ওরে মূঢ় ভাই, কেন আজ এই কাদা ছোড়াছুড়ি খেলা!

বিদ্বেষ-বিষ বুকে তুলে নিয়ে কেন এই অবহেলা!

কাদা ছুড়ে যদি কর কলুষিত নিজ ভাইয়ের দেহ

তোমারও হাতে লেগে যাবে দাগ ঘুচাবে না তা কেহ।

শোনো হে নবীন, তরুণের দল! ছিঁড়ে ফেল হীন পাশ

এসো এক হয়ে কাঁধে কাঁধ রেখে গড়ি সুন্দর আবাস।

কাদা মেখে ভাই লভিবে কি ফল, মিছে এই ক্ষোভ যেদ,

সহযোগিতার হাত বাড়িয়ে দাও, ভুলে যাও ভেদাভেদ!

আকাশের চাঁদ ছিনিয়ে আনতে চালাও অভিযান।

উদারতা ও সহিষ্ণুতার বর্ম পরে হও আগুয়ান।

পিছনের গ্লানি ভুলে গিয়ে আজ গাও সাম্যের গান,

মহীয়ান হয়ে জাগো এক সাথে হে কামেল ইনসান!

সহযোগিতার মন্ত্রে জাগাও অন্তরে নব জোর,

কাদামাটি নয়, ফুটাব গোলাপ আসিবে নতুন ভোর!

কাদা ছোড়াছুড়ি নয়, রাখি হাতে হাত গড়তে এ সমাজ

জাতি গঠনে ঐক্য হয়ে সবে মিলে করি কাজ।

বিভেদ ভুলিয়া এক সাথে চল, কর দৃপ্ত পণ,

কাদা মেখে নয়, প্রেম দিয়ে জয় করব সবার মন!

-আবূ রায়হান, বাগাতিপাড়া, নাটোর।








আরও
আরও
.