জিনিসপত্রের দাম বাড়ে রোজ, কমে যায় আল্লাহ-ভীতি,
বাজারজুড়ে আগুন মেজায সস্তা ঈমান-নীতি।
লজ্জা ভুলেছে সমাজের নারী অশালীন তার সাজ,
হায়া-পর্দা দূরে ঠেলে আজ ভুলেছে সকল লাজ।
আযানের ধ্বনি বাতাসে ছড়ায় মসজিদ তবু ফাঁকা,
দুনিয়ার ডাকে ভিড় জমে যায় রবের ডাকে কে একা?
চোর-ডাকাতেরা পদক জেতে সত্যবাদীরা জেলে,
ন্যায়ের কণ্ঠ রুদ্ধ এখন মিথ্যুক চলে হেসে খেলে।
বিয়ে-শাদী আজ বড্ড কঠিন, পরকীয়া কত সোজা!
হালাল পথে দেয়াল উঠেছে, হারাম টানে না বোঝা।
এক মুঠো দান করেই দাতা ছবি তুলে বারবার,
রিয়া যদি ঢোকে অন্তরে তবে নষ্ট সে উপহার।
ছিয়ামে সই ক্ষুধার জ্বালা তবু ঝগড়ায় মাতি,
ছিয়ামের শিক্ষা ভুলে গিয়ে গীবতের সাথে হাঁটি।
হজ্জে যেতে নাকি খরচ বেশী বিদেশ ভ্রমণে ছুটি,
দুনিয়ার তরে হাযার উড়াই দ্বীনের হিসাবে ত্রুটি!
স্মার্টফোনে নেই আক্ষেপ কুরবানী দেই মেপে,
দ্বীনের খরচে বুক কেঁপে ওঠে অকারণে যাই ক্ষেপে!
কুরআনের দশ আয়াত ভারী খবর পড়ি শতবার,
রবের বাণী ক্লান্তিকর দুনিয়া চমৎকার।
এভাবেই যদি চলে যায় দিন জীবনে কি করলাম?
দুনিয়ার পিছে ছুটতে ছুটতে আখেরাত হারালাম!
-আব্দুল্লাহ আন-নু‘মান, ময়মনসিংহ।