প্যাপেইন (Papain) হ’ল কাঁচা বা অপরিপক্ক পেঁপের কষ বা ল্যাটেক্স থেকে সংগৃহীত একটি অত্যন্ত মূল্যবান প্রাকৃতিক এনজাইম। পেঁপের বৈজ্ঞানিক নাম ক্যারিকা পাপায়া (Carica papaya)। এটি প্রোটিওলাইটিক শ্রেণীর একটি এনজাইম, যার প্রধান কাজ হ’ল জটিল প্রোটিনকে ভেঙে ছোট ছোট অ্যামিনো অ্যাসিডে পরিণত করা। বিশ্বজুড়ে আধুনিক শিল্পে বহুমুখী ব্যবহারের কারণে বর্তমানে উচ্চমূল্যের রপ্তানিমুখী পণ্য হিসাবে প্যাপেইনের চাহিদা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে।

প্যাপেইনের বহুমুখী ব্যবহার :

প্যাপেইনের বহুমুখী কার্যকারিতাই এর বাজারকে শক্তিশালী ও স্থিতিশীল করেছে।

খাদ্য শিল্প : শক্ত মাংসের প্রোটিন ভেঙে দ্রুত রান্নার উপযোগী বা নরম করতে এটি বিশ্বজুড়ে সমাদৃত। এছাড়া বিভিন্ন ফলের জুস ও পানীয়ের স্বচ্ছতা বজায় রাখতেও এর ব্যাপক ব্যবহার রয়েছে।

ফার্মাসিউটিক্যালস বা ওষুধ শিল্প : হজমের সমস্যা দূর করতে, প্রদাহনাশক হিসাবে এবং দ্রুত ক্ষত নিরাময়ের ওষুধ তৈরিতে প্যাপেইন একটি অপরিহার্য উপাদান।

প্রসাধনী শিল্প : ত্বকের মৃত কোষ অপসারণ করে ত্বককে উজ্জ্বল, সতেজ ও দাগমুক্ত করতে উন্নত মানের প্রসাধনীতে প্যাপেইন ব্যবহার করা হয়।

চামড়া ও টেক্সটাইল শিল্প : চামড়া প্রক্রিয়াজাতকরণ ও টেক্সটাইল উপাদান নরম করার কাজে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ল্যাটেক্স সংগ্রহ ও উৎপাদন প্রক্রিয়া :

প্যাপেইন উৎপাদনের প্রধান কাঁচামাল হ’ল কাঁচা ও অপরিপক্ক সবুজ পেঁপে। পাকা পেঁপেতে এই এনজাইম থাকে না।

ল্যাটেক্স সংগ্রহ : ভোরবেলা পেঁপে গাছে থাকা অবস্থায় ফলের গায়ে অত্যন্ত সতর্কতার সাথে হালকা আঁচড় দেওয়া হয়। এতে দুধের মতো সাদা রস বা ল্যাটেক্স বেরিয়ে আসে, যা পরিষ্কার পাত্রে সংগ্রহ করা হয়। একটি পেঁপে থেকে কয়েকদিনের বিরতিতে ৩-৪ বার ল্যাটেক্স সংগ্রহ করা যায়।

প্রক্রিয়াজাতকরণ : সংগৃহীত ল্যাটেক্স রোদে বা নিয়ন্ত্রিত তাপমাত্রার ড্রায়ারে শুকানো হয়। শুকিয়ে এটি গুঁড়ো বা ফ্লেক্সের আকার ধারণ করে, যাকে বলা হয় ‘ক্রুড প্যাপেইন’। পরবর্তীতে এটিকে পরিশোধন করে ইন্ডাস্ট্রিয়াল বা ফার্মাসিউটিক্যাল গ্রেডের প্যাপেইনে রূপান্তর করা হয়।

একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা : ল্যাটেক্স সংগ্রহের জন্য আঁচড় দেওয়ার ফলে পেঁপের গায়ে দাগ পড়ে যায়, স্বাদে তিক্ততা আসে এবং পচন ধরতে পারে। ফলে এই পেঁপেগুলো আর সাধারণ বাজারে বিক্রির উপযোগী থাকে না। তাই প্যাপেইন উৎপাদনে ব্যবহৃত পেঁপেকে শতভাগ কাঁচামাল হিসাবেই গণ্য করতে হয়।

উৎপাদন হার ও অর্থনৈতিক বিশ্লেষণ :

প্যাপেইন একটি উচ্চমূল্যের পণ্য হওয়ার মূল কারণ এর স্বল্প উৎপাদন হার। উন্নত জাত ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করলেও ১ কেজি পেঁপে থেকে গড়ে মাত্র ২০ থেকে ৩৫ গ্রাম প্যাপেইন পাওয়া যায়। অর্থাৎ ১ কেজি প্যাপেইন উৎপাদনে প্রায় ৪০ থেকে ৬০ কেজি কাঁচা পেঁপের প্রয়োজন হয়। এক টন প্যাপেইন উৎপাদনের জন্য কাঁচামাল, শ্রমিকের মজুরি, প্রক্রিয়াজাতকরণ এবং পরিবহন খরচসহ সর্বমোট আনুমানিক ১১ থেকে ১৯ লাখ টাকা পর্যন্ত ব্যয় হতে পারে।

১ টন প্যাপেইনের সম্ভাব্য বাজারমূল্য ও মুনাফা :

আন্তর্জাতিক বাজারে প্যাপেইনের গুণমানভেদে এর বাজারমূল্য ও মুনাফা অত্যন্ত আকর্ষণীয়। ক্রুড প্যাপেইন থেকে টন প্রতি প্রায় ১০ লাখ টাকা, ইন্ডাস্ট্রিয়াল গ্রেড থেকে ৪০-৫০ লাখ টাকা এবং ফার্মাসিউটিক্যাল গ্রেড থেকে ৬০ লাখ টাকারও বেশী মুনাফা অর্জন করা সম্ভব। বিশেষত ১ টন প্যাপেইন উৎপাদনের জন্য মাত্র ৩ থেকে ৬ একর জমিতে পেঁপে চাষ করাই যথেষ্ট, যা এই ব্যবসাকে বাণিজ্যিকভাবে অত্যন্ত লাভজনক করে তুলেছে।

বৈশ্বিক বাজার এবং বাংলাদেশের সম্ভাবনা :

বর্তমানে বিশ্বে প্যাপেইনের বার্ষিক উৎপাদন প্রায় ১৫,০০০ মেট্রিক টন, যার বৈশ্বিক বাজারমূল্য প্রায় ৩৩০০ কোটি থেকে ১৯৫০০ কোটি টাকা। বাংলাদেশের মাটি, জলবায়ু এবং তুলনামূলক সস্তা শ্রম পেঁপে চাষ ও প্যাপেইন শিল্পের জন্য অত্যন্ত অনুকূল। বাংলাদেশ যদি বৈশ্বিক বাজারের মাত্র ৫% দখল করতে পারে, তবে আয় হবে প্রায় ১৬৫ থেকে ৯৭৫ কোটি টাকা। ১০% বাজার ধরতে পারলে আয় দাঁড়াবে ৩৩০ থেকে ১৯৫০ কোটি টাকা।

সবুজ পেঁপে থেকে প্যাপেইন উৎপাদন বাংলাদেশের জন্য একটি অবিকশিত অথচ অত্যন্ত সম্ভাবনাময় শিল্প। যা সঠিকভাবে কাজে লাগানো গেলে দেশে মাঝারি ও বড় আকারের অন্তত ১০ থেকে ৫০টি নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। এর মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম হবে। তাই সরকারী-বেসরকারী পর্যায়ের সমন্বিত উদ্যোগ, কৃষকদের আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার এবং পর্যাপ্ত বিনিয়োগ নিশ্চিত করা গেলে প্যাপেইন শিল্প অচিরেই বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত হ’তে পারে। \ সংকলিত \






বিষয়সমূহ: বিবিধ
আরও
আরও
.