মানুষ একা চলতে পারে না। জীবনের বাঁকে বাঁকে তাকে সঙ্গী বেছে নিতেই হয়। কিন্তু যাকে আমরা বন্ধু বলে বুকে টেনে নিচ্ছি, সে কি কেবল অবসরের সঙ্গী, নাকি অজান্তেই আমাদের জীবনের গতিপথ ও আখিরাতের পরিণতিতে প্রভাব ফেলছে? একজন বন্ধু কি শুধুই আড্ডার অংশীদার? নাকি তার কথাবার্তা, অভ্যাস, মূল্যবোধ ও জীবনধারা ধীরে ধীরে আমাদের মধ্যেও ছড়িয়ে পড়ে? কত সম্ভাবনাময় জীবন যে অসৎ সঙ্গের কারণে ধ্বংসের অতলে হারিয়ে গেছে, তার হিসাব নেই। আবার সৎ সঙ্গের প্রভাবে বদলে গেছে বহু মানুষের চিন্তা, চরিত্র ও জীবন। ভার্চুয়াল জগতের এই যুগে বন্ধুত্বের পরিধি আর কেবল পরিবার, পাড়া-প্রতিবেশী বা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নেই। একটি ফ্রেন্ড রিকোয়েস্ট, একটি ফলো, একটি অনলাইন গ্রুপ কিংবা নিয়মিত দেখা কিছু কনটেন্টও মানুষের চিন্তা ও জীবনধারায় প্রভাব ফেলতে পারে। ফলে বন্ধুর সংখ্যা বাড়লেই প্রকৃত সহযাত্রীর সংখ্যা বাড়ে না; বরং কাকে কাছে টানছি এবং কার প্রভাব গ্রহণ করছি এ প্রশ্নটি আগের যেকোন সময়ের চেয়ে বর্তমান যুগে অধিক গুরুত্বপূর্ণ। তাই ইসলামের দৃষ্টিতে বন্ধুত্বের প্রকৃত ভিত্তি কি, একজন সৎ বন্ধুর বৈশিষ্ট্যগুলো কি, অসৎ সঙ্গের পরিণতি কতটা ভয়াবহ এবং ডিজিটাল যুগের নানা ফাঁদ থেকে নিজেকে রক্ষা করে কিভাবে কল্যাণকর বন্ধু নির্বাচন করা যায় এসব বিষয় নিয়েই এ প্রবন্ধ।

প্রকৃত বন্ধু কে?

প্রকৃত বন্ধুর পরিচয় শুধু ঘনিষ্ঠতা, পারস্পরিক ভালোবাসা কিংবা সুখে-দুঃখে পাশে থাকার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তার সবচেয়ে বড় পরিচয় হ’ল সে আল্লাহর আনুগত্য ও কল্যাণের পথে সহযোগী। আল্লাহ তা‘আলা বলেন,إِنَّمَا وَلِيُّكُمُ اللهُ وَرَسُولُهُ وَالَّذِينَ آمَنُوا الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ، ‘তোমাদের বন্ধু তো আল্লাহ, তাঁর রাসূল ও মুমিনগণ ব্যতীত কেউ নয়। যারা ছালাত কায়েম করে, যাকাত আদায় করে এবং তারা হয় বিনয়ী’ (মায়েদাহ ৫/৫৫)। অন্যত্র তিনি মুমিন পুরুষ ও নারীকে পরস্পরের ‘আওলিয়া’ বা বন্ধু হিসাবে উল্লেখ করে বলেন,وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ أُولَئِكَ سَيَرْحَمُهُمُ اللَّهُ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ، ‘আর মুমিন পুরুষ ও নারী পরস্পরের বন্ধু। তারা সৎ কাজের আদেশ করে ও অসৎ কাজে নিষেধ করে। তারা ছালাত কায়েম করে ও যাকাত আদায় করে এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে। এসব লোকের প্রতি আল্লাহ অবশ্যই অনুগ্রহ বর্ষণ করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাবান’ (তওবাহ ৯/৭১)। সুতরাং যে বন্ধু আপনাকে আল্লাহর নৈকট্যের দিকে নিয়ে যায়, নেক কাজে সহযোগিতা করে, ভুল হ’লে সংশোধন করে এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণে সহায়তা করে, তিনিই প্রকৃত বন্ধু।

মানবজীবনে বন্ধুর প্রভাব :

বন্ধুর প্রভাব মানুষের জীবনে গভীরভাবে প্রতিফলিত হয়। বিশেষ করে বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েরা বন্ধু ও সমবয়সীদের দ্বারা সবচেয়ে বেশী প্রভাবিত হয়। এ সময়েই তাদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে, যা ভবিষ্যৎ গঠন বা ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। অধিকাংশ অপরাধ বা অন্যায় কাজ মানুষ করে থাকে পরিবেশ, প্রতিবেশী বা বন্ধুদের প্রভাবে। অসৎ সঙ্গ মানুষের অধঃপতনের প্রধান কারণ। বিপরীতে সৎ বন্ধুর সংস্পর্শ জীবনকে আলোকিত করে ও সঠিক পথে পরিচালিত করে।

পাঁচ ওয়াক্ত ছালাতে অভ্যস্থ ও আল্লাহভীরু বন্ধুর সঙ্গে নিয়মিত চলাফেরা করলে সেও ছালাতের প্রতি আগ্রহী হবে। তাদের ভালো কাজ দেখে সে উৎসাহিত হবে। ভুল পথে পা বাড়াতে চাইলে তারা তাকে বাধা দিবে। বিপরীতে বন্ধু যদি এমন হয় যে ছালাতে অলসতা করে, অশ্লীলতায় অভ্যস্ত, মিথ্যা ও গীবতে অভ্যস্ত কিংবা বিভিন্ন পাপ কাজকে স্বাভাবিক মনে করে- তাহ’লে তার প্রভাবও ধীরে ধীরে বন্ধুর ওপর পড়বে।

এই কারণেই রাসূলুল্লাহ বন্ধুত্ব ও সাহচর্যের বিষয়টি অত্যন্ত সুন্দর একটি উপমার মাধ্যমে বুঝিয়েছেন। যেমন তিনি বলেন,مَثَلُ الْجَلِيسِ الصَّالِحِ وَالسَّوْءِ كَحَامِلِ الْمِسْكِ وَنَافِخِ الْكِيرِ فَحَامِلُ الْمِسْكِ إِمَّا أَنْ يُحْذِيَكَ وَإِمَّا أَنْ تَبْتَاعَ مِنْهُ ا أَنْ تَجِدَ مِنْهُ رِيحًا طَيِّبَةً وَنَافِخُ الْكِيرِ إِمَّا أَنْ يُحْرِقَ ثِيَابَكَ وَإِمَّا أَنْ تَجِدَ رِيحًا خَبِيثَةً، ‘সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ হ’ল আতরওয়ালা ও কামারের হাপরে ফুঁকদানকারীর ন্যায়। আতরওয়ালা হয়তো তোমাকে কিছু দান করবে অথবা তার নিকট হ’তে তুমি কিছু ক্রয় করে নিবে কিংবা তার নিকট হ’তে তুমি সুগন্ধি পাবে। আর কামারের হাপর হয়তো তোমার কাপড় পুড়িয়ে দেবে কিংবা তুমি তার নিকট হ’তে দুর্গন্ধ পাবে’।[1]

রাসূল (ছাঃ) আরো বলেন,الرَّجُلُ عَلَى دِيْنِ خَلِيلِهِ فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِلُ، ‘মানুষ তার বন্ধুর রীতি-নীতির অনুসারী হয়। কাজেই তোমাদের প্রত্যেকেই যেন লক্ষ্য করে যে, সে কার সঙ্গে বন্ধুত্ব করছে’।[2] আমরা প্রাত্যহিক জীবনেও হরহামেশা এর বাস্তব প্রতিফলন দেখতে পাই। কারাগার কিংবা মাদক নিরাময় কেন্দ্রগুলোর সিংহভাগ তরুণ নিজ থেকে নয়, বরং বন্ধুদের আড্ডায় ‘একটানে কিছুই হয় না’ কিংবা ‘একটু ট্রাই করে দেখ’ এমন পিয়ার প্রেশার ও ফাঁদে পা দিয়ে সম্ভাবনাময় জীবন ধ্বংস করেছে। অসৎ সঙ্গের কারণে পরীক্ষায় বিপর্যয় কিংবা সাইবার ক্রাইমে জড়িয়ে পড়ার ঘটনাও ঘটছে অহরহ। তাই বন্ধুত্ব দুনিয়া ও আখিরাত দু’জাহানের ভালো-মন্দের প্রধান চালিকাশক্তি। যেখানে সুগন্ধি বিক্রেতার সুরভি যেমন শরীর জুড়ায়, তেমনি কামারের হাপরের দুর্গন্ধ ও স্ফুলিঙ্গ অজান্তেই গোটা জীবনকে কলুষিত করে দেয়।

সৎ বন্ধুর গুরুত্ব :

মানুষের চিন্তা-চেতনা, রুচি, নৈতিক মূল্যবোধ ও সামগ্রিক জীবনাচরণ গঠনে সৎ বন্ধুর ভূমিকা অত্যন্ত সুদূরপ্রসারী। পৃথিবীতে স্বার্থ ও মোহের টানে গড়ে ওঠা বন্ধুত্বের সংখ্যা অগণিত। কিন্তু ক্বিয়ামতের কঠিন দিনে এর অধিকাংশই চরম শত্রুতা ও তীব্র অনুশোচনায় রূপ নেবে। কারণ তারা দুনিয়াতে একে অপরকে পাপ, অবাধ্যতা ও বিভ্রান্তির পথে সহযোগিতা করেছিল। সেদিন কেবল সেই বন্ধুত্বই অক্ষুণ্ণ ও চিরস্থায়ী থাকবে, যার ভিত্তি ছিল আল্লাহর সন্তুষ্টি, ঈমান ও তাক্বওয়া। মহান আল্লাহ বলেন,الْأَخِلَّاءُ يَوْمَئِذٍ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ إِلَّا الْمُتَّقِينَ، ‘বন্ধুরা সেদিন পরস্পরে শত্রু হবে মুত্তাক্বীরা ব্যতীত’ (যুখরুফ ৪৩/৬৭)। সৎ ও সত্যবাদী মানুষের সঙ্গ গ্রহণের ব্যাপারে সরাসরি নির্দেশনা দিয়ে আল্লাহ তা‘আলা আরো বলেন,يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ، ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সাথে থাক’ (তওবা ৯/১১৯) । এমনকি স্বয়ং রাসূলুল্লাহ (ছাঃ)-কেও আল্লাহ তা‘আলা মুখলেছ ও আল্লাহমুখী বান্দাদের সান্নিধ্যে নিজেকে আবদ্ধ রাখার নির্দেশ দিয়ে বলেন, وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ، ‘আর তুমি নিজেকে ধরে রাখো তাদের সাথে যারা তাদের প্রতিপালককে সকালে ও সন্ধ্যায় আহ্বান করে তাঁর চেহারা কামনায়’ (কাহফ ১৮/২৮)।

একজন সৎ ও মুখলেছ বন্ধু দুনিয়াতে যেমন কল্যাণের পথপ্রদর্শক এবং পিছনে পড়া থেকে রক্ষার ঢাল, তেমনি আখিরাতের কঠিন ময়দানেও সে আল্লাহর রহমত ও শাফা‘আতের অনন্য অসীলা।

সৎ বন্ধুর বৈশিষ্ট্য :

সৎ বন্ধু মানুষের জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ। অর্থ-সম্পদ হারিয়ে গেলে তা পুনরায় অর্জন করা সম্ভব, কিন্তু একজন আন্তরিক ও নেককার বন্ধু হারিয়ে গেলে তার শূন্যতা পূরণ করা অনেক কঠিন। বিশেষ করে যে বন্ধু মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, নেক আমলে উৎসাহিত করে এবং পাপ থেকে সতর্ক করে, তার মর্যাদা অনেক উচু। কিন্তু প্রশ্ন হ’ল কাকে বন্ধু হিসাবে গ্রহণ করা উচিত? একজন মানুষের মধ্যে কি কি গুণ থাকলে তাকে বন্ধুত্বের জন্য উপযুক্ত মনে করা যায়? কুরআন ও সুন্নাহর আলোকে সৎ বন্ধুর কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিম্নে তুলে ধরা হ’ল।-

১. ঈমান ও তাক্বওয়ায় সমৃদ্ধ :

সৎ বন্ধুর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হ’ল তার ঈমান ও তাক্বওয়া। কারণ যার অন্তরে আল্লাহর ভয় ও জবাবদিহিতার অনুভূতি রয়েছে, তার সাথে থাকলে দুনিয়া ও আখেরাতের ক্ষতির কোন আশংঙ্কা থাকে না। সে বন্ধুর সঙ্গে প্রতারণা, অন্যায় ও বিশ্বাসঘাতকতা করতে ভয় পাবে। আল্লাহভীতি মানুষের নৈতিক চরিত্রের সবচেয়ে বড় অতন্দ্র প্রহরী। আল্লাহ তা‘আলা বলেন,يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ، ‘হে ঈমানদারগণ! আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো’ (তওবা ৯/১১৯)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, لاَ تُصَاحِبْ إِلاَّ مُؤْمِنًا وَلاَ يَأْكُلْ طَعَامَكَ إِلاَّ تَقِيٌّ، ‘তুমি মুমিন ব্যতীত অন্য কারো সঙ্গী হবে না এবং তোমার খাদ্য যেন কেবল পরহেযগার লোকে খায়’।[3]

বন্ধু নির্বাচনে তাক্বওয়াকেই একমাত্র নিরাপদ দুর্গ মনে করা উচিত। কেননা আল্লাহর অবাধ্য হয়ে যে ব্যক্তি সম্পর্ক রাখে, সে যেকোন মুহূর্তে নিজের ক্ষুদ্র স্বার্থে বন্ধুত্বের সম্পর্ক পরিত্যাগ করবে। বাস্তবিক অর্থে যে ব্যক্তি স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহর হক আদায়ে যত্নবান নয়, সে কোন মানুষের সাথে বন্ধুত্বের হকও আমানতদারিতার সাথে রক্ষা করতে পারে না। অতএব পার্থিব প্রাচুর্য, সামাজিক প্রভাব কিংবা লোকদেখানো আভিজাত্যের চেয়ে মানুষের খাঁটি ঈমান ও তাক্বওয়াকেই বন্ধুত্বের প্রথম ও প্রধান ভিত্তি বানানো অপরিহার্য।

২. ছালাত ও ইবাদতের প্রতি যত্নশীল :

একজন মানুষের ঈমান, আনুগত্য ও চারিত্রিক পবিত্রতার সবচেয়ে সুস্পষ্ট বহিঃপ্রকাশ হ’ল নিয়মিত ছালাত আদায় করা। যে ব্যক্তি দিনে পাঁচবার মহান রবের সামনে বিনম্র চিত্তে সিজদাবনত হয় এবং ইবাদতের ব্যাপারে যত্নবান থাকে, তার সান্নিধ্য অপর সঙ্গীকেও স্বতঃস্ফূর্তভাবে সৎকাজের প্রতি উদ্বুদ্ধ করে। বন্ধুত্ব ও অভিভাবকত্বের মানদণ্ড নির্ধারণ করে স্বয়ং আল্লাহ তা‘আলা বলেন,إِنَّمَا وَلِيُّكُمُ اللهُ وَرَسُولُهُ وَالَّذِينَ آمَنُوا الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ، ‘তোমাদের বন্ধু তো আল্লাহ, তাঁর রাসূল ও মুমিনগণ ব্যতীত কেউ নয়। যারা ছালাত কায়েম করে, যাকাত আদায় করে এবং তারা হয় বিনয়ী’ (মায়েদাহ ৫/৫৫)।

ইসলামে কুফর ও ঈমানের মধ্যকার প্রধান সীমারেখাই হ’ল ছালাত। একজন একনিষ্ঠ মুছল্লী বন্ধু পার্থিব ব্যস্ততা বা আড্ডার মাঝেও আযানের ধ্বনি শুনলেই মনে করিয়ে দেয় ছালাতের কথা। যার ছালাত বিশুদ্ধ, তার জীবনও সর্বপ্রকার পাপাচার ও অশ্লীলতা থেকে সুরক্ষিত থাকে। যেমন আল্লাহ তা‘আলা বলেন,إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ، ‘নিশ্চয়ই ছালাত অশ্লীল ও অপকর্ম থেকে মানুষকে বিরত রাখে’ (আনকাবূত ২৯/৪৫)। অতএব বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যে বন্ধু নিজে ছালাতকে তুচ্ছজ্ঞান করে কিংবা আড্ডা ও খেল-তামাশার খাতিরে অন্যকেও ছালাত থেকে গাফেল রাখে, তার বিষাক্ত সাহচর্য থেকে নিজের দ্বীন ও আখিরাতকে রক্ষা করা প্রত্যেক মুমিনের জন্য অপরিহার্য।

৩. উত্তম চরিত্রে সুশোভিত :

বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কেবল বাহ্যিক রূপ কিংবা পোষাকী দ্বীনদারিতা যথেষ্ট নয়; বরং তার বাস্তব চরিত্র, মননশীলতা ও আচার-আচরণে নম্রতা, মার্জিত ভাষা ব্যবহার ও পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা অপরিহার্য। ইসলামে বাহ্যিক আনুষ্ঠানিকতার চেয়ে অন্তরের পরিচ্ছন্নতা ও আখলাককে ঈমানের মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। রাসূলুল্লাহ (ছাঃ) উত্তম চরিত্রকে ঈমানের পূর্ণতার ভিত্তি হিসাবে উল্লেখ করে বলেন,أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا،‏ ‘তোমাদের মধ্যে ঈমানে পরিপূর্ণ মুমিন হচ্ছে সর্বোত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি’।[4]

বাস্তব জীবনে একজন ব্যক্তি যতই জ্ঞান বা পদমর্যাদার অধিকারী হোক না কেন, সে যদি বদমেজাযী, অহংকারী, গালিবাজ, পরনিন্দাকারী কিংবা অশালীন ভাষায় অভ্যস্ত হয়, তবে তার সঙ্গ ধীরে ধীরে মানুষের আত্মিক প্রশান্তি ও সুস্থ মানসিকতাকে বিষাক্ত করে তোলে। বিশেষ করে রাগ বা মতভিন্নতার মুহূর্তে যার মুখের লাগাম থাকে না, সে কখনো বিশ্বস্ত বন্ধু হ’তে পারে না। পক্ষান্তরে সদালাপী, ধৈর্যশীল ও মার্জিত স্বভাবের বন্ধু সান্নিধ্যে থাকা মানুষকে মানসিক প্রশান্তি দেয়, ক্ষোভের আগুনে শীতল পরশ বুলায় এবং নিজের আচরণকেও স্বতঃস্ফূর্তভাবে মার্জিত ও সুন্দর করতে অনুপ্রেরণা জোগায়।

৪. সত্যবাদী ও আমানতদার

পারস্পরিক আস্থা ও স্বচ্ছতাই হ’ল বন্ধুত্বের মূল ভিত্তি। একজন সৎ ও নিষ্ঠাবান বন্ধু কথা ও কাজে সর্বদা সত্যের ওপর অবিচল থাকে এবং বন্ধুর একান্ত গোপনীয়তা, ব্যক্তিগত আলাপ ও দুর্বলতাকে পবিত্র আমানত হিসাবে সযত্নে রক্ষা করে। মিথ্যা, ছলচাতুরী কিংবা স্বার্থপরতা কখনো কোন মুমিনের বন্ধুত্বের ভূষণ হ’তে পারে না। আল্লাহ তা‘আলা বলেন, يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ، ‘হে, ঈমানদারগণ! আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো’ (তওবা ৯/১১৯)। তিনি সফলকাম মুমিনদের সাতটি নিদর্শন বর্ণনা করে বলেন,وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ، ‘আর যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে’ (মুমিনূন ২৩/৮; মা‘আরিজ ৭০/৩২)।

বাস্তব জীবনে মানুষ তার মনের সবচেয়ে গভীর ও স্পর্শকাতর বিষয়গুলো কেবল ঘনিষ্ঠ বন্ধুর কাছেই অকপটে প্রকাশ করে থাকে। তাই এই গোপনীয়তা রক্ষা করা বন্ধুর ঈমানী দায়িত্ব। সম্পর্কের ভিত্তি হিসাবে আমানতদারিতা ও বিশ্বস্ততার গুরুত্ব কতখানি, তা পবিত্র কুরআনে মূসা (আঃ)-এর ঘটনায় অত্যন্ত চমৎকারভাবে বিধৃত হয়েছে। শু‘আইব (আঃ)-এর কন্যা মূসা (আঃ) সম্পর্কে স্বীয় পিতাকে লক্ষ্য করে বলেছিলেন, ‘হে পিতা! আপনি এঁকে আপনার কর্মসহযোগী হিসাবে রেখে দিন। কেননা উত্তম সহযোগী সেই-ই, যে শক্তিশালী ও বিশ্বস্ত হয়’ (ক্বাছাছ ২৮/২৬)। পরবর্তীতে শু‘আইব (আঃ) তাঁর এই চারিত্রিক বিশ্বস্ততা দেখেই নিজের কন্যাকে তাঁর সাথে বিবাহ দেন (ক্বাছাছ ২৮/২৭)।

সততা ও আমানতদারিতা মুমিনের জীবনের অমূল্য সম্পদ। আব্দুল্লাহ বিন ‘আমর (রাঃ) হ’তে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, ‘চারটি বিষয় যদি তোমার মধ্যে থাকে, তাহ’লে দুনিয়ায় তুমি কি ছেড়ে গেলে সেটা দেখার বিষয় নয়। ১. আমানত রক্ষা করা। ২. সত্য কথা বলা। ৩. সচ্চরিত্রতা এবং ৪. হালাল ও পবিত্র জীবিকা’।[5]

অতএব সত্যবাদী ও আমানতদার বন্ধু সম্পর্কের মধ্যে কোন কৃত্রিমতা বা কপটতার সুযোগ দেয় না; বরং দূরত্ব বা মনোমালিন্যের মুহূর্তেও সে বন্ধুর ইয্যত ও গোপনীয়তার অতন্দ্র প্রহরী হয়ে পাশে থাকে।

৫. ভুল সংশোধন ও সৎ নছীহত :

আমাদের সমাজে বন্ধুত্ব নিয়ে এক অদ্ভুত ও বিভ্রান্তিকর ধারণা প্রচলিত রয়েছে। অনেকেই মনে করে বন্ধু যা-ই করুক না কেন, বন্ধুত্বের খাতিরে তার পক্ষেই অন্ধের মতো থাকতে হবে। কিন্তু এটি মূলত বন্ধুকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার নামান্তর। যে বন্ধু আপনার ভুলকে বন্ধুত্বের খাতিরে সমর্থন করে কিংবা ঢেকে রাখে, সে প্রকৃতপক্ষে আপনাকে রক্ষা করছে না; বরং আপনার ক্ষতি করে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,انْصُرْ أَخَاكَ ظَالِمًا أَوْ مَظْلُومًا قَالُوا يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم هَذَا نَنْصُرُهُ مَظْلُومًا فَكَيْفَ نَنْصُرُهُ ظَالِمًا قَالَ تَأْخُذُ فَوْقَ يَدَيْهِ، ‘তোমার ভাইকে সাহায্য কর, সে যালিম হোক অথবা মাযলূম। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! মাযলূমকে সাহায্য করব, তা তো বুঝলাম। কিন্তু যালিমকে কি করে সাহায্য করব? রাসূল (ছাঃ) বললেন, তুমি তার হাত ধরে তাকে বিরত রাখবে (অর্থাৎ তাকে যুলূম করতে দিবে না)’।[6]

যে বন্ধু আপনার মুখের সামনে অপ্রিয় সত্য বলতে ভয় পায়, সে হয়তো সাময়িকভাবে আপনার মন জুগিয়ে চলতে পারে। কিন্তু যে বন্ধু আপনার ভুলের সময় শক্ত হাতে আপনাকে থামিয়ে দেয়, সে মূলত আপনার জীবন ও পরকাল রক্ষা করে। একজন খাঁটি বন্ধু চাটুকার হয়ে মেকি প্রশংসায় মেতে থাকে না। সে নিঃশব্দে আয়নার মতো আপনার সত্য রূপটি তুলে ধরে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,اَلْمُؤْمِنُ مِرْآةُ الْمُؤْمِنِ، وَالْمُؤْمِنُ أَخُو الْمُؤْمِنِ، يَكُفُّ عَلَيْهِ ضَيْعَتَهُ، وَيَحُوطُهُ مِنْ وَرَائِهِ، ‘এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ এবং এক মুমিন অপর মুমিনের ভাই। তারা একে অপরকে ক্ষতি থেকে রক্ষা করে এবং তার অনুপস্থিতিতে তাকে রক্ষা করে’।[7] ওমর (রাঃ) বলতেন, ‘আল্লাহ সেই ব্যক্তির প্রতি রহম করুন, যে আমার দোষ-ত্রুটিগুলো আমাকে উপহার স্বরূপ জানিয়ে দেয়’।[8] অতএব যে আপনার অন্যায়ে তাল মেলায় সে প্রকৃত বন্ধু নয়; বরং যিনি আপনাকে ভুল থেকে ফেরাতে প্রয়োজনে বাধা হয়ে দাঁড়ায় এবং উত্তমভাবে নছীহত করে তিনিই আপনার পার্থিব ও পরকালীন জীবনের শ্রেষ্ঠ সহযাত্রী।

৬. বিপদ-আপদে সহমর্মী ও ক্ষমাশীল :

সুসময়ের বন্ধু পাওয়া সহজ, কিন্তু অসময়ের প্রকৃত বন্ধু পাওয়া পরম সৌভাগ্যের বিষয়। পার্থিব কোন ক্ষতি, অর্থনৈতিক সংকট, শারীরিক অসুস্থতা কিংবা সামাজিক লাঞ্ছনার দিনে যে বন্ধু ছেড়ে যায় না, বরং ছায়ার মতো অবিচল পাশে দাঁড়ায় সে-ই প্রকৃত বন্ধু। ইসলামে মুমিনদের পারস্পরিক সম্পর্ককে একটি দেহের মতো ঘোষণা করে রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,تَرَى الْمُؤْمِنِينَ فِي تَرَاحُمِهِمْ وَتَوَادِّهِمْ وَتَعَاطُفِهِمْ كَمَثَلِ الْجَسَدِ إِذَا اشْتَكَى عُضْوًا تَدَاعَى لَهُ سَائِرُ جَسَدِهِ بِالسَّهَرِ وَالْحُمَّى، ‘দয়া, ভালবাসা ও পারস্পারিক সহযোগিতার ক্ষেত্রে তুমি মুমিনদের একটি দেহের ন্যায় দেখতে পাবে। দেহের একটি অঙ্গ ব্যথাতুর হ’লে সর্বাঙ্গ ব্যথাতুর হয়। জাগ্রত অবস্থায় হৌক কিংবা জ্বর অবস্থায় হৌক’।[9]

বিপদে পাশে দাঁড়ানোর পাশাপাশি মানুষের স্বভাবসুলভ অনিচ্ছাকৃত ভুল-ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা একজন সৎ বন্ধুর অন্যতম মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য। মানুষ ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়। তাই সামান্য মনোমালিন্য বা ক্ষণিক আবেগের কারণে দীর্ঘদিনের বিশ্বস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলা কোন মুত্তাক্বী বন্ধুর কাজ হ’তে পারে না। মহান আল্লাহ মুত্তাক্বীদের অন্যতম গুণ বর্ণনা করে ইরশাদ করেন,الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللهُ يُحِبُّ الْمُحْسِنِينَ، ‘আর যারা নিজেদের ক্রোধ সংবরণ করে এবং মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে; বস্তুত আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন’ (আলে ইমরান ৩/১৩৪)।

সালাফে ছালেহীন বন্ধুর ছোটখাটো দোষ-ত্রুটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে উৎসাহিত করতেন। জা‘ফর বিন মুহাম্মাদ (রহঃ) বলেন, ‘তোমার ভাইয়ের কোন আচরণ যদি তোমার কাছে অপসন্দনীয় মনে হয়, তবে তার জন্য সত্তরটি পর্যন্ত অজুহাত তালাশ করো’।[10] মুহাম্মাদ ইবনে সীরীন (রহঃ) বলেন, ‘তুমি যদি তোমার মুসলিম ভাইয়ের মন্দ কিছু আঁচ করতে পার, তবে তার ওযর গ্রহণ কর। যদি কোনই ওযর না পাও তবে বল, হয়তোবা তার এমন ওযর আছে যা আমি জানি না’।[11]

৭. আল্লাহর জন্য নিঃস্বার্থ ভালোবাসা :

দুনিয়াবী স্বার্থে বসন্তের কোকিলের মত জীবনে অনেক বন্ধুই পাশে থাকে। কিন্তু প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায় বিপদের সময়ই। কবির ভাষায়, ‘সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়’। এই বন্ধুত্ব প্রয়োজন ফুরিয়ে গেলে কিংবা সামান্য স্বার্থের সংঘাত ঘটলেই ধূলিসাৎ হয়ে যায়। কিন্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে গড়ে ওঠা নিঃস্বার্থ সম্পর্ক কালের আবর্তে কখনো মলিন হয় না বরং তা আমৃত্যু এবং আখিরাতেও অম্লান থাকে। ইসলামের ইতিহাসে এই নিঃস্বার্থ বন্ধুতের অসংখ্য উদাহরণ রয়েছে। যেমন মক্কার কাফের মুশরিকদের যুলুম-নির্যানতের হাত থেকে পালিয়ে মুসলিমরা যখন মদীনায় হিজরত করেছিলেন, তখন রাসূলুল্লাহ (ছাঃ) ছাহাবীদের একে অপরের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ (ছাঃ) মুহাজির আব্দুর রহমান বিন ‘আওফকে আনছার সা‘দ বিন রবী‘-এর সাথে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দেন। অতঃপর সা‘দ তার মুহাজির ভাইকে বললেন, ‘আনছারদের মধ্যে আমি সর্বাপেক্ষা ধনী। আপনি আমার সম্পদের অর্ধেক গ্রহণ করুন এবং আমার দু’জন স্ত্রীর মধ্যে যাকে আপনি পসন্দ করেন, তাকে আমি তালাক দিয়ে দিব। ইদ্দত শেষে আপনি তাকে বিবাহ করবেন’। আব্দুর রহমান বিন ‘আওফ তার আন্তরিকতায় মুগ্ধ হয়ে তাকে দো‘আ করলেন, ‘আল্লাহ আপনার পরিবারে ও সম্পদে বরকত দান করুন’! আপনি আমাকে আপনাদের বাজার দেখিয়ে দিন। অতঃপর তাঁকে বনু ক্বায়নুক্বা-র বাজার দেখিয়ে দেওয়া হ’ল। তিনি সেখানে গিয়ে পনীর ও ঘি-এর ব্যবসা শুরু করলেন এবং কিছু দিনের মধ্যে স্বচ্ছলতা লাভ করলেন। এক সময় তিনি বিয়ে-শাদীও করলেন।[12]

বাস্তব জীবনে একজন নিঃস্বার্থ বন্ধু কখনোই কিছু পাওয়ার লোভে পাশে থাকে না, দুঃসময়ে সে দূরে সরে যায় না এবং বন্ধুর সাফল্যে অন্তরে হিংসা পোষণ করে না। তার হৃদয়ের চাওয়া কেবল একটাই থাকে- দুনিয়ার এই ক্ষণস্থায়ী বন্ধন যেন আখিরাতের অনন্ত জান্নাতেও স্থায়ী হয়। অতএব খাঁটি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সম্পর্কটি পার্থিব স্বার্থে নাকি নিঃস্বার্থভাবে কেবল আল্লাহর ওয়াস্তে গড়ে উঠেছে তা পরখ করে নেওয়াই প্রকৃত প্রজ্ঞার পরিচায়ক।

ভালো বন্ধুত্বের সুফল ও পরকালীন মর্যাদা :

আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সৎ ও নিষ্ঠাবান বন্ধু গ্রহণের সুফল কেবল পার্থিব জীবনেই সীমাবদ্ধ থাকে না; বরং তা বান্দার জন্য আল্লাহর প্রত্যক্ষ ভালোবাসা ও পরকালীন সর্বোচ্চ সম্মান অর্জনের সুবর্ণ মাধ্যম। যখন দু’জন মুমিনের সম্পর্ক একমাত্র আল্লাহর দ্বীনের খাতিরে গড়ে ওঠে, তখন স্বয়ং আল্লাহ তা‘আলা তাদের ভালোবাসেন। মু‘আয বিন জাবাল (রাঃ) হ’তে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন,قَالَ اللهُ تَبَارَكَ وَتَعَالَى وَجَبَتْ مَحَبَّتِي لِلْمُتَحَابِّينَ فِيَّ وَالْمُتَجَالِسِينَ فِيَّ وَالْمُتَزَاوِرِينَ فِيَّ وَالْمُتَبَاذِلِينَ فِيَّ، ‘আল্লাহ বলেন, আমার মহববত ওয়াজিব হয়ে যায় ঐ ব্যক্তিদের জন্য যারা আমার জন্য পরস্পরে বন্ধুত্ব করেছে, আমার জন্য পরস্পরে একত্রে বসেছে, আমার জন্য পরস্পরে সাক্ষাৎ করেছে ও আমার জন্য পরস্পরে খরচ করেছে’। অন্য বর্ণনায় এসেছে যে, قَالَ اللهُ عَزَّ وَجَلَّ الْمُتَحَابُّونَ فِى جَلاَلِى لَهُمْ مَنَابِرُ مِنْ نُورٍ يَغْبِطُهُمُ النَّبِيُّونَ وَالشُّهَدَاءُ، ‘আল্লাহ বলবেন, আমার সম্মানে পরস্পরে বন্ধুত্ব স্থাপন কারীদের জন্য (ক্বিয়ামতের দিন) নূরের মিম্বর সমূহ থাকবে, যার আকাঙ্ক্ষা পোষণ করবেন নবীগণ ও শহীদগণ’।[13]

আবূ হুরায়রা (রাঃ) হ’তে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘আল্লাহ যখন কোন বান্দাকে ভালবাসেন, তখন জিব্রীল (আঃ)-কে ডেকে বলেন, আমি অমুককে ভালবেসেছি, তুমিও তাকে ভালবাস। জিব্রীল (আঃ) তখন তাকে ভালবাসেন। অতঃপর আসমান জগতে আওয়ায দিয়ে বলেন, নিশ্চয়ই আল্লাহপাক অমুককে ভালবেসেছেন। অতএব তোমরাও অমুককে ভালবাস তখন আসমানবাসীগণ ঐ বান্দাকে ভালবাসেন। অতঃপর পৃথিবীতে তার ব্যাপক গ্রহণযোগ্যতা এনে দেওয়া হয়’।[14] অতএব সৎ ও আল্লাহভীরু বন্ধু দুনিয়ায় পাপ ও নৈতিক স্খলন থেকে বাঁচার মযবূত ঢাল এবং আখিরাতে আল্লাহর বিশেষ ভালোবাসা, আরশের শীতল ছায়া ও নূরের মিম্বর লাভের মাধ্যম।

অসৎ বন্ধু নির্বাচনের পরিণতি ও কুফল :

অসৎ বন্ধুত্বের সবচেয়ে ভয়ংকর দিক হ’ল এটি এক ধরনের নীরব বিষক্রিয়া (Silent poison); যা মানুষের অন্তর থেকে পাপের প্রতি সহজাত অস্বস্তি ও আল্লাহভীতি ক্রমান্বয়ে মুছে দেয়। শয়তান মানুষকে কখনো একবারে বড় কোন মহাপাপের দিকে টেনে নেয় না। সে অসৎ সঙ্গীদের মুখে আপাত মধুর কিছু ভাষা তুলে দিয়ে ছোট ছোট আপোসের মাধ্যমে পাপের ভিত্তি স্থাপন করে। বিশেষ করে তরুণ বয়সে বড় বড় অপরাধের সূচনা হয় বন্ধু মহলে কিছু চাতুর্যপূর্ণ কথার মধ্য দিয়ে। যেমন আরে একবার চেষ্টা করেই দেখ না, কি এমন হবে? এতে কোন ক্ষতি নেই, একটু টেস্ট করে দেখ! আজকাল তো সবাই এমন করে, তুই এত সেকেলে কেন? তুই এত বেশী ধার্মিক সাজিস কেন? এত বাড়াবাড়ি ভালো না! ছালাত একটু পরে পড়লেও চলবে, আড্ডাটা শেষ হোক! ইত্যাদি।

শুরুতে যে পাপাচার বা অশ্লীলতাকে মানুষ চরম গর্হিত মনে করে সংকুচিত হ’ত, সঙ্গদোষে পড়ে বন্ধুদের সাথে মানিয়ে নেওয়ার কৃত্রিম তাকীদে বিবেকের সাথে এই সামান্য আপোস করতে করতেই একসময় সেই পাপ তার চোখে সাধারণ মনে হয়। মাদকাসক্তি, পর্নোগ্রাফি, জুয়া, মিথ্যাচার, গীবত-পরচর্চা এবং লাগামহীন উচ্ছৃঙ্খলতার মূলে এই অসৎ সাহচর্যই প্রধান অনুঘটক হিসাবে কাজ করে। ফলে একটি ভুল সঙ্গ নির্বাচনের চড়া মাশুল হিসাবে ব্যক্তির সম্ভাবনাময় জীবন, পরিবারের আজীবনের লালিত স্বপ্ন এবং ইহ-পরকালের সামগ্রিক ভবিষ্যৎ মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায়। রাসূলুল্লাহ (ছাঃ) অসৎ সঙ্গীর এই ধ্বংসাত্মক প্রকৃতি তুলে ধরে কামারের হাপরের সাথে তুলনা করেছেন। যার সান্নিধ্যে থাকলে ব্যক্তির পবিত্র বসন হয়তো স্ফুলিঙ্গে পুড়ে ছারখার হবে, নয়তো অন্তত তার দুর্গন্ধ তাকে স্পর্শ করবেই।[15]

দুনিয়ার জীবনে যে বন্ধুর সাথে বসে হাসতে হাসতে দিন কেটেছে, দ্বীন বিসর্জন দিয়ে আনন্দ উল্লাস করা হয়েছে, ক্বিয়ামতের কঠিন দিনে সেই বন্ধুত্বই আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। মহান আল্লাহ বলেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَالَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا (27) يَاوَيْلَتَا لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا (28) لَقَدْ أَضَلَّنِي عَنِ الذِّكْرِ بَعْدَ إِذْ جَاءَنِي وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنْسَانِ خَذُولًا، ‘যালেম সেদিন নিজের দু’হাত কামড়ে বলবে, হায়! যদি আমি রাসূলের পথ অবলম্বন করতাম! হায় দুর্ভোগ আমার! যদি আমি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম! আমার কাছে উপদেশ আসার পর সে আমাকে পথভ্রষ্ট করেছিল। বস্তুতঃ শয়তান হ’ল মানুষের জন্য সত্যচ্যুতকারী’ (ফুরক্বান ২৫/২৭-২৯)।

যে বন্ধু আল্লাহর নাফরমানিকে প্ররোচিত করে, সে হিতাকাঙ্ক্ষী নয়; বরং সে শয়তানেরই সহযোগী। তাই সময় থাকতেই এই আত্মঘাতী ফাঁদ চিনে নিয়ে অসৎ সঙ্গ বর্জন করাই মুমিনের ঈমানী দায়িত্ব।

ডিজিটাল যুগে বন্ধু নির্বাচনে নতুন চ্যালেঞ্জ :

অতীতে মানুষ মূলত পরিবার, প্রতিবেশী বা সহপাঠীদের দ্বারাই বিভিন্ন বিষয় অবগত হ’ত। কিন্তু বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন গ্রুপ ও ভার্চুয়াল জগৎ মানুষের চিন্তাধারা গঠনে গভীর প্রভাব ফেলছে। ইন্টারনেটের মাধ্যমে ভৌগোলিক সীমানা পেরিয়ে সম্পূর্ণ অপরিচিত অসংখ্য মানুষের সাথে প্রতিদিন সংযোগ ঘটছে। ফলে ভালো বন্ধু নির্বাচনের সুযোগ যেমন তৈরি হয়েছে, তেমনি ভার্চুয়াল অসৎ সঙ্গের ঝুঁকিও বহুগুণ বেড়েছে।

একজন তরুণ হয়তো প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা এমন ইনফ্লুয়েন্সার বা কনটেন্ট ক্রিয়েটরের বক্তব্য শুনছে যাদের বস্তুবাদী চিন্তা, সংশয়বাদ ও অশ্লীল জীবনাচার অবচেতনভাবেই তার অন্তরে স্থায়ী প্রভাব ফেলছে। রাসূলুল্লাহ (ছাঃ) ইরশাদ করেছেন, ‘মানুষ তার বন্ধুর আদর্শ বা দ্বীনের অনুসারী হয়ে থাকে। অতএব তোমাদের প্রত্যেকে যেন লক্ষ্য করে সে কাকে বন্ধুরূপে গ্রহণ করছে’।[16] হাদীছের এই চিরন্তন মূলনীতি ভার্চুয়াল জগতের জন্যও প্রযোজ্য।

তাই সামাজিক যোগাযোগমাধ্যমে কাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো হচ্ছে, কার পেজ ফলো করা হচ্ছে এবং কার কনটেন্ট দেখে সময় কাটানো হচ্ছে সে বিষয়ে সতর্ক থাকা অপরিহার্য। যে ভার্চুয়াল সঙ্গীর পোস্টে ইলম বৃদ্ধি পায় ও আমলের প্রেরণা মেলে, সে-ই বরকতময় সাথী। পক্ষান্তরে, যার কনটেন্ট দ্বীনের ব্যাপারে হীনম্মন্যতা তৈরি করে, সময় অপচয় করায় কিংবা চোখের যিনা ও অশ্লীলতা উসকে দেয় স্ক্রিনের আড়ালে থাকা সেই সঙ্গীকে অবিলম্বে আনফ্রেন্ড, করতে হবে।

কখন বন্ধুত্ব থেকে বেরিয়ে আসা যরূরী :

বন্ধুত্ব রক্ষার চেয়ে নিজের ঈমান ও আখলাক রক্ষা করা প্রতিটি মুমিনের জন্য অগ্রাধিকারযোগ্য। তবে সামান্য ভুল-ত্রুটি দেখলেই কাউকে ছুড়ে ফেলা বা সম্পর্ক ছিন্ন করা মুমিনের নীতি নয়। বন্ধুত্বের দাবী হ’ল সবার আগে পরম মমতায় তাকে সংশোধনের চেষ্টা করা এবং তার হেদায়াতের জন্য মহান আল্লাহর দরবারে দো‘আ করা। কিন্তু এই সংশোধন প্রচেষ্টারও একটি সুস্পষ্ট সীমা রয়েছে। যে সম্পর্ক আপনাকে ধারাবাহিকভাবে অবাধ্যতা ও গোনাহের দিকে টেনে নিয়ে যাচ্ছে এবং বারবার সতর্ক ও চেষ্টা করা সত্ত্বেও আপনি নিজেকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছেন সেখানে দ্বিধাগ্রস্ত না হয়ে অবিলম্বে সেই বন্ধুত্ব থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা কিংবা তা সম্পূর্ণ ছিন্ন করা কর্তব্য। মানুষ অনেক সময় লোকলজ্জা, দীর্ঘদিনের মায়া কিংবা একাকীত্বের ভয়ে অসৎ সঙ্গ ত্যাগ করতে পারে না। অথচ এই দুর্বলতাই একপর্যায়ে তার দুনিয়া ও আখিরাতকে তছনছ করে দেয়।

ইসলামে হিজরত কেবল জন্মভূমি ত্যাগ করার নাম নয়; বরং গোনাহ থেকে বিরত থাকা ও পাপের মাধ্যম থেকে নিজের ঈমান নিয়ে পালিয়ে আসাও হিজরত। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘আর প্রকৃত মুহাজির হ’ল সে ব্যক্তি, যে আল্লাহর নিষিদ্ধ কাজসমূহ পরিত্যাগ করে’।[17]

বনী ইসরাঈলের একশ মানুষ হত্যাকারীর সুপ্রসিদ্ধ তওবার ঘটনায়ও একজন আলেম তাকে প্রথম উপদেশ দিয়েছিলেন তুমি তোমার পাপাচারপূর্ণ এলাকা পরিত্যাগ করে অমুক পুণ্যবানদের জনপদে চলে যাও। কেননা তোমার বর্তমান ভূমিটি মন্দ লোকের আবাস।[18] কেউ যদি একজন অসৎ ডুবন্ত মানুষকে বাঁচাতে গিয়ে নিজেই পাপের সাগরে ডুবে যাওয়ার উপক্রম হয়, তবে সেই হাত ছেড়ে দিয়ে নিজের জীবন বাঁচানোই বুদ্ধিমত্তার পরিচয়।

একটি যরূরী আত্মজিজ্ঞাসা : আমি কেমন বন্ধু?

বন্ধুত্ব নিয়ে আলোচনায় আমরা সচরাচর কেবল একটি দিকেই তাকিয়ে থাকি- আমার বন্ধু কেমন? সে কি বিশ্বস্ত, সে কি দ্বীনদার? কিন্তু অন্যের দিকে আঙুল তোলার আগে আমাদের উচিত নিজের দিকে আয়নাটি ধরা। নিজেকে নিরপেক্ষভাবে প্রশ্ন করা উচিত- আমি নিজে অন্যের জন্য কেমন বন্ধু হ’তে পেরেছি? আমি কি কেবল বন্ধুর কাছ থেকে নিঃস্বার্থ ত্যাগ ও উত্তম আচরণ প্রত্যাশা করছি, নাকি নিজেও বন্ধুর জন্য নিরাপদ ও বরকতময় সহযোগী হ’তে পারছি? এজন্যই রাসূল (ছাঃ) বলেছেন, ‘তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হ’তে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্যও তা-ই পসন্দ করবে, যা সে নিজের জন্য পসন্দ করে’।[19]

তাই ভালো সঙ্গী পাওয়ার পূর্বশর্ত হ’ল নিজেকে আগে ভালো মানুষ হিসাবে গড়ে তোলা এবং আমি যেমন বন্ধু চাই সেরকম বন্ধু হিসাবে নিজেকে তৈরী করা। তাহ’লে আল্লাহর রহমতে আমাদের আত্মিক মেলবন্ধন তাদের সাথেই ঘটবে।

অভিভাবকদের দায়িত্ব :

সন্তানকে দ্বীনী পরিবেশ ও সৎ সঙ্গীর বলয় নিশ্চিত করা অভিভাবকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কারণ অনেক সময় পরিবারের আজীবনের লালিত নীতিশিক্ষার চেয়ে বন্ধু মহলের অদৃশ্য প্রভাব সন্তানের চালচলন ও মানসিকতায় অনেক বেশী কার্যকর হয়ে থাকে। এজন্যই রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার অধীনস্তদের সম্পর্কে জবাবদিহি করতে হবে। ...পুরুষ তার পরিবারের অভিভাবক এবং সে তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে’।[20]

বর্তমান চতুর্মুখী জাহেলিয়াত ও পাপের সয়লাবে কলুষিত সমাজে সন্তানের ওপর দূরদর্শী দৃষ্টি রাখা প্রতিটি অভিভাবকের ঈমানী দায়িত্ব। সে অবসর সময়ে কোথায় যায়, কাদের সাথে মেলামেশা করে, ইন্টারনেটের উন্মুক্ত দুনিয়ায় কাদের কনটেন্ট দেখে এবং ভার্চুয়াল বা বাস্তব জীবনে কোন নিষিদ্ধ আড্ডায় লিপ্ত হচ্ছে কি-না, সে বিষয়ে নযরদারী রাখা আবশ্যক। সেই সাথে শৈশব থেকেই তাকে দ্বীনদার সহপাঠীদের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে উদ্বুদ্ধ করা এবং অসৎ সঙ্গের পার্থিব স্খলন ও পরকালীন পরিণতি সম্পর্কে সচেতন রাখতে হবে।

উপসংহার :

বন্ধু নির্বাচন মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। কেননা এই বন্ধুত্বই দুনিয়া ও আখিরাতে সফলতার অন্যতম মাধ্যম। বাস্তব কিংবা ভার্চুয়াল-আমাদের প্রতিটি সঙ্গ ও সম্পর্ককে মাপতে হবে পরকালের নিক্তিতে। অন্যের মাঝে পুণ্যবান বন্ধু খোঁজার আগে নিজের অন্তরে আয়না ধরে প্রশ্ন করতে হবে- আমি নিজে অন্যের ঈমানের জন্য কতটা নিরাপদ? সেই সাথে ভবিষ্যৎ প্রজন্মকে জাহেলিয়াতের সয়লাব থেকে রক্ষা করতে অভিভাবকদেরও এখানে অত্যন্ত সচেতন ভূমিকা পালন করতে হবে । মহান আল্লাহ আমাদের সবাইকে অসৎ সঙ্গের নীরব বিষক্রিয়া থেকে রক্ষা করে মুত্তাক্বীদের কাফেলায় শামিল করুন এবং আখিরাতের অনন্ত জীবনে তাঁর প্রিয় বান্দাদের সাথে জান্নাতে পুনর্মিলিত হওয়ার তাওফীক্ব দান করুন-আমীন!

-মুহাম্মাদ আব্দুছ ছবূর

প্রভাষক (আরবী), বালিজুড়ী এস এম ফাযিল মাদ্রাসা, মাদারগঞ্জ, জামালপুর।


[1]. বুখারী হা/২১০১; মুসলিম হা/২৬২৮; মিশকাত হা/৫০১০।

[2]. আবূ দাঊদ হা/৪৮৩৩; তিরমিযী হা/২৩৭৮, সনদ হাসান।

[3]. বুখারী হা/৬০১১; মুসলিম হা/২৫৮৬; মিশকাত হা/৪৯৫৩।

[4]. তিরমিযী হা/১১৬২, সনদ হাসান।

[5]. বায়হাক্বী শো‘আব হা/৪০৪৫; মিশকাত হা/৩৫; ছহীহুত তারগীব হা/৩০০৪।

[6]. বুখারী হা/২৪৪৪; মুসলিম হা/২৫৮৪।

[7]. আবূ দাঊদ হা/৪৯১৮; সিলসিলা ছহীহাহ হা/৯২৬।

[8]. ইমাম গাযালী (রহঃ), ইয়াহইয়াউ উলূমিদ্দীন ৩/৬৪।

[9]. বুখারী হা/৬০১১; মুসলিম হা/২৫৮৬।

[10]. শু‘আবুল ঈমান হা/৭৯৯১।

[11]. বায়হাক্বী হা/৭৯৯১; ১০৬৮৪।

[12]. বুখারী হা/৩৭৮০-৮১ ‘ছাহাবীগণের মর্যাদা’ অধ্যায়, হা/২৬৩০ ‘হেবা’ অধ্যায়, হাকেম হা/৭৩১৪; মিশকাত হা/৫০১১; ছহীহুল জামে‘ হা/৪৩৩১।

[13]. মুওয়াত্ত্বা হা/৩৫০৭; তিরমিযী হা/২৩৯০; মিশকাত হা/৫০১১, সনদ ছহীহ।

[14]. মুসলিম হা/২৬৩৭; মিশকাত হা/৫০০৫।

[15]. বুখারী হা/৫৫৩৪; মুসলিম হা/২৬২৮।

[16]. আবূ দাঊদ হা/৪৮৩৩; সিলসিলা ছহীহাহ, হা/৯২৭, সনদ ছহীহ।

[17]. বুখারী হা/১০; মিশকাত হা/৬।

[18]. বুখারী হা/৩৪৭০; মুসলিম হা/২৭৬৬।

[19]. বুখারী হা/১৩; মুসলিম হা/৪৫।

[20]. বুখারী, হা/৭১৩৮; মুসলিম, হা/১৮২৯।






বিষয়সমূহ: বিবিধ বিধি-বিধান
মানবাধিকার ও ইসলাম (৯ম কিস্তি) - শামসুল আলম
শিশুদের চরিত্র গঠনে ‘সোনামণি’ সংগঠনের ভূমিকা - ইমামুদ্দীন বিন আব্দুল বাছীর
বৃদ্ধাশ্রম : মানবতার কলঙ্কিত কারাগার (শেষ কিস্তি) - মুহাম্মাদ খায়রুল ইসলাম
এপ্রিল ফুল্স - আত-তাহরীক ডেস্ক
ক্বিয়ামতের আলামত সমূহ (২য় কিস্তি) - মুহাম্মাদ আব্দুর রহীম
কুরআন ও সুন্নাহর আলোকে ঈমান (৩য় কিস্তি) - হাফেয আব্দুল মতীন - পিএইচ.ডি গবেষক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া
পলাশীর মর্মান্তিক ট্র্যাজেডি ও আমাদের শিক্ষা - ড. এ এস এম আযীযুল্লাহ
ভুল সংশোধনে নববী পদ্ধতি (৬ষ্ঠ কিস্তি) - মুহাম্মাদ আব্দুল মালেক
ইসলামী বিচার ব্যবস্থার কল্যাণকামিতা - শেখ মুহাম্মাদ রফীকুল ইসলাম, সহকারী অধ্যাপক, পাইকগাছা সরকারী কলেজ, খুলনা
মাদ্রাসার পাঠ্যবই সমূহের অন্তরালে (৭ম কিস্তি) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আল্লাহর জন্য কাউকে ভালবাসা - মুহাম্মাদ আব্দুল ওয়াদূদ
তাওফীক্ব লাভের গুরুত্ব ও প্রয়োজনীয়তা - আব্দুল্লাহ আল-মা‘রূফ
আরও
আরও
.