স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের শিক্ষাব্যবস্থা আজও একটি সুস্পষ্ট লক্ষ্য ও স্থায়ী আদর্শের সন্ধান পায়নি। প্রতিনিয়ত শিক্ষাক্রম বদলাচ্ছে, বই বাড়ছে, নতুন নতুন পদ্ধতি চালু হচ্ছে; কিন্তু শিক্ষার্থীরা প্রকৃত জ্ঞান, নৈতিকতা ও জীবনঘনিষ্ঠ দক্ষতার দিক থেকে কেবল পিছিয়েই যাচ্ছে। বইয়ের বোঝা বাড়ছে, পরীক্ষার চাপ বাড়ছে, শিক্ষার্থী ও শিক্ষক সবাই মহা সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। ৫ই আগস্ট ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ নিয়ে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছিল, তার প্রতিফলন শিক্ষাক্ষেত্রে কিছুটা হ’লেও ঘটবে বলে আমরা আশা করেছিলাম। কিন্তু সেই প্রত্যাশা ক্রমেই হতাশায় পরিণত হয়ে বুদবুদের মতো হারিয়ে যেতে চলেছে।
দেশ স্বাধীনের পর প্রথম কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন রিপোর্ট ১৯৭৪ সালে বের হয়; যেখানে ১ম শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাতিল, কিন্তু নাচ-গানের মত বিষয়গুলোকে বাধ্যতামূলক করার প্রস্তার করা হয়। যাতে নাকি ধ্বংসোন্মুখ পাশ্চাত্য সভ্যতার ন্যায় আমাদের দেশের সরল-সিধা তরুণ-কিশোর ও যুবসমাজের নৈতিক চরিত্র ভোগ-লিপ্সার ফেনিল স্রোতে ধ্বসে পড়ে। আমরা এর বিরুদ্ধে লিখেছিলাম, ‘আকাংখিত শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা কমিশন রিপোর্ট’ (ঢাকা, সাপ্তাহিক আরাফাত, ১৮/২৩ সংখ্যা, ১৬ই ফেব্রুয়ারী ১৯৭৬ ইং, ২ ও ৭ পৃ.)। এরপর লিখেছিলাম ‘ইসলামী শিক্ষার বিকাশ চাই’ (সম্পাদকীয়, মাসিক আত-তাহরীক, ২/১১ সংখ্যা আগস্ট ১৯৯৯)। এরপর আমাদের সম্পাদিত ‘ইসলামী শিক্ষা নিয়ে কিছু কথা’ (আগস্ট ২০০২); এরপর ‘শিক্ষা ব্যবস্থায় ধস : কিছু পরামর্শ’ (১৫টি; ফেব্রুয়ারী ২০০৪); উক্ত বিষয়ে কুষ্টিয়ায় সেমিনার (এপ্রিল ২০০৪; দ্র. ‘শিক্ষা ব্যবস্থা : প্রস্তাবনা সমূহ’ বই)। এছাড়া উক্ত বিষয়ে ২৫শে জুলাই ২০০৪ সালে বায়তুল হিকমাহ, মগবাজার, ঢাকায় সেমিনারে ভাষণ। এছাড়া ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর প্রতিটি বার্ষিক তাবলীগী ইজতেমায় আমরা সরকারের নিকট ইসলামী শিক্ষা ব্যবস্থার দাবীতে প্রস্তাব পেশ করে থাকি। কিন্তু কোন সরকারেরই টনক নড়ানো যায় নি।
সেই ৭৪ সাল থেকে অদ্যবধি বহু শিক্ষা কমিশন ও কমিটি গঠিত হয়েছে। সরকার বদলেছে, নতুন শিক্ষানীতি এসেছে, আবার শিক্ষাক্রম বদলেছে, পরীক্ষা চালু হয়েছে, আবার বাতিলও হয়েছে। পিইসিই ও জেএসসি, সৃজনশীল পদ্ধতি, ২০২৩ সালের নতুন শিক্ষাক্রম এবং নবম শ্রেণিতে বিভাগ বিভাজন তুলে দেওয়া ও ফিরিয়ে আনা-সব মিলিয়ে শিক্ষার্থীরা যেন নীতিনির্ধারকদের পরীক্ষা-নিরীক্ষার শিকারে পরিণত হয়েছে। এই চক্র আজও থামেনি। ২০২৫ শিক্ষাবর্ষে ৪৪১টি পাঠ্যবই বদলেছে। ২০২৬-এ মাধ্যমিকের ৯৯টি বই বদলেছে এবং প্রাথমিকের আরও ৩৬টির কাজ নেওয়া হয়েছে। এভাবেই ক্ষমতার পরিবর্তনের সঙ্গে আমূল বদলে যায় আমাদের ইতিহাস, সংস্কৃতি, পাঠ্যবই, শিক্ষাপদ্ধতি। এই অস্থিতিশীল পরিবর্তনের শেষ কোথায়?
এর চেয়েও গভীর সংকট হ’ল শিক্ষার উদ্দেশ্য ও আদর্শিক ভিত্তির অনুপস্থিতি। আমরা শিক্ষার্থীদের কী শেখাচ্ছি, কেন শেখাচ্ছি এবং শিক্ষা শেষে তাদের কেমন মানুষ হিসাবে দেখতে চাই, এ মৌলিক প্রশ্নের উত্তর আজও সুস্পষ্ট নয়। শিক্ষার্থীরা ডাক্তার, প্রকৌশলী, প্রশাসক, শিক্ষক বা ব্যবসায়ী হবে, এটি তাদের পেশাগত পরিচয়। কিন্তু তারা সৎ হবে, আল্লাহভীরু হবে, মানুষের অধিকার রক্ষা করবে, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে, জ্ঞান ও দক্ষতা মানবকল্যাণে ব্যবহার করবে, এসব প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব শিক্ষাব্যবস্থার। শুধু তথাকথিত ‘দক্ষ জনশক্তি’ তৈরি করলেই চলে না। নৈতিকতা ও আল্লাহভীতি ছাড়া জ্ঞান কখনো উপকারে আসে না, বরং ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। উচ্চশিক্ষিত মানুষ যদি যথেচ্ছ দুর্নীতি করে, দক্ষ মানুষই যদি সীমাহীন প্রতারণায় জড়ায়, তাহ’লে সে শিক্ষাব্যবস্থার স্বার্থকতা কোথায়?
বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশের মানুষের বিশ্বাস, সংস্কৃতি ও ঐতিহাসিক পরিচয়ের সঙ্গে ইসলাম গভীরভাবে সংযুক্ত। স্বাভাবিকভাবেই শিক্ষার মূল দর্শনে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধের সুস্পষ্ট প্রতিফলন থাকা উচিত। অথচ ধর্মকে এই শিক্ষা ব্যবস্থায় কেবল একটি নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে, যেন জীবনের অন্যান্য ক্ষেত্রের সঙ্গে তার কোন সম্পর্ক নেই। ইসলাম ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থনীতি ও রাজনীতি, সর্বক্ষেত্রে নৈতিক দিক-নির্দেশনা দেয়। একজন মুসলিম শিক্ষার্থী বিজ্ঞান পড়বে, প্রযুক্তি শিখবে, ইতিহাস ও অর্থনীতি বুঝবে, আন্তর্জাতিক সম্পর্ক জানবে; মিডিয়ার উত্তম ব্যবহার শিখবে, জ্ঞান-বিজ্ঞান গবেষণার মাধ্যমে আল্লাহর অফুরন্ত নে‘মত আহরণ করবে। পাশাপাশি আল্লাহর দাস হিসাবে নিজের পরিচয়, জীবনের উদ্দেশ্য ও আখেরাতে মুক্তির পথ সম্পর্কে জানবে। এটাই তার শিক্ষার স্বাভাবিক ভিত্তি। আল্লাহ বলেন, তিনি জিন ও মানুষকে কেবল তাঁর ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন (যারিয়াত ৫৬)। এই ইবাদত শুধু নির্দিষ্ট কিছু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা, হালাল উপার্জন, সঠিক জ্ঞান অর্জন, সমাজের প্রতি দায়িত্ব পালন করা-সবই এর অন্তর্ভুক্ত। শিক্ষাব্যবস্থা এই মৌলিক উদ্দেশ্য সম্পর্কে সচেতন না করলে শিক্ষার্থীরা জ্ঞানার্জন করেও জীবনের প্রকৃত দিকনির্দেশনা থেকে নিশ্চিতভাবে বঞ্চিত থাকবে।
দুর্ভাগ্যজনকভাবে, আগামী বছর নতুন শিক্ষাক্রম নিয়ে আলোচনায় পশ্চিমা ধর্মনিরপেক্ষতার ধারণাকে নতুন করে জোর দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। অর্থাৎ শিক্ষার্থীদের জীবন থেকে ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধকে সরিয়ে দেওয়ার পুরনো নীতিই অব্যাহত থাকছে। ইসলামবিদ্বেষের এই ধারাবাহিকতার মধ্যেই গত ১৭ই নভেম্বর জাতীয় সংসদে ধর্মমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি যেলায় একটি করে মডেল মন্দির নির্মাণের প্রকল্প তৈরির কাজ চলছে, অনুমোদনের পর বাস্তবায়নের সময় নির্ধারিত হবে। ইসলাম অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার ও উপাসনালয় রক্ষার ব্যাপারে সুস্পষ্ট অবস্থান নেয়। কোন নাগরিক যেন নিজের ধর্ম পালনে বাধাগ্রস্ত না হয়, সেটা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু শিক্ষার লক্ষ্য যখন অস্পষ্ট, শিক্ষার বিভিন্ন স্তরে যখন আরবী ও ইসলামী শিক্ষার প্রসারে কোন কার্যকর উদ্যোগ নেই, তখন এ ধরনের প্রকল্পের ঘোষণার উদ্দেশ্য কী! সরকার এসব উদ্যোগের কারণ এবং অর্থায়নের উৎস অজানা থাকলেও উদ্দেশ্য আমাদের কাছে স্পষ্ট।
সর্বোপরি আমরা চাই, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা উদ্দেশ্যহীনতা ও আদর্শিক শূন্যতা থেকে মুক্ত হয়ে ইসলামী মূল্যবোধ, আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও দক্ষতার সমন্বয়ে একটি সুস্পষ্ট, স্থায়ী ও কল্যাণমুখী ব্যবস্থা হিসাবে গড়ে উঠুক। বইয়ের সংখ্যা বৃদ্ধি নয়, জ্ঞানের গভীরতা বৃদ্ধি; সনদের আধিক্য নয়, দক্ষতা ও চরিত্রের উৎকর্ষ এবং শিক্ষাক্রমের পরিবর্তন নয়, শিক্ষার লক্ষ্য ও মানোন্নয়নই হোক আমাদের প্রধান বিবেচ্য বিষয়। অন্যথা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার পথে এই লক্ষ্যহীনতা আরেকটি বড় ব্যর্থতা হিসাবেই ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। আল্লাহ আমাদের দেশকে এমন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার তাওফীক দান করুন, যা দুনিয়ায় কল্যাণ ও নৈতিক উৎকর্ষ এবং আখিরাতে মুক্তির জন্য মানুষকে প্রস্তুত করবে। আল্লাহ আমাদের তাওফীক দিন।-আমীন! (স.স.)।