স্থায়ী দাঁত পড়ে গেলে সাধারণত কৃত্রিম দাঁত বা ডেন্টাল ইমপ্ল্যান্টের ওপর নির্ভর করতে হয়। তবে দাঁত হারানোর এই চিকিৎসায় নতুন সম্ভাবনা জাগিয়েছেন জাপানের একদল গবেষক। তাঁরা ‘টিআরজি০৩৫’ নামের এমন একটি পরীক্ষামূলক ওষুধ নিয়ে কাজ করছেন, যা মানুষের শরীরে প্রাকৃতিকভাবে নতুন দাঁত গজাতে সাহায্য করবে। গবেষকদের মতে, এই ওষুধটি মূলত ‘ইউএসএজি-১’ নামের একটি প্রোটিনের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার মাধ্যমে শরীরে নতুন দাঁত গজানোর প্রক্রিয়াকে সক্রিয় করে তোলে। ইতিপূর্বে প্রাণীর ওপর পরিচালিত গবেষণায় সফলতা পাওয়ার পর বর্তমানে মানবদেহে এর নিরাপত্তা ও কার্যকারিতা যাচাইয়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত ফলাফল ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর ভিত্তি করে ২০৩০ সালের মধ্যে যুগান্তকারী এই চিকিৎসাপদ্ধতিটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হ’তে পারে। গবেষণাটি সফল হ’লে কৃত্রিম দাঁত বা ইমপ্ল্যান্টের ওপর নির্ভরতা কমিয়ে দন্ত চিকিৎসায় এক নতুন দিগন্তের উন্মোচন করবে।