বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI খুব শীঘ্রই মানুষের মস্তিষ্কের ক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে। এই অবস্থাকে বিজ্ঞানীরা বলছেন ‘সিঙগুলারিটি’। এটা এমন একটি মুহূর্ত যখন যন্ত্র মানুষের চেয়েও দ্রুত এবং নিখুঁতভাবে চিন্তা করতে সক্ষম হবে। পূর্বে বিজ্ঞানীরা মনে করতেন এই ঘটনা ২০৬০ সালের আগে ঘটবে না, কিন্তু AI-এর অভাবনীয় উন্নতির কারণে এখন অনেকেই মনে করছেন যে এটি আগামী কয়েক বছরের মধ্যেই ঘটতে পারে। গবেষণাপ্রতিষ্ঠান ‘এআইমাল্টিপল’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, প্রযুক্তিগত সিঙগুলারিটি হ’ল এমন একটি পর্যায় যখন কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং নিজেই নিজের উন্নতি ঘটাতে শুরু করবে। এর ফলে যন্ত্রের বুদ্ধিমত্তা মানুষের সম্মিলিত জ্ঞানকে অতিক্রম করে যাবে।
এই বিষয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ থাকলেও, অ্যানথ্রপিক-এর সিইও দারিও আমোদি-র মতে, ২০২৬ সালের মধ্যেই সিঙগুলারিটি ঘটতে পারে। তখন AI নোবেল বিজয়ী মানুষের চেয়েও বুদ্ধিমান হবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানুষের চেয়ে ১০ থেকে ১০০ গুণ দ্রুত কাজ করবে।
জেনারেটিভ AI-এর দ্রুত অগ্রগতি এই পূর্বাভাসকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে। বর্তমানে শীর্ষ AI মডেলগুলোর সক্ষমতা প্রতি সাত মাসে দ্বিগুণ হচ্ছে। এই ধারা চলতে থাকলে, যন্ত্রের ‘বুদ্ধিমত্তার বিস্ফোরণ’ ঘটার আশঙ্কা অমূলক নয়।