২৩ ও ২৪শে জানুয়ারী শুক্রবার ও শনিবার নওদাপাড়া, রাজশাহী : অদ্য সকাল ৯-টায় রাজশাহী মহানগরীর নওদাপাড়াস্থ হোটেল স্টার-এর কনভেনশন হলে ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর উদ্যোগে শিক্ষা বোর্ড অধিভুক্ত প্রতিষ্ঠান প্রধানগণের ৫ম বার্ষিক অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রথম দিন সকাল ৯-টায় প্রশিক্ষণ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি এবং হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। স্বাগত বক্তব্য প্রদান করেন বোর্ডের সচিব শামসুল আলম। অনুষ্ঠানের প্রধান অতিথি ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত ও ‘শিক্ষা বোর্ড’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব দ্বিতীয় দিন সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেন ও বিভিন্ন বিভাগের বিজয়ী প্রতিষ্ঠান প্রধান ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন।
দু’দিনের এই প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. ইউসুফ মাহবূব ইসলাম, হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড-এর সচিব জনাব শামসুল আলম, প্রধান পরিদর্শক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, জাপান ইন্টারন্যাশনাল ড্রিম স্কুল এন্ড কলেজ, গাযীপুরের এডুকেশন অ্যাডভাইজার ও ভাইস প্রিন্সিপাল মুহাম্মাদ শামসুয্যোহা, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রভাষক মুহাম্মাদ আব্দুল মানণান, ইংলিশ মজা-এর সিইও ও এডমিন মুহাম্মাদ রফীক ও রাজশাহী শিমুল মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা আফসার আলী প্রমুখ। উক্ত শিক্ষক প্রশিক্ষণে বোর্ডের অধিভুক্ত ১৮৩ প্রতিষ্ঠানের মধ্যে জাতীয় পর্যায়ে ৩টি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (১ম আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া রাজশাহী, ২য় ইমাম বুখারী (রহঃ) সালাফিইয়াহ মাদ্রাসা, কুমিল্লা ও ৩য় বুড়িচং সালাফিইয়াহ মাদ্রাসা, কুমিল্লা) এবং আঞ্চলিক পর্যায়ে ২৪টি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়াও ২০২৫ সালে প্রথমবারের মত অনুষ্ঠিত ৪র্থ ও ৬ষ্ঠ শ্রেণীর ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ১০জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। প্রশিক্ষণে মোট ১০৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রথম দিন রাত ১০-টায় আঞ্চলিক কো-অর্ডিনেটরদেরকে নিয়ে বৈঠক করা হয়। দ্বিতীয় দিনে সকাল ১০-টায় প্রতিষ্ঠান প্রধানগণের সাথে শিক্ষা বোর্ডের কর্মকর্তাগণের বিভিন্ন বিষয়ে উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের তৃতীয় অধিবেশনে শিক্ষকগণ ডেমো ক্লাসে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ম স্থান অধিকার করেন বাংলাহিলি হিলফুল ফুযূল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুন নূর (দিনাজপুর), ২য় স্থান অধিকার করেন বায়তুল ইলম বালিকা মাদ্রাসার প্রধান শিক্ষক মুহাম্মাদ রায়হানুল ইসলাম (দিনাজপুর) এবং ৩য় স্থান অধিকার করেন দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মুহাম্মাদ সাইফুর রহমান (দিনাজপুর)। তাদের সকলের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন মুহতারাম আমীরে জামা‘আত। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন শিক্ষা বোর্ডের সাবেক সহকারী পরিদর্শক ফেরদাঊস মোল্লা ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক রবীউল ইসলাম।