রোবট প্রযুক্তিতে চীনের অভাবনীয় অগ্রগতির এক নতুন নিদর্শন হিসাবে জেজিয়াং প্রদেশের হাংঝৌ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রথমবারের মতো ১৫টি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মানবসদৃশ রোবট ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। চাকাযুক্ত প্যাটফর্মের উপর দাঁড়ানো এবং উজ্জ্বল ইউনিফর্ম পরিহিত এই রোবটগুলো সত্যিকারের পুলিশের মতোই নিখুঁত অঙ্গভঙ্গিতে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরা পর্যটকদের পথ দেখানো, নিয়ম ভঙ্গকারীদের সতর্ক করা এবং যান চলাচল নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করছে। সবচেয়ে নিবেদিত মানব ট্রাফিক পুলিশের পক্ষেও এসব কাজ টানা আট ঘণ্টা ধরে করে যাওয়া অত্যন্ত কঠিন। রোদ-বৃষ্টি বা দূষণের মাঝেও দীর্ঘক্ষণ ক্লান্তিহীনভাবে কাজ করতে পারা এই রোবটগুলোকে মানব পুলিশরাও আনন্দের সাথেই তাদের নতুন সহকর্মী হিসাবে গ্রহণ করেছেন।