর মারইয়াম (আঃ) দু’টি কারণে মৃত্যু কামনা করেছিলেন। ১. তিনি তার ধার্মিকতার ব্যাপারে মন্দ ধারণা পোষণের এবং নিন্দিত হওয়ার আশংকা করেছিলেন। ২. তার কারণে একটা সম্প্রদায় ব্যভিচারের মিথ্যা অপবাদে জড়িয়ে পড়তে পারে। আর এটা তাদের জন্য ধ্বংসকর হবে। এ দু’টি কারণে মৃত্যু কামনা করতে কোন বাধা ছিল না। কেননা তা দ্বীনের বিষয়ে ফিতনা ছিল।[35]

২. হাদীছের নিষেধাজ্ঞা উপরোক্ত আয়াত সমূহ এবং রাসূল (ছাঃ)-এর মৃত্যুকালীন দো‘আ اللَّهُمَّ فِي الرَّفِيقِ الْأَعْلَى ‘হে আল্লাহ! উচ্চ সমাসীন বন্ধুর সাথে মিলিত হ’তে চাই’[36] দ্বারা মানসূখ বা রহিত হয়ে গেছে। এর জবাবে বলা হয়েছে, ব্যাপারটি এমনটি নয়। কারণ তারা মৃত্যু ঘনিয়ে আসলে এ দো‘আ করেছিলেন। এতে দোষের কিছু নেই।[37] তাছাড়া নিষেধাজ্ঞার হাদীছে এসেছে وَلَا يَدْعُ بِهِ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَهُ এর দ্বারা মৃত্যুর সময় উপস্থিত হ’লে মৃত্যুর জন্য দো‘আ করা জায়েয প্রমাণিত হয়।[38]

আবার কেউ বলেছেন, আয়াতগুলো হাদীছগুলো দ্বারা মানসূখ বা রহিত হয়ে গেছে। তবে আয়াত ও হাদীছসমূহ মানসূখ হওয়ার দাবী ভিত্তিহীন। কারণ পরস্পর বিরোধী নছের মধ্যে সমন্বয় করা সম্ভব না হ’লে অথবা নাসখের দলীল পাওয়া গেলে নাসখের দাবী গ্রহণযোগ্য। কিন্তু এখানে দু’টি কারণই মওজুদ নেই। কাজেই নাসখের দাবী বাতিল। মোটকথা, ইউসুফ (আঃ) কর্তৃক ইসলামের উপর মৃত্যু দানের জন্য দো‘আ এবং মারইয়াম (আঃ)-এর দ্বীনের ব্যাপারে ফিতনায় পতিত হওয়ার আশংকায় মৃত্যুর জন্য দো‘আ করাতে দোষের কিছু নেই। তাছাড়া তা মৃত্যুর কামনা করা নিষেধ মর্মে বর্ণিত হাদীছগুলোর বিরোধীও নয়।[39] [ক্রমশ:]


[1]. আবুদাঊদ, হা/৪৬০৪; তিরমিযী, হা/২৬৬৪, হাদীছ ছহীহ।

[2]. ড. মুহাম্মাদ আবু শাহবাহ, দিফা‘ আনিস সুন্নাহ (কায়রো : মাকতাবাতুস সুন্নাহ ১৪০৯ হি./১৯৮৯ খৃ.), পৃ. ১৫।

[3]. মুওয়াত্ত্বা মালেক হা/৩৩৩৮, ‘আল-জামে’ অধ্যায়; হাকেম হা/৩১৯; মিশকাত হা/১৮৬, সনদ হাসান।

[4]. মুহাম্মাদ জামালুদ্দীন কাসেমী, কাওয়াইদুত তাহদীছ মিন ফুনূনি মুছত্বলাহিল হাদীছ (বৈরূত : দারুল কুতুব আল-ইলমিইয়াহ), পৃ. ৫২, ২৯৮।

[5]. শাতিবী, আল-ই‘তিছাম (কায়রো: দারুল হাদীছ, ১৪৩২ হি./২০১১ খৃ.), ২য় খণ্ড, পৃ. ৪৯৩ ।

[6]. ঐ, ২য় খণ্ড, পৃ. ৪৯৫।

[7]. আল-ইহকাম ফী উছূলিল আহকাম, ২য় খণ্ড, পৃ. ৮০।

[8]. মুক্বাদ্দামা ইবনে ছালাহ (কায়রো : দারুল হাদীছ, ১৪৩১ হি./২০১০ খৃ.), পৃ. ২৬৩, ৩৬তম প্রকার।

[9]. ইমাম বায়হাক্বী, মা‘রিফাতুস সুনান ওয়াল আছার (বৈরূত : দারু কুতায়বা, ১ম প্রকাশ, ১৪১২ হি./১৯৯১ খৃ.), ৫ম খণ্ড, পৃ. ১১৮।

[10]. বুখারী হা/৫৯৮৬; মুসলিম হা/২৫৫৭।

[11]. তিরমিযী হ/২১৩৯, সনদ হাসান; ইবনু মাজাহ হা/৯০, ৪০২২; সিলসিলা ছহীহা হা/১৫৪।

[12]. ড. আহমাদ বিন আব্দুল আযীয বিন মুকরিন আল-কুছাইয়ির, আল-আহাদীছ আল-মুশকিলাহ আল-ওয়ারিদাহ ফী তাফসীরিল কুরআনিল কারীম : আরয ওয়া দিরাসাহ (কায়রো : দারু ইবনিল জাওযী, ১৪৩০ হি.), পৃ. ৭০-৭১।

[13]. ঐ, পৃ. ৭১।

[14]. ঐ, পৃ. ৭৩।

[15]. ইবনু কুতায়বা, তাবীলু মুখতালিফিল হাদীছ (বৈরূত : দারুল কিতাব আল-আরাবী, তাবি), পৃ. ১৩৭।

[16]. আল-আহাদীছ আল-মুশকিলাহ, পৃ. ৭৫-৭৬।

[17]. ঐ, পৃ. ৭৮।

[18]. ঐ, পৃ. ৭৮।

[19]. ঐ, পৃ. ৮০-৮১।

[20]. তাবীলু মুখতালিফিল হাদীছ, পৃ. ১৩৬-১৩৭।

[21]. আল-আহাদীছ আল-মুশকিলাহ, পৃ. ৮২।

[22]. ঐ, পৃ. ৮৫।

[23]. বুখারী হা/৭২৩৫।

[24]. মুসলিম হা/২৬৮২।

[25]. বুখারী হা/৫৬৭১।

[26]. তাফসীর ইবনে কাছীর, ৪/৪২২-৪২৩; ফাতহুল বারী, ১৩/২৭২-২৭৩; আল-আহাদীছ আল-মুশকিলাহ, পৃ. ২৭৬-২৭৭।

[27]. ফাতহুল বারী, ১০ম খণ্ড, পৃ. ১৫৮।

[28]. ছহীহ ইবনু হিব্বান হা/২৯৬৬।

[29]. ফাতহুল বারী, ১০ম খণ্ড, পৃ. ১৫৮; আল-আহাদীছ আল-মুশকিলাহ, পৃ. ২৭৭-২৭৮।

[30]. তিরমিযী হা/৩২৩৩, হাদীছ ছহীহ।

[31]. মুসলিম হা/১৫৭।

[32]. আল-আহাদীছ আল-মুশকিলাহ, পৃ. ২৭৮।

[33]. তাফসীর ইবনে কাছীর, ৪র্থ খণ্ড, পৃ. ৪২১।

[34]. ঐ, পৃ. ৪২১-৪২২।

[35]. ঐ, ৫/২৩০, ইমাম কুরতুবী, তাফসীরে কুরতুবী (কায়রো : দারুল কুতুব আল-মিছরিইয়াহ, ২য় সংস্করণ, ১৩৮৪ হি.), ১১/৯২।

[36]. বুখারী হা/৪৪৩৭।

[37]. ফাতহুল বারী, ১০ম খণ্ড, পৃ. ১৬১।

[38]. ঐ।

[39]. আল-আহাদীছ আল-মুশকিলাহ, পৃ. ২৮০-২৮১।






আক্বীদা ও আহকামে হাদীছের প্রামাণ্যতা (৯ম কিস্তি) - মীযানুর রহমান মাদানী
দ্বীনের পথে ত্যাগ স্বীকার - আব্দুল্লাহ আল-মা‘রূফ
সমাজে অপরাধপ্রবণতা হ্রাসে কুরআনে বর্ণিত শাস্তিবিধানের অপরিহার্যতা (৩য় কিস্তি) - মুহাম্মাদ আব্দুল মালেক
আহলেহাদীছ জামা‘আতের বিরুদ্ধে কতিপয় মিথ্যা অপবাদ পর্যালোচনা (২য় কিস্তি) - তানযীলুর রহমান - শিক্ষক, বাউটিয়া দাখিল মাদ্রাসা, রাজশাহী
আল-কুরআনে বিজ্ঞানের নিদর্শন (৫ম কিস্তি) - ইঞ্জিনিয়ার আসিফুল ইসলাম চৌধুরী
শবেবরাত - আত-তাহরীক ডেস্ক
সীমালংঘন ও দুনিয়াপূজা : জাহান্নামীদের দুই প্রধান বৈশিষ্ট্য (৪র্থ কিস্তি) - ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন
গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার উপায় - আব্দুল্লাহ আল-মা‘রূফ
তাহরীকে জিহাদ : আহলেহাদীছ ও আহনাফ (৬ষ্ঠ কিস্তি) - মুহাম্মাদ আব্দুল মালেক
মাসায়েলে কুরবানী - আত-তাহরীক ডেস্ক
মাদরাসার পাঠ্যক্রম নিয়ে ষড়যন্ত্র - জাহাঙ্গীর আলম
পাপাচারে লিপ্ত হওয়ার কারণ সমূহ (২য় কিস্তি) - ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম
আরও
আরও
.