হজ্জের ডাক শুনিয়া ছুটেছে কা‘বার পানে,

‘লাববাইক আল্লাহুম্মা’র সুর বাজিছে আসমানে।

একই মিলনের মহিমায় একাকার আজ জাতি,

তুরস্ক, চীন, আরব-বেদুঈন, সবাই সবার সাথী।

নেই কোন ভেদ আমীর-ফকীরে, চূর্ণ অহংকার,

সাদা ইহরামে সেজেছে সবাই, খুলেছে প্রেমের দ্বার।

সুলতান আর ভিখারি দাঁড়িয়ে একই কাতারে আজ,

মাথায় মুকুট নেই কারো, ধূলায় লুটেছে তাজ।

আরাফার মাঠে কান্নার রোল, রহম সেথায় ঝরে,

পাপের পাহাড় ধুয়ে মুছে বান্দা সিজদা করে।

একই ক্বিবলায় নত লাখো শির, এক আল্লাহর ধ্যানে,

বিশ্ব-মুসলিম গেঁথেছে হৃদয় মিলনের আহবানে।

বাদশাহ আর কেনা-গোলামের নেই কোন ব্যবধান,

সকলের মুখে এক কালেমা, এক কুরআনের গান।

নিবিড় প্রেমের আলিঙ্গনে ভুলেছে আপন-পর,

কা‘বার ছায়ায় নিখিল বিশ্ব এক মিলনের ঘর।

ছাফা-মারওয়া পাহাড়ের মাঝে বুকে ঈমানের জোশ,

শয়তানে আজ মারিয়া পাথর ঘুচায় মনের রোষ।

কুরবানী দিয়ে পশুর সাথেতে কাটে নিজ পশু-মন,

মুসলিম আজ নিখিল ধরায় এক আত্মা, একজন!

ফিরে যাবে যবে নিজ নিজ দেশে বুকে নিয়ে এই স্মৃতি,

দিকে দিকে তারা গাইবে আবার সাম্য-প্রেমের গীতি।

ইসলাম মানে সাম্যের বাণী, নেই ছোট-বড় কেউ,

মুসলিম উম্মাহ এক সাগরের লাখো মিলনের ঢেউ!

-মিছবাহুল হক

 গোদাগাড়ী, রাজশাহী।







আরও
আরও
.