ভোরের আযানে ভেঙে যায় ঘুমঘোর,
পূর্বের আকাশে রাঙা হয় ভোর।
স্নিগ্ধ হাওয়ায় দুলে ওঠে তরুলতা,
পাতায় ফুলে জেগে ওঠে সজিবতা।
মক্তবে যায় যত গাঁয়ের ছেলেরা,
কুরআনের আলোতে মন হয় ঘেরা।
আয়াতে আয়াতে ওঠে মধুর সে সুর,
মুছে দেয় সব ব্যথা, করে দেয় দূর।
মাঠভরা ধানগুলো হাওয়াতে দোলে,
কৃষকের মন যেন আনন্দে ভোলে।
রহমান মহীয়ান আল্লাহ মহান,
তাঁরই দয়াতে বাঁচি মোরা সব প্রাণ।
গাঁয়ের পাশ ধরে বয়ে যায় নদী,
রহমত ঝরে যেন সদা নিরবধি।
সূর্য ডোবে গাঁয়ে নদীর ওপারে,
আযানের ধ্বনি যেন ভাসে বারেবারে।
মসজিদে ছুটে যায় গাঁয়ের সব লোক,
ভাগ করে নেয় সব সুখ কিবা শোক।
মায়া মমতায় ঘেরা মোর এই গ্রাম,
সবার ঠোঁটেতে সদা আল্লাহর নাম।
ঈমানী আলোয় সব উজ্জ্বল মন,
গ্রামটা যেন মোদের শান্তির ধন।
-আব্দুর রহমান, নওগাঁ।