মন থেকে মুছে ফেল সকল সংশয়,

যদি হ’তে চাও তুমি সেরা একজন;

ভয়-ভীতি মাড়ানোর সাহসটা চাই-

কঠোর ও দৃঢ় মন খুব প্রয়োজন।

এই পথে কেউ কারো সহযোগী নয়,

সহজেই মেনে নিতে চাইবে না কেউ;

চারপাশ থেকে শুধু ধেয়ে আসবেই-

শত শত বাধা আর বিভীষিকা-ঢেউ।

মনে রেখো চিরদিন এই পৃথিবীতে,

কেউ তোমায় দেবে না তো জায়গা করে;

বুকে নিয়ে হাযারও আঘাতের কাঁটা-

নিজেকেই নিতে হবে নিজ হাতে গড়ে।

বুকে আজ বেঁধে নাও দৃঢ়তার দানা,

মন থেকে পণ করো বড় যে হওয়ার;

ভুল থেকে শিখে নিয়ে গুটি গুটি পায়ে-

বিজয়ের রথে তুমি হও আজ সওয়ার।

-সামীউল ইসলাম, নীলফামারী।








আরও
আরও
.