২৫শে এপ্রিল’২৬, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ঢাকা : অদ্য ‘ইতিহাস একাডেমি’র উদ্যোগে ঢাকাস্থ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক ২১তম আন্তর্জাতিক সম্মেলনে ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’ (হাফাবা)-এর গবেষণা বিভাগের ৪ জন গবেষক অংশগ্রহণ করেন। উক্ত সম্মেলনে হাফাবা গবেষণা বিভাগের পরিচালক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ‘সমকালীন ইসলামী সংস্কার আন্দোলনসমূহের উত্থানে ওয়াহহাবী আন্দোলন এবং মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাবের ভূমিকা: একটি তাত্ত্বিক ও ঐতিহাসিক বিশ্লেষণ’ সিনিয়র গবেষণা সহকারী ড. নূরুল ইসলাম ‘আরবী ভাষা ও সাহিত্যের উন্নতি-অগ্রগতিতে আব্দুল মালেক ইবন মারওয়ানের অবদান’, গবেষণা সহকারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের এম.ফিল গবেষক আব্দুল্লাহ আল-মা‘রূফ ‘উমাইয়া খেলাফতের পতন ও আববাসী খেলাফতের উত্থানে মাওয়ালীদের ভূমিকা’, গবেষণা সহকারী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্সী বিভাগের পিএইচ.ডি গবেষক মুহাম্মাদ আব্দুর রঊফ ‘ফারসী ভাষায় ইসলামী জ্ঞান বিস্তারে শাহ অলিউল্লাহ পরিবারের অবদান’ শিরোনামে গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করেন।

সম্মেলনের মূল অধিবেশনে সভাপতিত্ব করেন ইতিহাস একাডেমির সভাপতি অধ্যাপক ড. শরীফ উদ্দিন আহমেদ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বিশিষ্ট লোকবিদ অধ্যাপক ড. ওয়াকিল আহমাদ। উক্ত সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা প্রফেসর এবং গবেষকগণ ৩টি অধিবেশনে ১৮টি সেশনে মোট ১৬০টি গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করেন। সম্মেলনে প্রত্যেক প্রাবন্ধিককে সার্টিফিকেট প্রদান করা হয়।

৮-৯ মে’২৬, হোটেল শেরাটন, ঢাকা : এশিয়ান ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে গত ৮ ও ৯ মে দু’দিনব্যাপী অনুষ্ঠিত ৪র্থ আন্তর্জাতিক সম্মেলনে ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’ (হাফাবা)-এর গবেষণা বিভাগের ৪ জন গবেষক অংশগ্রহণ করেন এবং ৩ জন প্রবন্ধ উপস্থাপন করেন। হাফাবা গবেষণা বিভাগের পরিচালক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব 'Islamic Policy of State Leadership: From Traditional Governance to an Ethical Pathway: Revisiting the Khilafah Model' (ইসলামী রাষ্ট্র পরিচালনা নীতি : প্রচলিত শাসনব্যবস্থা থেকে নৈতিক শাসনব্যবস্থার পথ অনুসন্ধান : খিলাফত মডেলের পুনর্মূল্যায়ন)’, সিনিয়র গবেষণা সহকারী ড. নূরুল ইসলাম ‘জাতীয় শিক্ষাক্রমে সীরাত পাঠ অন্তর্ভুক্তিকরণ : একটি সমাজতাত্ত্বিক ও নৈতিক বিশ্লেষণ’, হাফাবা গবেষণা সহকারী ও রাবির ফার্সী বিভাগের পিএইচ.ডি গবেষক মুহাম্মাদ আব্দুর রঊফ ‘শেখ সাদীর গুলিস্তান ও বুস্তান গ্রন্থে সুশাসন ধারণা : ইসলামী দৃষ্টিভঙ্গিতে একটি তাত্ত্বিক বিশ্লেষণ)’ শিরোনামে গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করেন।

'Good Governance, Justice, and Ethical Leadership' শীর্ষক এই সম্মেলনটি ৮ই মে ঢাকাস্থ শেরাটন হোটেলে বিকাল ৪ ঘটিকায় মাধ্যমে শুরু হয়। এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য প্রদান করেন অত্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মাদ সাদেক। অতঃপর ৯ই মে সকাল ১০ ঘটিকা থেকে ঢাকার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে ৫টি ভেন্যুতে ৬টি সেশনে মোট ১৬৮টি গবেষণাপ্রবন্ধ উপস্থাপিত হয়। উক্ত সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং গবেষকগণ অংশগ্রহণ করেন।

৮-৯ মে’২৬, হোটেল ওয়েস্টিন, ঢাকা : অদ্য রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত Interpreting Islamic Tradition in contemporary context শীর্ষক ওয়ার্কশপে আগমন করেন আমেরিকার জর্জটাউন ইউনিভার্সিটির খ্যাতনামা মুসলিম প্রফেসর জোনাথন এ.সি. ব্রাউন। বেঙ্গল মুসলিম রিসার্চ ইনস্টিটিউট, ইউকে কর্তৃক আয়োজিত এই দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হাফাবা গবেষণা বিভাগের পরিচালক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। এতে আরো আমন্ত্রিত হয়েছিলেন দেশের এক ঝাঁক স্বনামধন্য মেধাবী গবেষক ও লেখক। উল্লেখ্য যে, যুবক বয়সেই জনাথন ব্রাউন ইসলাম গ্রহণ করেন। হাদীছ শাস্ত্রে ঈর্ষণীয় গবেষণার জন্য তিনি আরব ও পশ্চিমা বিশ্বে তুমুল জনপ্রিয়। তিনি The Oxford Encyclopedia of Islam and Law এর প্রধান সম্পাদক। ব্রাউনের লিখিত প্রামাণ্য গ্রন্থগুলো দুনিয়াব্যাপী ইসলামী স্কলারদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।

প্রশিক্ষণ

১৪ ও ১৫ই মে বৃহস্পতি ও শুক্রবার নওদাপাড়া, রাজশাহী : গত ১৪ ও ১৫ই মে ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর উদ্যোগে নগরীর নওদাপাড়াস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর পশ্চিম পার্শ্বস্থ মারকাযী জামে মসজিদের ২য় তলায় ২দিন ব্যাপী রাজশাহী জোনের ‘আঞ্চলিক শিক্ষক প্রশিক্ষণ ২০২৬’ অনুষ্ঠিত হয়। প্রথম দিন সকাল ৯-টায় প্রশিক্ষণ শুরু হয়ে দ্বিতীয় দিন জুম‘আ পর্যন্ত চলে। প্রশিক্ষণে স্বাগত ভাষণ পেশ করেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ভাইস প্রিন্সিপাল, ‘শিক্ষা বোর্ড’-এর পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রশিক্ষণ কো-অর্ডিনেটর ড. নূরুল ইসলাম এবং উদ্বোধনী বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব।

অতঃপর বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও নওদাপাড়া মারকাযের মুশরিফ ড. মুহাম্মাদ আব্দুল হালীম (বিষয় : শিক্ষকতায় সততা, আমানতদারিতা ও সময়ানুবর্তিতা), ইংরেজী ভাষা ও সাহিত্যের লেখক ও গবেষক মুহাম্মাদ রফীক (আধুনিক পাঠদান পদ্ধতি), রাজশাহীর চারঘাট উপযেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মাদ আবুবকর ছিদ্দীক শাহ (প্রাথমিক শিক্ষার্থীদের ইংরেজী পাঠদান পদ্ধতি), রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রভাষক আব্দুল মান্নান (সোশ্যাল মিডিয়া আসক্তি ও তা নিরসনের উপায়), নওদাপাড়া মারকাযের ভাইস প্রিন্সিপাল ও ‘শিক্ষা বোর্ড’-এর পরীক্ষা নিয়ন্ত্রক ড. নূরুল ইসলাম (শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ও কাউন্সেলিং), তাহেরপুর সালাফিইয়াহ মাদ্রাসা, বাগমারা, রাজশাহীর প্রধান শিক্ষক ডা. মনছূর আলী (শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা), ‘শিক্ষা বোর্ড’-এর সাবেক সহকারী পরিদর্শক আব্দুন নূর, (কিভাবে আদর্শ শিক্ষক হবেন?), উপযেলা প্রাইমারী এডুকেশন ট্রেনিং সেন্টার, চারঘাট, রাজশাহীর ইনস্ট্রাক্টর মুহাম্মাদ আবু তাহের (শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা ও আনন্দদায়ক পাঠদান পদ্ধতি)।

প্রশিক্ষণে ৩০টি প্রতিষ্ঠান থেকে ১৩৪জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে এমসিকিউ পদ্ধতিতে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। মূল্যায়ন পরীক্ষায় ১ম স্থান অধিকার করেন দারুস সুন্নাহ সালাফিইয়াহ মাদ্রাসা (চাঁপাই নবাবগঞ্জ)-এর শিক্ষক আব্দুর রহমান, ২য় স্থান অধিকার করেন হাট গাঙ্গোপাড়া দারুলহাদীছ সালাফিইয়াহ মাদ্রাসা (রাজশাহী)-এর শিক্ষক ফুয়াদ হাসান ও ৩য় স্থান অধিকার করেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী (কানসাট, চাঁপাই নবাবগঞ্জ)-এর শিক্ষক আব্দুল বারী। ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীসহ মোট ১০জনকে হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত বই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন মারকাযের সেক্রেটারী মাওলানা দুররুল হুদা। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি ও ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর প্রতিষ্ঠাতা মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব হেদায়াতী ভাষণ প্রদান করেন।

‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ গোপালগঞ্জ যেলার সাবেক সভাপতি মাস্টার সোহরাব আলী (৭০) গত ১০ই জুন রোজ বুধবার সকাল ৯-টায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে গ্যাস্ট্রিক জনিত পেটের পীড়ায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও সাংগঠনিক সাথী রেখে যান। ঐদিন বাদ আছর গোপালগঞ্জ পৌর গোরস্থান সংলগ্ন ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন তার চাচাতো ভাই এ্যাডভোকেট আজমাল হোসাইন। জানাযা শেষে তাকে উক্ত গোরস্থানে দাফন করা হয়। জানাযায় যেলা ‘আন্দোলন’-এর সাবেক সভাপতি ফরহাদ হোসাইন, যেলা ‘যুবসংঘ’-এর যুগ্ম-আহবায়ক মুহাম্মাদ রেযওয়ানসহ যেলার দায়িত্বশীল, কর্মীবৃন্দ ও বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

[আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। -সম্পাদক]







সার্বিক জীবনে ন্যায়বিচার কায়েম করুন! (যেলা সম্মেলন : জামালপুর) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
যেলা সম্মেলন : পিরোজপুর ২০২৪
আলোচনা সভা (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
সীরাত কোর্স ১ম ব্যাচের পুরস্কার বিতরণী (হাদীছ ফাইন্ডশন শিক্ষা বোর্ড)
করোনা ভাইরাসে মৃত্যুবরণকারীদের লাশ দাফনে স্বেচ্ছাসেবক টীম গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয় কলা অনুষদ আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সে হাদীছ ফাউন্ডেশনের চার গবেষকের প্রবন্ধ উপস্থাপন
শাহ মুহাম্মাদ হাবীবুর রহমান (আমীরে জামা‘আতের স্মৃতিচারণ) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সংগঠন সংবাদ
প্রশিক্ষণ ও অডিট
লেখক সম্মেলন ২০২১
উপযেলা সম্মেলন
প্রশিক্ষণ
আরও
আরও
.