জ্বর ও ব্যথানাশক হিসাবে জনপ্রিয় প্যারাসিটামল এখন প্লাস্টিক বর্জ্য থেকেও তৈরি করা সম্ভব। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর স্টিফেন ওয়ালেসের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় ‘ই. কোলাই’ ব্যাকটেরিয়াকে জিনগতভাবে পরিবর্তন করে এমন একটি অভিনব পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে, যার মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে প্লাস্টিক অণু হযম করিয়ে প্যারাসিটামল উৎপাদন করা যায়। জৈবপ্রযুক্তির ইতিহাসে ‘ই. কোলাই’-এর গুরুত্ব অপরিসীম। ১৮৮৫ সালে থিওডোর এসচেরিচ কর্তৃক আবিষ্কারের পর থেকে এটি ১৯৪০-এর দশকে জেনেটিক গবেষণার ভিত্তি স্থাপন করে এবং ১৯৭৮ সালে প্রাণিজ উৎসের বদলে প্রথম কৃত্রিম মানব ইনসুলিন তৈরিতে ব্যবহৃত হয়ে চিকিৎসা বিজ্ঞানে বৈপ্লবিক ভূমিকা রেখেছিল। এর আগেও প্রফেসর ওয়ালেস এই ব্যাকটেরিয়া ব্যবহার করে প্লাস্টিক থেকে ভ্যানিলা এবং নর্দমার বর্জ্য থেকে সুগন্ধি তৈরির মতো অবিশ্বাস্য কাজ করেছেন। নতুন এই পদ্ধতি প্লাস্টিক দূষণ এবং ওষুধ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।