৪. মানুষ বানরজাতীয় পূর্বপুরুষ থেকে বিবর্তিত :
ডারউইনবাদের সবচেয়ে বিতর্কিত অনুসিদ্ধান্ত হ’ল, মানুষ পৃথক কোন সৃষ্টি নয়; বানরজাতীয় প্রাণী থেকে ধারাবাহিক বিবর্তনের ফসল। The Descent of Man-এ তিনি স্পষ্টভাবে বলেছেন, মানুষ আফ্রিকান এপ-জাতীয় প্রাণী থেকে বিবর্তিত। ১৮৫৯ সালে On the Origin of Species প্রকাশের সময় ডারউইন মানুষের বিবর্তন নিয়ে সরাসরি খুব বেশী কথা বলেননি, কেবল ইঙ্গিত দিয়েছিলেন।[1] কিন্তু ১৮৭১ সালে প্রকাশিত তাঁর বিতর্কিত গ্রন্থ The Descent of Man-এ তিনি স্পষ্টভাবে দাবী করেন যে, মানুষ কোন বিশেষ সৃষ্টি নয়, বরং নিম্নতর কোন প্রাণী থেকে উদ্ভূত। গরিলা ও শিম্পাঞ্জিকে ‘মানুষের নিকটতম আত্মীয়’ ধরে তিনি অনুমান করেন, আমাদের আদি পূর্বপুরুষেরা সম্ভবত আফ্রিকায় বাস করত। অর্থাৎ তার মতে মানুষ, শিম্পাঞ্জি, গরিলা ও ওরাংওটাং এরা সবাই আফ্রিকান এক প্রাচীন বানরজাতীয় বিলুপ্ত প্রজাতি (Common Primate Ancestor) থেকে আলাদা আলাদা শাখায় বিবর্তিত হয়েছে। মানুষ উক্ত প্রাণীসমূহেরই সমগোত্রীয় একটি প্রাণী। তবে স্থান নিয়ে অনুমান করাকে তিনি নিজেই ‘নিষ্ফল’ বলেছেন। তিনি আরও লিখেছেন, বানরকূলের প্রাচীন শাখা থেকে ‘সুদূর অতীতে মানুষ, বিশ্বজগতের বিস্ময় ও গৌরব’ হিসাবে উদ্ভূত হয়েছে।[2]
আধুনিক বিবর্তনবিদগণের দাবী, মানুষ ও শিম্পাঞ্জি-বোনোবো নামক একটি বিলুপ্ত সাধারণ পূর্বপুরুষ থেকে আলাদা হয়েছে, আনুমানিক ৬ থেকে ৮ মিলিয়ন বছর আগে। গরিলার শাখা এর আগে এবং ওরাংওটাংয়ের শাখা আরও আগে পৃথক হয়েছে বলে তাদের ধারণা।[3] মানুষের উৎপত্তি সম্পর্কে সমকালীন বিবর্তনবাদীরা জীবাশ্মবিদ্যা, তুলনামূলক জিনোমিক্স এবং আণবিক জীববিদ্যার ভিত্তিতে সাধারণত তিনটি প্রধান দলীল উপস্থাপন করে। যেমন : (১) সাহেলানথ্রোপাস, অর্ডিপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, বিশেষত ‘লুসি’ (Lucy)-এবং হোমো ইরেক্টাস (Homo erectus) প্রভৃতি প্রাচীন জীবাশ্ম, যেগুলোকে তারা মানব বিবর্তনের ধারাবাহিকতার প্রমাণ হিসাবে উপস্থাপন করেন।[4] (২) ২০০৫ সালে প্রকাশিত শিম্পাঞ্জির জিনোম বিশ্লেষণে মানুষ ও শিম্পাঞ্জির DNA-এর একক নিউক্লিওটাইডের (সারিবদ্ধযোগ্য) পার্থক্য প্রায় ১.২% পাওয়া যায়।[5] এছাড়া ২০২৫ সালে Nature জার্নালে শিম্পাঞ্জি, বোনোবো, গরিলা, বোর্নিওর ও সুমাত্রার ওরাংওটাং এবং সিয়ামাং-এই ছয় প্রজাতির প্রায় সম্পূর্ণ জিনোম প্রকাশিত হয়। বিবর্তনবিদেরা এসব জিনগত সাদৃশ্যকে মানুষ ও অন্যান্য এপের সাধারণ পূর্বপুরুষ থাকার পক্ষে প্রমাণ হিসাবে বিবেচনা করেন।[6] (৩) মানুষের দেহকোষে সাধারণত ২৩ জোড়া বা ৪৬টি ক্রোমোজোম থাকে; অন্য বৃহৎ এপদের দেহকোষে সাধারণত ২৪ জোড়া বা ৪৮টি ক্রোমোজোম থাকে। ১৯৯১ সালের এক গবেষণায় প্রাপ্ত তথ্য থেকে বিবর্তনবিদদের দাবী, মানুষের ২নং ক্রোমোজোম অন্য এপদের দু’টি পৃথক ক্রোমোজোমের সংযুক্তির ফলে সৃষ্টি হয়েছে। এর সমর্থনে তারা দাবী করেন যে, মানুষের ২নং ক্রোমোজোমে সংযুক্তির চিহ্ন হিসাবে বিবেচিত নির্দিষ্ট DNA-ক্রমের উপস্থিতি পাওয়া যায়।[7]
নিম্নে তাদের এসব দাবীগুলো আধুনিক বিজ্ঞানের সাম্প্রতিক তথ্য ও সর্বশেষ গবেষণার আলোকে পর্যালোচনা করা হ’ল-
প্রথমত, কাল্পনিক অনুমান বনাম বাস্তবতার সংঘাত :
বর্তমান মানবজাতি ছয় থেকে আট মিলিয়ন বছর পূর্বে কোন বানর বা শিম্পাঞ্জি সদৃশ প্রাণী থেকে বিবর্তিত হয়ে ক্রমান্বয়ে আজকের রূপ লাভ করেছে- এই কাল্পনিক দাবীর ধারাবাহিকতা প্রমাণের জন্য ডারউইনবাদীরা দলীল হিসাবে প্রধানত চারটি জীবাশ্মকে সামনে আনে। যথা: ১. অস্ট্রালোপিথেকাস, ২. হোমো হ্যাবিলিস, ৩. হোমো ইরেক্টাস এবং ৪. হোমো সেপিয়েনস। তারা দেখাতে চায় যে, এই জীবাশ্মগুলো এমন কিছু প্রজাতি নির্দেশ করে যারা প্রত্যেকে একে অপরের আদিপুরুষ। আর মানব বিবর্তনের মূল পর্যায়কে তারা ‘হোমো’ বা ‘মানুষ’ শ্রেণী নামে অভিহিত করেছে। তাদের দাবী অনুসারে এই হোমো শ্রেণীর জীবগুলো অষ্ট্রেলোপিথেকাস বা বানরসদৃশ জীবের চেয়ে উন্নতর পর্যায়ের ছিল। আর এটাই বিবর্তনের প্রমাণ বহন করে। এক্ষণে আধুনিক অ্যানাটমি, প্রত্নতত্ত্ব এবং জীবাশ্ম বিজ্ঞান গভীরভাবে বিশ্লেষণ করলে তাদের এই কাল্পনিক রূপরেখাগুলো যে কতটা ভিত্তিহীন তা স্পষ্টভাবে ধরা পড়ে।
যেমন- (১) বিবর্তনবাদীরা যে ‘অস্ট্রালোপিথেকাস’ (যার অর্থ দক্ষিণ আফ্রিকান বানর)-কে মানুষের আদি পূর্বপুরুষ হিসাবে কল্পনা করে, বাস্তবে তা মূলত সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাওয়া একপ্রকার বানর বা গরিলা জাতীয় প্রাণী বৈ কিছু নয়। বিখ্যাত এনাটমিষ্ট লর্ড সলি জুকারম্যান (Lord Solly Zuckerman) ১৫ বছর ধরে অস্ট্রেলোপিথেকাসের জীবাশ্মের ওপর গবেষণা চালিয়ে নিশ্চিত করেছেন যে, বানর সদৃশ প্রাণী থেকে মানুষ পর্যন্ত বিস্তৃত কোন বংশ তালিকার বৈজ্ঞানিক অস্তিত্ব নেই।[8] এছাড়া অধ্যাপক চার্লস অক্সনার্ড (Charles Oxnard) তাঁর বহুমুখী অ্যানাটমিক্যাল গবেষণায় দেখিয়েছেন যে, এই জীবাশ্মগুলোর সাথে আধুনিক মানুষের বাস্তব কোন সাদৃশ্য বা সংযোগ নেই।[9]
(২) বিবর্তন তত্ত্বের দাবী মোতাবেক প্রজাতিগুলো একটি থেকে আরেকটি ক্রমান্বয়ে বিবর্তিত হয়েছে। কিন্তু সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক ও ভূতাত্ত্বিক তথ্য প্রমাণ করেছে যে, অস্ট্রালোপিথেকাস, হোমো হ্যাবিলিস এবং হোমো ইরেক্টাসের মতো প্রজাতিগুলো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে একই সময়ে পাশাপাশি বসবাস করছিল।[10] অর্থাৎ একই সময়ে একাধিক হোমিনিড বংশানুক্রম বর্তমান ছিল এবং কেউই একে অপর থেকে জন্ম না নেয়নি। যার অর্থ খুবই স্পষ্ট যে, এ সকল প্রজাতিগুলো একে অপরের থেকে বিবর্তিত হয়নি, যেমনটি দাবী করেছে ডারউইনবাদীরা।
(৩) বিবর্তনবাদীদের বক্তব্য হচ্ছে, মানুষ, শিম্পাঞ্জি এবং বোনোবোর ‘সর্বশেষ সাধারণ পূর্বপুরুষ’ (Last Common Ancestor) একই প্রজাতির ছিল। কিন্তু বিগত দেড়শ বছরে বিশ্বজুড়ে প্রচুর পরিমাণ জীবাশ্ম আবিষ্কৃত হ’লেও বিজ্ঞানীরা আজ পর্যন্ত এমন কোন জীবাশ্ম শনাক্ত করতে পারেনি, যা নিশ্চিতভাবে এই তিন প্রজাতির সাধারণ পূর্বপুরুষ হিসাবে দাবী করা যায়।[11] সাহেলানথ্রোপাস (Sahelanthropus), অরোরিন (Ororin) এবং অর্ডিপিথেকাস (Ardipithecus)-এর মতো প্রজাতিগুলোর সন্ধান পাওয়ার পর বিবর্তনবাদীরা এগুলোকে ‘আদি মানব-গোষ্ঠী’র সদস্য বলে প্রচার করার চেষ্টা করেছিল। কিন্তু আধুনিক জীবাশ্মবিদরা আদৌ কোন প্রমাণ পাননি যে, এগুলো কোন মানব বংশের অংশ।[12]
(৪) ২০২১ সালে বিশ্বখ্যাত Science সাময়িকীতে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনায় জীবাশ্মবিদ ও নৃবিজ্ঞানীরা দেখান যে, বিজ্ঞানীদের হাতে থাকা বিদ্যমান জীবাশ্ম-প্রমাণের সাথে মানব-উৎপত্তির প্রচলিত কাহিনীর কোন মিল নেই। উদাহরণস্বরূপ- বহুদিন ধরে প্রচার করা হয় যে, শিম্পাঞ্জির মতো চার পায়ে ভর দিয়ে চলা (Knuckle-walking) পূর্বপুরুষদের মধ্য দিয়ে মানুষ বিবর্তিত হয়েছে। কিন্তু আধুনিক তথ্য-উপাত্তে এর কোন প্রমাণ মেলেনি।[13]
তাছাড়া ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত হয় হোমো নালেডি (Homo naledi)। এই প্রাণীটির মস্তিষ্ক ছিল অত্যন্ত ক্ষুদ্র (কমলালেবুর মতো), কিন্তু কঙ্কালটির অন্যান্য বৈশিষ্ট্য ছিল অদ্ভূত রকমের মিশ্র। পরবর্তীতে গবেষণায় যখন এর বয়স নির্ধারণ করা হয় মাত্র ২.৩ থেকে ৩.৩ লক্ষ বছর (যা তাদের কল্পিত আধুনিক মানুষের সূচনাকালের সমসাময়িক), তখন বিবর্তনবাদীদের সাজানো সরলরৈখিক ‘বানর>মানুষ’ রূপরেখাটি চরম ধাক্কা খায়। এটি প্রমাণ করে যে, ছোট মস্তিষ্কের আদিম আকৃতির প্রজাতি এবং আধুনিক মানুষ একই সময়ে বিদ্যমান ছিল, যা একের পর এক প্রজাতি বিবর্তিত হওয়ার ধারণাকে পুরোপুরি অবান্তর প্রমাণ করে।[14]
(৫) বিবর্তনীয় ধারাবাহিকতায় মানুষের কংকালকে দাঁড়িয়ে হাটার উপযুক্ত করে নকশা করা হয়েছে। অপরদিকে এপদের যে নকশা রয়েছে তা ছোট পা, লম্বা হাত এবং সামনে ঝুঁকে দাঁড়ানোর ভঙ্গি চার পায়ে চলার জন্য উপযুক্ত। মজার ব্যাপার হচ্ছে যে, বায়োমেকানিক্স (Biomechanics), অঙ্গসংস্থানবিদ্যা এবং শারীরিক ভারসাম্যনীতির দিক থেকে চতুর্পদী এপ ও দ্বিপদী মানুষের মধ্যে কোন মধ্যবর্তী রূপ থাকার সুযোগ নেই। কেননা চতুর্পদী থেকে ক্রমান্বয়ে দ্বিপদী অবস্থাটা বিবর্তন প্রক্রিয়ার ‘উন্নততর অবস্থার দিকে যাওয়ার নীতি’-এর সাথে সামঞ্জস্যশীল নয়। অন্যদিকে এ ধরনের মধ্যবর্তী দশাযুক্ত প্রাণীর পক্ষে বাস্তবে চলাফেরাই অসম্ভব হয়ে পড়বে। কারণ একটি প্রজাতি যখন পুরোপুরি চার পায়ে চলার দক্ষতা হারাবে কিন্তু সোজা হয়ে দ্বিপদী হওয়ার মতো পূর্ণাঙ্গ কঙ্কাল কাঠামোও লাভ করবে না, তখন সে শিকার ধরা বা শিকারীর হাত থেকে পালানোর ক্ষেত্রে হয় চরম ধীরগতির হবে, নয়তো অক্ষম হয়ে পড়বে। তাই বিবর্তনীয় প্রাকৃতিক নির্বাচন (Natural Selection) তত্ত্ব মোতাবেক এ ধরনের মধ্যবর্তী দশা প্রকৃতির টিকে থাকার লড়াইয়ে প্রাণীকে কোন সুবিধা দেওয়া তো দূরের কথা, প্রাণীর অস্তিত্বই ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। সুতরাং দু’টি সম্পূর্ণ ভিন্ন গতির শারিরীক কাঠামোর মাঝে কোন কার্যকর মধ্যবর্তী ধাপ থাকা একটি অবৈজ্ঞানিক ব্যাপার ও অসম্ভব।[15]
মোটকথা বিগত দেড়শ’ বছরে প্রাপ্ত জীবাশ্মগুলো থেকে বিবর্তনবাদীরা কোন একটি সুনির্দিষ্ট ‘বিবর্তনীয় চেইন’ বা ধারাবাহিকতা উন্মোচন করতে পারেনি। বরং সাম্প্রতিক সময়ের বৈজ্ঞানিক ও প্রত্নতাত্ত্বিক গবেষণাগুলো প্রমাণ করছে যে, পাঠ্যপুস্তকে প্রদর্শিত ‘বানর থেকে ক্রমান্বয়ে মানুষ হওয়ার’ গল্পটির কোন বৈজ্ঞানিক বাস্তবতা নেই বরং স্রেফ বানোয়াট কল্পনা মাত্র।
দ্বিতীয়ত, খণ্ডিত প্রমাণের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সীমাবদ্ধতা :
বিবর্তনবাদীদের সাধারণ প্রবণতা হ’ল নিজেদের পূর্বধারণা থেকে কিংবা কোন এক খণ্ডিত উপাত্তের ওপর ভিত্তি করে বিরাট কোন সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা। এক্ষেত্রে তারা বিজ্ঞান নয়, বরং অনুমানের উপরই নির্ভর করে। যেমন-
(১) নতুন কোন জীবাশ্ম পাওয়া গেলেই বিবর্তনবিদদের মধ্যে সেটিকে স্পষ্ট কোন প্রমাণ ছাড়াই সরাসরি ‘মানুষের দিকে বিবর্তিত রূপ’ বা ‘এপ-মানুষের মধ্যবর্তী সূত্র’ (missing link) হিসাবে উপস্থাপন করার একটি প্রবল প্রবণতা দেখা যায়। অথচ প্রাপ্ত জীবাশ্মটি যে অতীতকালের কোন বিলুপ্ত প্রাণী বা এপ (Ape) প্রজাতি হ’তে পারে এই স্বাভাবিক ও বৈজ্ঞানিক সম্ভাবনাটিকে সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়। বহু ক্ষেত্রে তারা কেবল একটি দাঁত, চোয়ালের ছোট টুকরো কিংবা আঙুলের একটিমাত্র হাড়ের ওপর ভিত্তি করে পুরো একটি ‘নতুন মধ্যবর্তী প্রজাতি’র কাল্পনিক চিত্র দাঁড় করিয়ে দেয়।[16] যেমন বিবর্তনবিদদের উপস্থাপিত সবচেয়ে বড় জীবাশ্ম প্রমাণ হিসাবে ১৯৭৪ সালে ইথিওপিয়ায় আবিষ্কৃত ‘লুসি’র কঙ্কালের কথা বলা হয়। অথচ এর মাত্র ৪০ শতাংশ অংশ পাওয়া গিয়েছিল। সাহেলানথ্রোপাসের ক্ষেত্রেও পাওয়া যায় কেবল একটি দুমড়ে-মুচড়ে যাওয়া খুলি মাত্র। এত সামান্য ও খণ্ডিত আংশিক কঙ্কাল থেকে অতিরিক্ত অনুমান করা এবং এপের বৈশিষ্ট্যে ভরা জীবাশ্মকে জোরপূর্বক মানুষের পূর্বপুরুষ বানানোর চেষ্টা কোন বিজ্ঞাননির্ভর বিষয় নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিত কষ্টকল্পনা মাত্র।
(২) জীবাশ্ম হিসাবে পাওয়া কঙ্কালের ওপর ভিত্তি করে বিবর্তনবিদরা ল্যাবরেটরিতে যেসব অনুমাননির্ভর চেহারা বা রূপ (Facial Reconstruction) প্রদান করে, তা বৈজ্ঞানিকভাবে কতটুকু গ্রহণযোগ্য? কোন প্রাণীর মুখ বা শারিরীক অবয়ব কেমন হবে, তা প্রধানত নির্ভর করে তার ত্বক, মেদ বা চর্বি, মাংসপেশীর ঘনত্ব এবং তুলনামূলক অবস্থানের ওপর, যা হাড়ের কঙ্কালে মোটেই সংরক্ষিত থাকে না। এমনকি তার লিঙ্গ নির্ধারণও সম্ভব নয়। যেমনভাবে এখনও ‘লুসি’র কঙ্কালটি ছেলে না মেয়ের, তা নির্ধারণ করা যায়নি।
এজন্য একই কঙ্কালকে শিল্পী বা বিবর্তনবাদী গবেষক চাইলে তার ব্যক্তিগত ধারণার ওপর ভিত্তি করে সম্পূর্ণ ‘বানর সদৃশ’ অথবা ‘মানুষ সদৃশ’ করে আঁকতে বা গড়ে তুলতে পারেন। তাই দু’একটি জীবাশ্ম দেখিয়ে বিবর্তনবাদের এমন মস্ত দাবী কোন বিজ্ঞান নয়, বরং নিজেদের পূর্বনির্ধারিত তত্ত্বকে সত্য প্রমাণ করার একটি নিরেট শৈল্পিক চেষ্টা মাত্র।[17]
(৩) বিবর্তনবাদীরা কোন উপযুক্ত প্রমাণ ছাড়াই সামান্য কিছু প্রত্নতাত্ত্বিক উপাত্তের ভিত্তিতে মানব ইতিহাসকে এমন সুন্দরভাবে গল্পের মত বিন্যস্ত করেছে, যে মানুষের মস্তিষ্কে সেই মিথ্যা চিত্রটি স্থায়ীভাবে গেঁথে গেছে। মানব সভ্যতার তথাকথিত পর্যায়ক্রমিক ক্রমবিকাশ (প্রস্তর যুগ>ব্রোঞ্জ যুগ>লৌহ যুগ) তত্ত্ব দাঁড় করিয়ে তারা বলে, মানুষ একসময় আদিম, অসভ্য ও গুহাবাসী হিসাবে কেবল পাথর ব্যবহার করত, পরবর্তীতে ব্রোঞ্জ এবং সবশেষে লৌহ প্রযুক্তি আবিষ্কার করে। সবশেষে যখন মানুষ আগুন জ্বালাতে শেখে, তখন সভ্যতার সূচনা হয়। অথচ ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ এই কালানুক্রমকে ভিত্তিহীন প্রমাণিত করে।
যেমন প্রযুক্তিগত অগ্রগতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী মানুষের আগে কাঁচা লোহার আকরিক গলানো ও শিকারের জন্য হাতিয়ার বানানোর জ্ঞান অর্জন করার কথা এবং পরবর্তীতে অধিকতর জটিল ‘সংকর ধাতু’ বা ব্রোঞ্জ উদ্ভাবন করার কথা। সেই হিসাবে প্রযুক্তিগত অগ্রগতির বিচারে লৌহ যুগের আগেই ব্রোঞ্জ যুগ আসার কথা নয়। অন্যদিকে পৃথিবীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থানে প্রাচীন পাললিক শিলা বা কয়লার স্তরের ভেতর থেকে এমন কিছু ধাতব বস্তু ও জটিল হাতিয়ার পাওয়া গেছে, যা তথাকথিত ‘প্রস্তর যুগেও’ মানুষের উচ্চমানের প্রযুক্তি ও ধাতব জ্ঞানের প্রমাণ দেয়।[18]
এসব প্রমাণ করে যে, মানব ইতিহাস কোন অসভ্য গুহাবাসী অবস্থা থেকে ধীরে ধীরে সভ্য হওয়ার রূপকথা নয়; বরং শুরু থেকেই মানুষ বুদ্ধিমত্তা ও বিভিন্ন ধাতুর ব্যবহারিক জ্ঞান অর্জন করেছিল।
(৪) বিবর্তনবাদীদের দাবী হ’ল, প্রাচীন গুহাচিত্রগুলো আদিম, অশিক্ষিত ও অর্ধ-পশু গুহাবাসীদের আঁকা। কিন্তু বাস্তবে এই শিল্পকর্মগুলোতে যে বিজ্ঞান ও প্রযুক্তির ছাপ রয়েছে, তা তাদের সেই দাবীকে পুরোপুরি খণ্ডন করে।
যেমন ফ্রান্সে পাওয়া লাসকো (Lascaux) বা স্পেনের আলতামিরা (Altamira)-র গুহাচিত্রগুলোকে লাখ লাখ বা হাযার হাযার বছর আগের ‘আদিম অর্ধ-মানুষদের’ বুনো প্রচেষ্টা বলে দাবী করা হয়। অথচ এতে এত উচ্চ মানসম্পন্ন রাসায়নিক রঙ ব্যবহার করা হয়েছে যে, লাখ লাখ বছর পার হয়ে যাওয়ার পরও আর্দ্র, স্যাঁতসেঁতে গুহার দেয়ালে এই চিত্রগুলোর রঙ ও উজ্জ্বলতা অক্ষুণ্ণ রয়েছে। এমনকি গুহাচিত্রগুলোতে আঁকা পশুপাখির ছবিতে ‘শেডিং’ (Shading), আলো-ছায়ার ব্যবহার এবং গুহার পাথরের স্বাভাবিক উঁচু-নিচু খাঁজকে পশুর পেশী বা রূপরেখা হিসাবে ব্যবহার করে চমৎকার ত্রিমাত্রিক (3D) রূপ দেওয়া হয়েছে। কোন অসভ্য বা পশুর কাছাকাছি পর্যায়ের প্রাণীর পক্ষে দূরদর্শিতা, ত্রিমাত্রিক জ্যামিতিক জ্ঞান এবং এমন সূক্ষ্ম নান্দনিকতাবোধ থাকা অসম্ভব। বরং এটি তাদের সুপরিকল্পিত প্রযুক্তিগত দক্ষতারই প্রমাণ বহন করে।[19]
সুতরাং এটা স্পষ্ট যে, মানবজাতির বিবর্তনের গল্প গুটিকয়েক অন্ধ বিবর্তনবাদী কর্তৃক মাটি খুঁড়ে তুলে আনা হাড়ের স্তুপ আর ফসিলের বানোয়াট ব্যাখ্যাই দিয়েছে শুধু, কোন সফলতা খুঁজে পায়নি। মূলত বৈজ্ঞানিক সত্যের চেয়ে আধুনিক জীববিজ্ঞানের নামে বস্তুবাদকে টিকিয়ে রাখার কায়েমী স্বার্থ চরিতার্থ করাই তাদের মূখ্য উদ্দেশ্য।
তৃতীয়ত-সাদৃশ্য এবং বংশধারা -এর মধ্যে পার্থক্য (Similarity vs. Lineage) :
বিবর্তনবিদরা মানুষ ও অন্যান্য বানরসদৃশ (শিম্পাঞ্জি, গরিলা) প্রাণীদের মধ্যে দুই ধরণের মিল দেখাতে চেয়েছে। যথা- (১) জিনগত মিল (Genetic/Morphological Similarity) : জীবজগতের বিভিন্ন প্রজাতি বা জীবের মধ্যে জিনগত বা শারীরবৃত্তীয় মিল থাকা একটি পরীক্ষিত ও পর্যবেক্ষিত বৈজ্ঞানিক তথ্য। একই গ্রহের পরিবেশ, একই ধরনের মৌলিক উপাদান এবং জৈবরাসায়নিক চাহিদা (যেমন-প্রোটিন তৈরির মৌলিক অ্যামিনো অ্যাসিড বা বিপাকীয় প্রক্রিয়া) সব জীবের জন্যই কমবেশী এক। কিন্তু এই মিলের কারণ এই নয় যে, উভয়ের ‘সাধারণ পূর্বপুরুষ’ (Common Ancestry) বা বংশধারা এক। যেমন একটি পোর্শে স্পোর্টস কার এবং একটি ভলভো বাসের মধ্যে ধাতব উপাদান, চাকা, ইঞ্জিন এবং নানা প্রযুক্তিগত উপাদানে প্রচুর মিল থাকে। এর কারণ এই নয় যে ভলভো বাসটি বিবর্তিত হয়ে পোর্শে গাড়িতে রূপ নিয়েছে। বরং দুটো আলাদা আলাদা উদ্দেশ্যে নির্মিত হয়েছে।
এখন ২০০৫ সালে প্রকাশিত শিম্পাঞ্জির জিনোম বিশ্লেষণে মানুষ ও শিম্পাঞ্জির সারিবদ্ধযোগ্য DNA-এর একক নিউক্লিওটাইডের পার্থক্য প্রায় ১.২% পাওয়া গেছে বলে যে দাবী করা হয়েছে, তার অর্থ উভয়ের মাঝে ৯৮-৯৯% মিল আছে! না, মূল ব্যাপারটি তা নয়। কেননা মানুষের জিনোমে প্রায় ৩ বিলিয়ন (৩০০ কোটি) বেস পেয়ার বা নিউক্লিওটাইড রয়েছে। এই বিশাল অক্ষরের ডেটাসেটের ১.২% পার্থক্য কোন সামান্য পার্থক্য নয়, বরং এর মানে হ’ল প্রায় ৩ কোটি ৬০ লক্ষ নিউক্লিওটাইডের সুনির্দিষ্ট ব্যবধান। এই ৩ কোটি ৬০ লক্ষ সুনির্দিষ্ট এবং নিখুঁত পরিবর্তন বা মিউটেশন যদি সম্পূর্ণ এলোমেলোভাবে (Random Mutations) ঘটে, তবে তা থেকে মানুষের মতো অত্যন্ত জটিল মস্তিষ্ক, দ্বিপদ চালচলন, উন্নত চেতনা ও বুদ্ধিমত্তা তৈরি হওয়া গাণিতিক সম্ভাবনা তত্ত্ব (Probability Theory) অনুযায়ী অসম্ভব। কারণ ভুল বা ক্ষতিকর মিউটেশন জীবের জীবননাশ করে, নতুন কোন জটিল অঙ্গ বা জিনগত সফটওয়্যার তৈরি করতে পারে না।[20]
তাছাড়া ৯৮-৯৯% মিল রয়েছে’- কথাটি মিডিয়ায় প্রচারমুখী একটি স্লোগান, যা মূলত এক ধরনের পক্ষপাতমূলক ডেটা সিলেকশনের ফল (Cherry-Picking in Genetic Comparison)। প্রকৃত বৈজ্ঞানিক পরিমন্ডলে এটি কোন চূড়ান্ত বা অপরিবর্তনীয় রায় নয়; বরং পরিমাপের পদ্ধতি এবং তথ্যের পরিধি পরিবর্তনের সাথে সাথে এই পরিসংখ্যানগুলোও পরিবর্তিত হ’তে পারে। কেননা ‘কত শতাংশ মিল রয়েছে’ তা সম্পূর্ণভাবে নির্ভর করে গবেষকরা জিনোম বা ডিএনএ’র ঠিক কোন অংশগুলো তুলনা করছেন তার উপর ভিত্তি করে। যেমন পরবর্তীতে আধুনিক ও পুঙ্খানুপুঙ্খ গবেষণায় যখন পুরো জিনোম (Whole-genome sequencing) তুলনা করা হয়, তখন এই দুই প্রজাতির মধ্যকার প্রকৃত ব্যবধান আগের ধারণার চেয়ে অনেক বেশী (প্রায় ৩০%) বলে প্রমাণিত হয়েছে।[21]
বিবর্তনবাদীরা আরেকটি বিষয় বিশেষ জোর দিয়ে বলার চেষ্টা করে যে, মানব ও অন্যান্য এপদের জিনোমে থাকা এন্ডোজেনাস রেট্রো ভাইরাস (ERV) হ’ল একটি সাধারণ পূর্বপুরুষের অকাট্য ‘আণবিক জীবাশ্ম’ বা ‘অবশেষ-চিহ্ন’। তাদের মতে, এই ERV হ’ল প্রাচীন ভাইরাসের অবশেষ, যা ডিএনএ-র এলোমেলো ও অপ্রয়োজনীয় স্থানে যুক্ত হয়। মানুষ ও শিম্পাঞ্জির জিনোমের ঠিক একই স্থানে অবিকল একই রকম এই নিষ্ক্রিয় ভাইরাসের ‘অবশেষ’ পাওয়া যায়, যা সাধারণ পূর্বপুরুষ (Common Ancestry) থাকার পক্ষে সবচেয়ে শক্তিশালী দলীল।
কিন্তু এই যুক্তির মূল ভিত্তিটিই একটি অনুমানের ওপর দাঁড়িয়ে আছে। তারা শুরুতেই ধরে নেন যে বিবর্তন সত্য, আর তাই এই সিকোয়েন্সগুলোকে ‘অবশেষ’ হিসাবে ব্যাখ্যা করা হয়। অথচ ভিন্ন ভিন্ন জীবে একই স্থানে ERV পাওয়ার পেছনে জৈবিক ও রাসায়নিক অন্য কারণ থাকতে পারে, যা বরং ‘সাধারণ নকশা’ (Common Design) বা একই রকম সেলুলার কাঠামোর তত্ত্বকে সমর্থন করে।[22]
বিশেষ করে একই স্রষ্টার যেহেতু সৃষ্টিজগত, তাই বিভিন্ন প্রাণীর মধ্যে কাঠামোগত প্রয়োজনে নকশায় এমন অনেক বিষয়ে মিল থাকা প্রকৃতিতে মোটেও অস্বাভাবিক কিছু নয়। যেমন সম্পূর্ণ ভিন্নধর্মী শারিরীক কাঠামোর হ’লেও আশ্চর্যজনকভাবে ইঁদুরের সাথে মানুষের অনেক জিনগত সাদৃশ্য আছে, এমনকি উভয়ের প্রোটিন-কোডিং জিন-এর মধ্যে গড়ে প্রায় ৮৫% সাদৃশ্য আছে! অর্থাৎ যে জিনগুলো মানুষের শরীরে কাজ করে, তার বেশীরভাগের মত জিন ইঁদুরের শরীরেও আছে।[23] একই মৌলিক জৈবিক প্রয়োজন (যেমন কোষের কাজ, বিপাক, প্রোটিন তৈরি ইত্যাদি) মেটানোর জন্য এই সাদৃশ্য থাকতেই পারে। কিন্তু এই কারণে কেউ বলে না যে মানুষ ইঁদুর থেকে এসেছে। যেমনভাবে বিভিন্ন যন্ত্রের ইঞ্জিনিয়ারিং ডিজাইনে একই ধরনের উপাদান ব্যবহারের কারণে যান্ত্রিক নকশায় মিল থাকতে পারে। কিন্তু মিল থাকলেই সেটা একই জিনিস বলে প্রমাণিত হয় না। অতএব এটা খুবই সুস্পষ্ট যে, সাদৃশ্য থাকলেই সরাসরি বংশধারায় লাফ দেয়া বিবর্তনবিদদের একটি চিরাচরিত বৈশিষ্ট্য, যার ভিত্তি হ’ল অন্ধ গোঁড়ামীপূর্ণ কল্পনা, কোন স্বচ্ছ বৈজ্ঞানিক পর্যবেক্ষণ নয়।
(২) ক্রমোজমের মিল (Chromosome 2 Fusion) : বিবর্তনবাদীদের মতে, মানুষের যে ২ নম্বর ক্রোমোজোম, সেটি আসলে দুটো আলাদা ক্রোমোজোম জোড়া লেগে তৈরি হয়েছে। অর্থাৎ কোন এক আদি মানব-পূর্বপুরুষের শরীরে শিম্পাঞ্জির মত দুই সেট আলাদা ক্রোমোজোম মাথায় মাথায় জোড়া লেগে এক হয়ে গিয়েছিল। সেইজন্য মানুষের ক্রোমোজোম সংখ্যা এক জোড়া কমে ২৩টি হয়েছে।
অথচ পরবর্তী গবেষণায় দেখা গেছে, কথিত জোড়া লাগার স্থানটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোটিন-কোডিং জিনের ভেতরে অবস্থিত এবং এটি সক্রিয়ভাবে কাজ করে। এমন একটি গুরুত্বপূর্ণ জিনের ভেতরে হঠাৎ দুটো ক্রোমোজোম জোড়া লেগে গিয়ে সেটা স্বাভাবিকভাবে কাজ করবে-এটা খুবই অসম্ভাব্য এবং সম্ভাবনা তত্ত্বের (Probability theory) দৃষ্টিতে অসম্ভব।[24] সুতরাং এই ক্রোমোজোম বিবর্তনের মাধ্যমে তৈরী নয়; বরং আলাদা সৃষ্টি। আর এমন ক্রোমোজোমাল fusion/fission অন্যান্য প্রজাতিতেও হরহামেশা ঘটে। এটি বিশেষভাবে ‘মানুষ-এপ সংযোগ’ প্রমাণ করে না, বরং মানুষের বংশে একটি নির্দিষ্ট ঘটনা মাত্র।
বলা হয় যে, শিম্পাঞ্জির দুটো ক্রোমোজোম (2A I 2B) এর সিকোয়েন্স মানুষের ২ নম্বর ক্রোমোজোমের সাথে যথেষ্ট মিলে যায়। এর জবাবে বলা যায়, মানুষ ও এপদের শরীরবৃত্তীয় ও জৈবরাসায়নিক প্রয়োজন ভিন্ন হ’লেও মৌলিক উপাদান অভিন্ন হওয়ায় ক্রোমোজোমিক বিন্যাসের ব্লুপ্রিন্ট বা নকশায় সুনির্দিষ্ট মিল বা সামঞ্জস্য থাকা খুবই স্বাভাবিক। কিন্তু এই মিল বিবর্তনের প্রমাণ নয়, বরং একই নকশার কারণে সাধারণ মিল বলা যায়।[25]
অন্যদিকে যদি বিবর্তনবাদীদের সাধারণ পূর্বপুরুষের তত্ত্ব সঠিক হ’ত, তবে পুরুষত্ব নির্ধারণকারী Y-ক্রোমোজোমে মানুষ ও শিম্পাঞ্জির সবচেয়ে বেশী মিল পাওয়ার কথা ছিল। কিন্তু আধুনিক সিকোয়েন্সিং সম্পূর্ণ উল্টো চিত্র প্রকাশ করে বলেছে, মানুষ ও শিম্পাঞ্জির Y-ক্রোমোজোম আকারে সম্পূর্ণ ভিন্ন, এর সারিবদ্ধকরণ (Alignment) অসম্ভব এবং এতে ৫০% এরও বেশী কাঠামোগত আর্কিটেকচারের ভিন্নতা রয়েছে। বিজ্ঞানীদের ভাষায়, Y-ক্রোমোজোমের এই অমিল বিবর্তনীয় সময়কালের সাপেক্ষে ‘আশ্চর্যে ভরপুর’ (Shockingly different)।[26]
আরো একটি বিষয় হ’ল, বিবর্তনবাদীরা মানুষ ও শিম্পাঞ্জির জিনোমের সাদৃশ্য দেখে ৯৮-৯৯ শতাংশ মিল-এর দাবী তুলে ধরে। কিন্তু এটি জিনোমের প্রকৃত চিত্র নয়। ২০১৮ সালের গবেষণায় দেখা গেছে, কোডিং ডিএনএ-তে সামান্য মিল থাকলেও, জিনের কাজ করা বা প্রোটিন তৈরির হার মানবেতর এপ ও মানুষের মধ্যে সম্পূর্ণ ভিন্ন। এতে মানুষ ও শিম্পাঞ্জির মধ্যে প্রায় ১৭,০০০ কাঠামোগত পার্থক্য চিহ্নিত করা হয়েছে। আর এই পরিবর্তনগুলো কথিত ১-২% পার্থক্যের হিসাবের বাইরেই, কিন্তু এগুলো মানব মস্তিষ্কের বিকাশ ও কোষীয় কার্যকারিতায় বিশাল তফাৎ তৈরি করে।[27]
সুতরাং শুধু কিছু অংশে শতকরা মিল দেখিয়ে বিবর্তনের দাবী তোলা পুরোপুরি অজ্ঞতাপূর্ণ এবং মিথ্যাচার। কারণ এটা স্বতসিদ্ধ যে, সামান্য শতাংশের ব্যবধানও বিপুল জৈবিক ও আচরণগত ব্যবধান আনতে পারে। যেমন দু’টি সফটওয়্যারের ৯৮% কোড অভিন্ন হ’লেও বাকী ২%-এর ব্যবধানের কারণে একটি হয় ক্যালকুলেটর, অন্যটি অপারেটিং সিস্টেম (OS)। আরো সহজ করে বললে, একই মসলা দিয়ে বিরিয়ানিও রান্না হয়, আবার খিচুড়িও রান্না হয়। উপকরণের মিল খাবারের পরিচয় নয়। বরং রান্নার সময় কোন মসলা কখন কতটুকু পড়ল, সেটাই পরিচয় নির্ধারণ করে।
মোটকথা জিনোমের প্রতিটি অণু-পরমাণুর সব খুঁটিনাটি বা গভীরতম রহস্য আজও মানুষের বোধগম্য নয়। তাই মানুষের সীমিত জ্ঞান দিয়ে সবকিছু ব্যাখ্যা করতে না পেরে এটিকে আচমকা ‘বিবর্তনের প্রমাণ’ বলে দাবী করা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। সুতরাং বিবর্তনবাদের প্রতারণাপূর্ণ অন্ধকার গলিতে না হেঁটে মানব জাতিকে আল্লাহর একটি ‘স্বতন্ত্র সৃষ্টি’ (Distinct Creation) হিসাবে মেনে নেয়াটাই সব সমস্যার সমাধান। তাহ’লে এসব অর্থহীন বিতর্কের কোন প্রয়োজন হয় না। যে কোন সুস্থ বিবেকসম্পন্ন মানুষ তা স্বীকার করতে বাধ্য।
(ক্রমশ:)
[1]. Charles Darwin, On the Origin of Species, p. 488.
[2]. Charles Darwin, The Descent of Man, Vol. I, ch. VI, p. 199-200.
[3]. John Hawks, Guide to Sahelanthropus, Orrorin and Ardipithecus, johnhawks.net.
[4]. R. Bobe, B.Wood, Estimating origination times from the early hominin fossil record (Evolutionary Anthropology, 2021), 31: 92–102.
[5]. The Chimpanzee Sequencing and Analysis Consortium, Initial sequence of the chimpanzee genome and comparison with the human genome. (Nature 437, 2005), p. 69–87.
[6]. Yoo, D., Rhie, A., Hebbar, P. et al. Complete sequencing of ape genomes (Nature 641, 2025), p. 401–418.
[7]. J. W. Ijdo & others, Origin of Human Chromosome 2: An Ancestral Telomere-Telomere Fusion (Proceedings of the National Academy of Sciences, 1991, 88 (20): 9051–9055.
[8]. Solly Zuckerman, Beyond the Ivory Tower: The Frontiers of Public and Private Science (New York: Taplinger Publishing Company, 1970), p. 76-94.
[9]. Charles E. Oxnard, The Place of Australopithecines in Human Evolution: Grounds for Doubt (Nature 258, 1975, no. 5534). p. 389-395.
[10]. Fred Spoor, et al. Implications of New Early Homo Fossils from Ileret, East of Lake Turkana, Kenya (Nature 448, 2007), p. 688–91.
[11]. Bernard Wood and Terry Harrison, The Evolutionary Context of the First Hominins (Nature 470, no. 7334 (2011), p. 347–352.
[12]. David R. Begun, ed. A Companion to Paleoanthropology (Malden, MA: Wiley-Blackwell, 2013).
[13]. Sergio Almécija & others, Fossil Apes and Human Evolution (Science 372, no. 6542; 7 May 2021) : eabb4363.
[14]. Paul H. G. M.Dirks, et al. The Age of Homo naledi and Associated Sediments in the Rising Star Cave, South Africa (eLife 6 (2017) : e24231.
[15]. Brian Thomas, Human Locomotion: Designed for Walking (Acts & Facts 47, no. 10, 2018), p. 14–16.
[16]. Ian T. Taylor, In the Minds of Men: Darwin and the New World Order (6th ed. Minneapolis: TFE Publishing, 2008.
[17]. David Menton, Lucy: She's No Lady (The New Answers Book 2, edited by Ken Ham, Master Books, 2008), p. 71–80.
[18]. Donald E. Chittick, Puzzle of the Ancient Civilizations: Contrary Evidence That Demolishes the Theory of Evolution (3rd ed., Newberg, OR: Creation Compass, 2006.
[19]. Marvin L. Lubenow, "Cave Art: Evidence of High Intelligence in Early Humans." In Bones of Contention: A Creationist Assessment of Human Fossils (Grand Rapids, MI: Baker Books, 2004), p. 235–248.
[20]. Jeffrey P Tomkins,. Comprehensive Analysis of Chimpanzee and Human Chromosome 22: New Insights on Synteny and Variant Metrics (Answers Research Journal, 2013) 6: 201–213.
[21]. Evan E. Eichler, Refining structural variations and repetitive elements in primate comparative genomics (Nature Reviews Genetics, et al. 2025).
[22]. Jeffrey Tomkins, Genome-Wide Analysis Identifies Retroviral Elements as Important Regulators of Gene Expression (Answers Researh Journal, 2013), 6 : 125–139.
[23]. R. H.Waterston, et al. Initial sequencing and comparative analysis of the mouse genome (Nature 420 (2002) : 520–562.
[24]. Jeffrey Tomkins, Alleged Human Chromosome 2 "Fusion Site" Encodes an Active DNA Binding Domain Inside a Complex and Highly Expressed Gene—Negating Fusion (Answers Researh Journal, 2013), 6. 367-375.
[25]. Yang, et al. Incomplete Lineage Sorting of Segmental Duplications Defines the Human Chromosome 2 Fusion Site Early during African Great Ape Speciation (Cell Genomics 6, no. 1, 2026).
[26]. Jennifer F. Hughes, et al. Chimpanzee and human Y chromosomes are remarkably divergent in structure and gene content (Nature 463 (7280), 2010), p. 536–539.
[27]. Zev N. Kronenberg, et al. High-Resolution Comparative Analysis of Great Ape Genomes (Science 360 (6393), 2018), eaar4011.