উত্তর : জমহূর বিদ্বানের মতে, প্রতি রাক‘আতে দু’টি সিজদাই ছালাতের রুকন। অতএব কেউ ইচ্ছাকৃতভাবে একটি সিজদা ছেড়ে দিলে তার ছালাত বাতিল হবে। আর ভুলে একটি সিজদা বাদ পড়লে শুধু সহো সিজদা দিলেই যথেষ্ট হবে না; বাদ পড়া সিজদা বা তার পরিবর্তে প্রয়োজনীয় রাক‘আত আদায় করতে হবে। এক্ষণে যদি বৈঠকের মধ্যেই সন্দেহ হয় যে একটি সিজদা করেছেন, নাকি দু’টি, তাহ’লে যেটি কম সেটি ধরে আরেকটি সিজদা করতে হবে। এরপর ছালাতের শেষে সহো সিজদা দিতে হবে (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১১/৩০)। কিন্তু সিজদা বাদ পড়ার বিষয়টি যদি দাঁড়িয়ে যাওয়ার পর মনে হয় তাহ’লে উক্ত রাক‘আত বাতিল মনে করে অতিরিক্ত এক রাক‘আত ছালাত আদায় করে সহো সিজদা দিবে (ওছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৩/৩৮৪)। কারণ রাসূল (ছাঃ) বলেন, ‘তোমাদের কেউ ছালাতের মধ্যে সন্দেহে পড়ে গেলে সে তিন রাক‘আত পড়েছে, নাকি চার রাক‘আত, তা নিশ্চিতভাবে মনে করতে না পারলে সে যে সংখ্যাটি নিশ্চিতভাবে পড়েছে, সেটি ধরে ছালাত পূর্ণ করবে। এরপর সালাম ফেরানোর আগে দু’টি সহো সিজদা করবে’ (মুসলিম হা/৫৭১; মিশকাত হা/১০১১৫)। উল্লেখ্য যে, ছালাত শেষ হয়ে যাওয়ার পরে সিজদা নিয়ে কেবল সন্দেহ হ’লে সেটা ধর্তব্য হবে না। তবে একটি সিজদা হওয়ার বিষয়টি নিশ্চিত হ’লে পুনরায় ছালাত আদায় করতে হবে।
প্রশ্নকারী : রাসেল ইসলাম, রাজশাহী।