১৬ই মে শনিবার নওদাপাড়া, রাজশাহী : ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফীকুর রহমান, এমপি ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) অদ্য সকাল পৌনে ১০টায় দারুল ইমারতে আসেন এবং সাড়ে ১০টায় বিদায় নেন। এসময় তাঁর সফরসঙ্গী ছিলেন রাজশাহী-১ গোদাগাড়ী-তানোরের এমপি এবং প্রেমতলী কলেজের সাবেক অধ্যাপক মুজীবুর রহমান, চাঁপাই-১ শিবগঞ্জের এমপি ড. মাওলানা কেরামত আলী, চাঁপাই-৩ সদরের এমপি নূরুল ইসলাম বুলবুল, সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়ার এমপি রফিকুল ইসলাম এবং অন্যান্যরা।
সৌজন্য বৈঠকে ডা. শফীকুর রহমান সমাজ সংস্কার, বিশুদ্ধ ইসলামী দাওয়াত ও আদর্শিক নেতৃত্বে মুহতারাম আমীরে জামা‘আতের দীর্ঘদিনের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি ২০০৫ সালে অন্যায়ভাবে আমীরে জামা‘আতের কারাভোগের প্রসঙ্গ উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন। তার দল সে সময় এ ব্যাপারে যথাযথ প্রতিকারমূলক ভূমিকা গ্রহণ করতে না পারাকে তাদের তৎকালীন নেতৃবৃন্দের ‘সাংগঠনিক ব্যর্থতা’ হিসাবে উল্লেখ করেন এবং বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।
তিনি দেশের একজন প্রবীণ ইসলামী ব্যক্তিত্ব ও মুরববী হিসাবে আমীরে জামা‘আতের নিকট দো‘আ, দিকনির্দেশনা ও পরামর্শ কামনা করেন। পাশাপাশি তিনি অনুরোধ করেন যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন ভুল করলে তিনি যেন তা দ্বিধাহীনচিত্তে এবং প্রয়োজনে চাবুক মেরে সংশোধন করে দেন।
এসময় মুহতারাম আমীরে জামা‘আত ডা. শফিকুর রহমানকে জেলখানায় রচিত ‘সীরাতুর রাসূল (ছাঃ)’, আম্মাপারার তাফসীর, নবীদের কাহিনী-১ ও ২সহ কয়েকটি গ্রন্থ হাদিয়া দেন। সাথে সাথে অন্য এমপিদেরকেও দেন। তিনি মতবিনিময়কালে স্পষ্টভাবে বলেন যে, প্রচলিত তাগূতী গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণ করে কখনই ইসলামী বিধান প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি তাদেরকে এই রাজনীতি পরিত্যাগ করে জনগণকে সঠিক ইসলামের পথে পরিচালনার আহবান জানান।
উল্লেখ্য যে, ইতিপূর্বে ৩রা জুলাই’২৫ উক্ত সংগঠনের নায়েবে আমীর অধ্যাপক মুজীবুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় ৫ নেতা ও ২৫ জন অন্যান্য দায়িত্বশীল দারুল ইমারতে এসে আমীরে জামা‘আতের সাথে সাক্ষাৎ করেন (দ্র. আত-তাহরীক আগস্ট ২০২৫ সংখ্যা)।