উত্তর : তামাকজাত দ্রব্য পুরোপুরি হারাম; স্রেফ মাকরূহ নয়। কারণ এগুলো স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর এবং মানুষকে তিলে তিলে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আল্লাহ বলেন, ‘তিনি তাদের জন্য পবিত্র ও উত্তম বস্ত্তসমূহ হালাল করেন এবং অপবিত্র ও ক্ষতিকর বস্ত্তসমূহ হারাম করেন’ (আ‘রাফ ৭/১৫৭)। তিনি আরও বলেন, ‘আর তোমরা নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না’ (বাক্বারাহ ২/১৯৫)। রাসূল (ছাঃ) বলেন, ‘ক্ষতিগ্রস্থ হয়ো না এবং ক্ষতি করো না’ (ইবনু মাজাহ হা/২৩৪০; ইরওয়া হা/৮৯৬)। শায়েখ বিন বায (রহঃ) বলেন, শরী‘আতের দলীলসমূহ প্রমাণ করে যে, ধূমপান করা হারাম। কারণ এতে অপবিত্রতা ও বহুবিধ ক্ষতিকর বিষয় রয়েছে’ (মাজমূ‘ ফাতাওয়া ৮/৯৮, ১২/১২৪, ২৩/৪৪)। শায়েখ ওছায়মীন বলেন, হারাম হওয়ার সাধারণ প্রমাণসমূহের ভিত্তিতে ধূমপান হারাম’ (লিক্বাউল বাবিল মাফতূহ ৫৪/১১১)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ রাইদ, মান্দা, নওগাঁ।