কয়েক শতাব্দীর বৈজ্ঞানিক ধারণাকে বাস্তবে রূপ দিয়ে প্রথমবারের মতো উদ্ভিদের শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেইনের গবেষকরা। ‘স্টোমাটা ইন-সাইট’ নামক প্রযুক্তির সহায়তায় উচ্চ রেজল্যুশনের মাইক্রোস্কোপ ও উন্নত মেশিন-লার্নিং সফটওয়্যার ব্যবহার করে তারা পাতার ক্ষুদ্র ছিদ্র বা স্টোমাটার কার্যপ্রণালি ভিডিওতে ধারণ করতে সক্ষম হয়েছেন। এই অভাবনীয় উদ্ভাবনের ফলে এখন কোষীয় স্তরে সরাসরি দেখা সম্ভব হচ্ছে যে, কিভাবে উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং একই সাথে প্রস্বেদনের মাধ্যমে জলীয় বাষ্পের ভারসাম্য বজায় রাখে। বিজ্ঞানীরা এখন নিখুঁতভাবে শনাক্ত করতে পারছেন ঠিক কোন মুহূর্তে এবং কেন একটি গাছ তার ‘মুখ’ বন্ধ করে দেয়। যা ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় খরা-সহনশীল ও অধিক উৎপাদনশীল ফসলের জাত উদ্ভাবনে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোতে যেখানে লবণাক্ততা বা খরার কারণে প্রায়ই ফসল উৎপাদন ব্যাহত হয়, সেখানে এই প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবিত উন্নত বীজ কৃষি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।