উত্তর : স্বামী মারা গেলে স্ত্রী বৃদ্ধা বা বয়স্কা হ’লেও তাকে ৪ মাস ১০ দিন ইদ্দত পালন করতে হবে। আর গর্ভবতী হ’লে তাকে বাচ্চা জন্মদান পর্যন্ত ইদ্দত পালন করতে হবে (তালাক ৬৫/৪)। আল্লাহ বলেন, ‘তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে এবং স্ত্রী রেখে যায়, তাদের স্ত্রীরা নিজেদেরকে চার মাস দশ দিন অপেক্ষায় রাখবে’ (বাক্বারাহ ২/২৩৪)। এ বিধান যুবতী-বৃদ্ধা সবার জন্যই প্রযোজ্য। রাসূল (ছাঃ) বলেন, ‘আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে এমন কোন নারীর জন্য কোন মৃত ব্যক্তির ওপর তিন দিনের বেশী শোক পালন করা বৈধ নয়। তবে স্বামীর ক্ষেত্রে ব্যতিক্রম। সে চার মাস দশ দিন শোক পালন করবে’ (বুখারী হা/১২৮০; মুসলিম হা/১৪৮৬)। ইবনু কুদামাহ (রহঃ) বলেন, বিদ্বানগণ এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন যে, কোন স্বাধীন মুসলিম নারী গর্ভবতী না হ’লে তার স্বামী মৃত্যুবরণ করার পর তার ইদ্দতের মেয়াদ চার মাস দশ দিন। স্বামী তার সঙ্গে দাম্পত্য সম্পর্ক স্থাপন করে থাকুক বা না থাকুক উভয় ক্ষেত্রেই একই বিধান। আর নারী প্রাপ্তবয়স্ক ও বৃদ্ধা হোক কিংবা এমন অপ্রাপ্তবয়স্কা হোক, যে এখনও বালেগা হয়নি, সবার ক্ষেত্রেই একই বিধান প্রযোজ্য’ (মুগনী ৮/১১৫)।
প্রশ্নকারী : আব্দুস সালাম, চারঘাট, রাজশাহী।