৩রা মার্চ মঙ্গলবার, ঢাকা : অদ্য বাদ আছর ঢাকা জাতীয় প্রেস ক্লাবের যহূর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’ ও ‘হাদীছ ফাউন্ডেশন অনলাইন একাডেমী’র যৌথ উদ্যোগে সীরাত সেমিনার ও সীরাত বিষয়ক অনলাইন কোর্সের দ্বিতীয় ব্যাচের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোড’র্-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়-এর সহযোগী অধ্যাপক ড. ইমাম হোসাইন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড-এর কারিকুলাম বিশেষজ্ঞ ড. মুহাম্মাদ হেদায়াতুল্লাহ, শিক্ষা বোর্ডের সচিব শামসুল আলম ও প্রধান পরিদর্শক ড. মুহাম্মদ কাবীরুল ইসলাম, ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আহসান, বিশিষ্ট আইনজীবী ড. রফীকুল ইসলাম মেহেদী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মুঈনুদ্দীন ও সীরাত কোর্সের শিক্ষক আব্দুন নূর প্রমুখ।
অনুষ্ঠানে হাদীছ ফাউন্ডেশন অনলাইন একাডেমীর সীরাত বিষয়ক অনলাইন কোর্সের দ্বিতীয় ব্যাচের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের মধ্যে ১ম স্থান অধিকার করেন মুহাম্মাদ খায়রুল ইসলাম (নাটোর), ২য় স্থান শাকিলা জান্নাতী (সিরাজগঞ্জ) এবং ৩য় স্থান অধিকার করেন ডা. মুহাম্মাদ আকরামুযযামান সোহাগ (বগুড়া)। তারা পুরস্কার হিসাবে ওমরাহ পালনের সুযোগ লাভ করেন। এছাড়াও ১০ জনকে বিশেষ পুরস্কার হিসাবে নগদ ৫০০০ টাকা প্রদান করা হয়। তারা হ’লেন- আসাদুযযামান (সাতক্ষীরা), রিয়াযুল ইসলাম (বরিশাল) হালীমাতুস সা‘দিয়া (ঢাকা), ফারজানা ছিদ্দীকা (ঢাকা), মারূফা খাতুন (রাজশাহী), মাহমূদুল হাসান রববানী (চাঁপাই নবাবগঞ্জ), শামীম আহমাদ সবুজ (ঢাকা) সেলিনা আখতার (গাযীপুর), রাশিদুল হাসান রনি (গাইবান্ধা) ও আব্দুল মুত্তালিব (গাযীপুর)।
অনুষ্ঠানে বক্তাগণ বর্তমান প্রজন্মের নৈতিক অবক্ষয় মোকাবেলায় মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব প্রণীত মহানবী হযরত মুহাম্মাদ (ছা.)-এর জীবনী গ্রন্থ ‘সীরাতুর রাসূল (ছা.)’ জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি আহবান জানান। বক্তাগণ বলেন, এ সমৃদ্ধ পুস্তকটি স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হ’লে রাসূল (ছা.)-এর আদর্শে তরুণ সমাজ মানবিক, নৈতিক ও দায়িত্বশীল সুনাগরিক হিসাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। অনুষ্ঠান সঞ্চালক ছিলেন হাদীছ ফাউন্ডেশন অনলাইন একাডেমীর কো-অর্ডিনেটর আবু রায়হান।