মহাকাশ বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণা বলছে, চাঁদের মহাকর্ষীয় প্রভাবে পৃথিবীর আহ্নিক গতি ক্রমশ মন্থর হয়ে আসছে। এর ফলে ভবিষ্যতে দিনের দৈর্ঘ্য ২৪ ঘণ্টা থেকে বেড়ে ২৫ ঘণ্টা হ’তে পারে। গবেষকদের মতে, পৃথিবীর এই গতি কমে যাওয়ার নেপথ্যে মূল ভূমিকা পালন করছে চাঁদ। চাঁদের আকর্ষণে মহাসাগরে সৃষ্ট জোয়ার-ভাটা সমুদ্রের তলদেশে এক প্রচন্ড ঘর্ষণ বা ‘টাইডাল ফ্রিকশন’ তৈরি করে। এই ঘর্ষণই পৃথিবীর ঘূর্ণন গতির লাগাম টেনে ধরছে যা অনেকটা ‘ব্রেক’-এর মতো কাজ করে। এই মহাজাগতিক প্রক্রিয়ায় পৃথিবী ও চাঁদের মধ্যে শক্তির আদান-প্রদান ঘটে। যার প্রভাবে চাঁদ নিজেও ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। এই ধারাবাহিক পরিবর্তনের ফলে সুদূর ভবিষ্যতে হয়তো মানব সভ্যতাকে সময়ের নতুন এক কাঠামোর সঙ্গে মানিয়ে নিতে হবে।