স্বামীর জীবনে নেককার স্ত্রীর প্রভাব

দুনিয়ার মোহ এক অদ্ভুত মরীচিকা। এর পেছনে মানুষ যত ছোটে, তার তৃষ্ণা যেন তত বেড়েই চলে। অধিক পাওয়ার এই অন্তহীন প্রতিযোগিতায় পড়ে মানুষ অনেক সময়ই ভুলে যায় রিযিকের পবিত্রতার কথা। হালাল-হারামের সীমারেখা বিস্মৃত হয়ে সাময়িক লাভের আশায় মানুষ মিথ্যা কসম ও প্রতারণার আশ্রয় নেয়। অথচ দুনিয়াবী এই ছোট্ট জীবনে পাহাড়সম হারাম সম্পদের চেয়ে এক চিমটি হালাল রিযিকের বরকত অনেক বেশী প্রশান্তি দায়ক। আর এই হালাল রিযিকের পথে অবিচল থাকতে একজন নেককার ও অল্পে তুষ্ট জীবনসঙ্গীনীর ভূমিকা অনস্বীকার্য। একজন দ্বীনদার স্ত্রী কেবল সংসারের আলোই নন, বরং তিনি স্বামীর আখেরাতমুখী জীবনের এক মযবূত খুঁটি। আসুন! সালাফদের সোনালী যুগের এমনই একটি হৃদয়স্পর্শী কাহিনী থেকে আমরা শিক্ষা নেই, যা আমাদের অন্তরকে নাড়া দেবে এবং নতুন করে ভাবতে শেখাবে।

প্রখ্যাত তাবেঈ হাসান বাছরী (২১-১১০ হি./৬৪২-৭২৮ খ্রি.) বলেন, একবার আমি মক্কায় এক কাপড় ব্যবসায়ীর কাছে একটি কাপড় কেনার জন্য দাঁড়ালাম। দেখলাম লোকটি পণ্য বিক্রির আশায় তার জিনিসপত্রের অতিরঞ্জিত প্রশংসা করছে, আর কথায় কথায় কসম খাচ্ছে। তার এই অবস্থা দেখে আমি তাকে ছেড়ে দিলাম এবং মনে মনে বললাম, এমন প্রতারক ব্যক্তির নিকট থেকে কেনাকাটা করা মোটেও উচিত নয়। ফলে আমি সেখান থেকে চলে গিয়ে অন্যজনের কাছ থেকে কাপড় কিনলাম। এর ঠিক দুই বছর পর আমি পুনরায় হজ্জ করতে গেলাম এবং ঘটনাক্রমে মক্কার বাজারে সেই লোকটির কাছেই আবার উপস্থিত হ’লাম। কিন্তু এবার তাকে দেখে আমি অবাক! তাকে আগের মতো পণ্যের অযথা প্রশংসা করতে বা অধিক কসম খেতে শুনলাম না। অত্যন্ত শান্ত ও সৎভাবে সে ব্যবসা করছে। আমি কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি সেই ব্যক্তি নন, যার কাছে আমি কয়েক বছর আগে দাঁড়িয়েছিলাম? সে মুচকি হেসে বলল, হ্যাঁ, আমিই সেই ব্যক্তি।

আমি তাকে বললাম, কোন জাদুকরী পরশ আপনাকে এই প্রশান্ত অবস্থায় নিয়ে এসেছে যা আমি এখন দেখছি? আমি তো এখন আপনাকে আগের মতো পণ্যের মিথ্যা প্রশংসা করতে বা শপথ করতে দেখছি না! তখন সে এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, পূর্বে আমার এক স্ত্রী ছিল। আমি দিন-রাত হাড়ভাঙা খাটুনি করে তার কাছে সামান্য কিছু আনলে সে তা তুচ্ছ মনে করত, আর বেশী আনলে সেটাও তার কাছে কম মনে হ’ত। তার সেই অতৃপ্তি ও লোভের কারণে বেশী উপার্জনের আশায় আমাকে মিথ্যা কসম ও প্রতারণার আশ্রয় নিতে হ’ত। অতঃপর আল্লাহ আমার প্রতি রহম করলেন এবং তাকে মৃত্যু দান করলেন।

এরপর আমি এক নেককার নারীকে বিয়ে করেছি। এখন যখন আমি সকালে উপার্জনের আশায় বাজারের দিকে বের হওয়ার প্রস্ত্ততি নেই, তখন সে অত্যন্ত ভালোবাসায় আমার কাপড়ের প্রান্ত ধরে বলে, ‘হে আমার স্বামী! আল্লাহকে ভয় করুন এবং আমাদেরকে হালাল ও পবিত্র রিযিক ছাড়া হারাম কোন কিছু খাওয়াবেন না। যদি আপনি আমাদের জন্য সামান্য কিছু আনেন, তবে আমরা তাতেই তুষ্ট থাকব। আর যদি কোনদিন কিছুই না পান, তবে আমরা চরকায় সূতা কেটে আপনাকে সাহায্য করব, তবুও হারামের দিকে পা বাড়াবেন না’।[1]

শিক্ষা :

  • স্বামী-স্ত্রী একে অপরের আচরণের মাধ্যমে প্রভাবিত হন।
  • একজন স্ত্রী তার স্বামীকে জান্নাতের পথে এগিয়ে নিতে পারেন, আবার পার্থিব লোভের অন্ধ গলিতেও ঠেলে দিতে পারেন।
  • স্বামীর উপার্জন হালাল বা হারাম হওয়ার ক্ষেত্রে অনেক সময় স্ত্রীর মানসিকতা ও চাহিদার বড় ভূমিকা থাকে। সালাফদের যুগের এই ঘটনাটি আমাদেরকে সেই বাস্তবতাই স্মরণ করিয়ে দেয়।
  • একজন নেককার স্ত্রী শুধু স্বামীর ঘরই আগলে রাখেন না; তিনি স্বামীর দ্বীন, তাক্বওয়া ও আখেরাতকেও সুরক্ষিত রাখতে সহায়তা করেন। তাই জীবনসঙ্গীর সৌন্দর্য, সম্পদ বা বংশের চেয়ে তার ঈমান, তাক্বওয়া ও অল্পেতুষ্ট থাকার গুণ অত্যধিক মূল্যবান।
  • নেককার ও অল্পেতুষ্ট স্ত্রী একজন পুরুষের জীবনে আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নে’মত। তাই জীবনসঙ্গী নির্বাচনে অবশ্যই দ্বীনদারীতাকে প্রাধান্য দেওয়া আবশ্যক। রাসূলুল্লাহ (ছাঃ) যেখানে সাধারণ বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও তাক্বওয়াকে গুরুত্ব দিতে বলেছেন, সেখানে সারা জীবনের নিত্যসঙ্গী নির্বাচনে তাক্বওয়াকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে আরও বেশী সচেতন হওয়া উচিত। কারণ মানুষ ভালো-মন্দ উভয় দিক থেকে তার বন্ধুর মাধ্যমে প্রভাবিত হয়।

মহান আল্লাহ আমাদের প্রতিটি পরিবারকে সালাফদের মত অল্পেতুষ্ট ও তাক্বওয়াপূর্ণ জীবন গঠনের তাওফীক্ব দান করুন। দুনিয়ার লোভ-লালসার নাগপাশ থেকে আমাদের মুক্ত করুন এবং হালাল রিযিকের স্নিগ্ধ ধারায় আমাদের জীবনকে সিক্ত করুন। আমাদেরকে এমন জীবনসঙ্গী দান করুন, যারা একে অপরকে দুনিয়ার লোভের দিকে নয়; বরং হালাল রিযিক, তাক্বওয়া, ঈমান-আমল ও জান্নাতের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। মহান আল্লাহ আমাদের সহায় হৌন- আমীন!

[1]. আবূ বকর আহমাদ ইবনু মারওয়ান আদ-দীনাওয়ারী (মৃ.৩৩৩ হি./৯৪৫ খ্রি.), আল-মুজালাসাতু ওয়া জাওয়াহিরুল ইলম, তাহকীক্ব : মাশহূর ইবনে হাসান আলে সালমান (বৈরূত : জামঈয়াতুত তারবিয়াতিল ইসলামিইয়াহ, ১ম সংস্করণ, ১৪১৯ হি./১৯৯৮ খ্রি.), ৫/২৫১।






বিষয়সমূহ: বিবিধ
আইনে জালূত যুদ্ধ : তাতারদের বিজয়াভিযানের পরিসমাপ্তি - মুহাম্মাদ আব্দুর রহীম
খলীফা হারূণুর রশীদের নিকটে প্রেরিত ইমাম মালেক (রহঃ)-এর ঐতিহাসিক চিঠি (শেষ কিস্তি) - ইহসান ইলাহী যহীর
আব্দুল্লাহ ইবনুল মুবারক-এর গোপন আমল - ড. আহমাদ আব্দুল্লাহ নাজীব
দিলালপুর : আহলেহাদীছ আন্দোলনের অন্যতম কেন্দ্র - এডভোকেট জারজিস আহমাদ
খলীফা হারূনুর রশীদের নিকটে প্রেরিত ইমাম মালেক (রহঃ)-এর ঐতিহাসিক চিঠি - ইহসান ইলাহী যহীর
ধৈর্যের অনন্য দৃষ্টান্ত - আবু রাযিয়া, নিয়ামতপুর, নওগাঁ
তাতারদরে আদ্যোপান্ত - মুহাম্মাদ আব্দুর রহীম
স্ত্রী নির্বাচনে নিয়তের গুরুত্ব - আব্দুত তাওয়াব
দরিদ্র পরহেযগার ছেলের সাথে মেয়েকে বিয়ে দিলেন সাঈদ ইবনু মুসাইয়েব - মুহাম্মাদ আব্দুর রহীম
বিরোধীদের প্রতি ইমাম ইবনু তায়মিয়া (রহঃ)-এর ক্ষমাসুন্দর আচরণ - ড. আহমাদ আব্দুল্লাহ নাজীব
মহামারী থেকে আত্মরক্ষায় বিদ‘আতী আমলের পরিণতি - মুহাম্মাদ আব্দুর রহীম
তাতারদের আদ্যোপান্ত (শেষ কিস্তি) - মুহাম্মাদ আব্দুর রহীম
আরও
আরও
.